17/07/2021
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হাদীসে এসেছে, একসময় দুনিয়ার বুক থেকে ইলম উঠিয়ে নেওয়া হবে ক্রমান্বয়ে আলিমদের মৃত্যুর মাধ্যমে।
অত্যন্ত দুঃখজনক সংবাদ যে, বর্তমান বিশ্বের বিশিষ্ট আলেমে দ্বীন, শাইখ মুফতি ইব্রাহীম দেসাই গত ১৫ জুলাই ইন্তেকাল করেছেন। তিনি বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন ও হাসপাতালে ভর্তি ছিলেন। এমনকি তাঁকে ভেন্টিলেটরেও তোলা হয়েছিলো। মাত্র ৫৮ বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন।
কে ছিলেন মুফতি ইব্রাহীম দেসাই?
যারা বর্তমান বিশ্বের বিশিষ্ট উলেমায়ে কিরামগণ সম্পর্কে অল্প-বিস্তর ওয়াকিবহাল আশা করি তারা এক বাক্যেই মুফতি ইব্রাহীম দেসাইকে চিনতে পারবেন। তবু যারা জানেন না, তাদের জন্য মুফতি ইব্রাহীম দেসাই সম্পর্কে দু-একটা কথা বলি।
শ্রদ্ধেয় শাইখ একজন বিশেষজ্ঞ মুফতি ও ফকীহ ছিলেন। তিনি সাউথ আফ্রিকার ডারবানের বাসিন্দা। ছোটবেলায় হিফজ ও প্রাথমিক ইলম তিনি সাউথ আফ্রিকাতেই হাসিল করেন। এরপর তিনি গুজরাটের ধাবেলের জামিয়া ইসলামিয়া থেকে ৭ বছর আলিম কোর্স, তারপর ২ বছর ইফতা কোর্স সম্পূর্ণ করেন। এরপর তিনি বিখ্যাত শাইখ মাহমুদ হাসান গাংগোহি (রাহ)-এর অধীনেও ২ বছর নাগাদ ইলম চর্চা করেন।
ইলম হাসিল সম্পূর্ণ করে তিনি পুনরায় সাউথ আফ্রিকা ফিরে যান। এবং জীবনের বাকি সময় সেখানেই দ্বীনী ইলম বিতরণের কাজ চালিয়ে যান। তিনি সাউথ আফ্রিকার বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন সময়ে ফিকহ, উসূলুল ফিকহ, তাফসীর, হাদিস ইত্যাদি বিষয়ের উপর শিক্ষাদান করেন। শাইখ হাদিস বিভাগে সিনিয়র লেকচারার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বিগত ২০ বছর ধরে বুখারী শরীফের ওপর দারস দিয়ে আসছিলেন। সেইসাথে তিনি ইসলামী অর্থনীতিতেও ছিলেন বিশেষজ্ঞ।
ইংরেজী ভাষায় সবচাইতে পুরোনো অনলাইন ফতওয়া সাইটগুলোর একটি askimam.org এর প্রতিষ্ঠাতা তিনি। তিনি নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ইসলামিক প্রশ্নোত্তর বিষয়ক এই ওয়েবসাইটটি চালু করেছিলেন, যে সময়ে এই ধরনের তেমন কোনো অনলাইন পরিষেবা উপলব্ধ ছিলো না। সেই সময়ে বিশ্বজুড়ে হাজার হাজার মুসলিম এই askimam ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়া ও উত্তরগুলোর উপর নির্ভর করতেন। এবং বর্তমানে বিশ্বের প্রায় ১২৩ টি দেশে মুসলিম উম্মাহ এই ওয়েবসাইট থেকে উপকৃত হচ্ছেন। যেখানে এতোদিন যাবত প্রায় ৪০ হাজার মাসআলার উপর ফতওয়া দেওয়া হয়েছে।
পরবর্তীতে শাইখ সাউথ আফ্রিকার ডারবানে “দারুল ইফতা মাহমুদিয়া” প্রতিষ্ঠা করেন, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এসে তাঁর অধীনে ফিকহ ও ফতওয়া বিষয়ে পড়াশোনা করেন ও প্রশিক্ষণ নেন। এই হিসাবে, তিনি হাজার হাজার শিক্ষার্থীকে এমনভাবে তৈরি করে গেছেন যে তারা এখন নিজেরাই বিশ্বের বিভিন্ন কোনায় মুফতি হিসাবে দ্বীনের খিদমত করে যাচ্ছেন।
তাঁর রচিত উল্লেখ্য দুটি কিতাব হলোঃ “Introduction to Hadīth: A general introduction to Hadīth and its sciences”, এবং “Introductions to Islamic Commerce”। আর তাঁর ফতওয়া সমূহ “Al-Mahmood” নামক কিতাবে একত্রিত করা হয়েছে।
আজ আমরা ইলমের একজন মহান ধারক ও বাহককে হারালাম, যে ঘাটতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আল্লাহ তাআলা তাঁর রূহের প্রতি অনুগ্রহ করুন, তাঁর প্রতি সন্তুষ্ট হন, আখেরাতে তাঁকে সুউচ্চ মাকাম দান করুন, এবং দ্বীনের প্রতি তাঁর সমস্ত কাজের জন্য তাকে পুরস্কৃত করুন। সেইসাথে তাঁর পরিবার ও শিক্ষার্থীদের সবর করার তাওফিক দান করুন। আমীন।
AskImam.org - Fatwas by Mf. Ebrahim Desai