02/09/2021
শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তথা বাবাজী প্রদত্ত ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আপামর ভক্ত শিষ্য এবং অনুসারীদের অবগত করা যায় যে, গত ২৯ অগাস্ট ২০২১ রবিবার বেলা ১২ ঘটিকায় চন্ডীপুর বাবাজী মন্দিরে বর্তমান গদিকর্তা শ্রী সদানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং ট্রাস্টি বোর্ডের সকল সদস্য শ্রীশ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নামে পরিচিত অধিকাংশ মন্দিরের প্রতিনিধি ও ভক্তবৃন্দ নিয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সকলের উপস্থিতিতে সভাপতিত্ব করেন বর্তমান গদিকর্তা শ্রী সদানন্দ ব্রহ্মচারী। উপস্থিত ছিলেন পরমানন্দ ব্রহ্মচারী। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সাধু গুরু বৈষ্ণবগণ।
আলোচ্য সভায় উপস্থিত সকলের মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাবাজীর কর্তৃক প্রতিষ্ঠিত ট্রাস্টির দলিল মোতাবেক পরমানন্দ ব্রহ্মচারী সকল প্রকার সেবা কার্যাদি নিয়মনিষ্ঠার সঙ্গে মেনে চলবেন। তিনি সভামধ্যে অঙ্গীকার করেন, ট্রাস্টি দলিলের বিধি বিধান অনুযায়ী সর্বদা মন্দিরের পবিত্রতা বজায় রাখার চেষ্টা করবেন। আরও বলা হয় যে তিনি বর্তমান গদিকর্তা শ্রী সদানন্দ ব্রহ্মচারী মহারাজের সঙ্গে সদাসর্বদা আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে সকল কার্যাদি সম্পাদন করতে বাধ্য থাকবেন। তারপরও যদি মত বিনিময়ে কোনওপ্রকার সমস্যার উদ্ভব হয়, তবে ট্রাস্টি বোর্ডের সম্পাদকের কাছে সমস্যার বিষয়ে জানালে তা দ্রুত থেকে অতি দ্রুত সমাধানসূত্রে উপনীত হবার চেষ্টা করা হবে। তৎসঙ্গে আমরা সকলে তাঁদের বিকাশমূলক এবং সেবাধর্মী সমস্ত কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় অঙ্গীকারবদ্ধ।
শ্রীধাম বৃন্দাবনে বাবাজীর একটি শ্রীমন্দির প্রতিষ্ঠা হোক, এটা আমাদের পরম আরাধ্য প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজী মহারাজ এবং তদোত্তরসূরি শ্রী শ্রী অদ্বৈতানন্দ ব্রহ্মচারী গোঁসাই মহারাজের অন্তিম ইচ্ছা ছিল। গুরুদেবের উক্ত ইচ্ছাকে বাস্তবায়ন করতে আমরা সকলে বদ্ধপরিকর।
তাই সকল সাধু গুরু বৈষ্ণবগণ এবং বাবাজীর শিষ্য ভক্তকুলের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা সকলে এই মহৎ কাজ সুসম্পন্ন করার জন্য সর্বতোভাবে এগিয়ে আসুন, আপনার সহযোগিতার হাত একান্ত কাম্য।
উল্লেখ্য, ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে কার্বন কপি সহ দাতা ও গ্রহীতার স্বাক্ষরস্থান সম্বলিত একটি বিল বই সকল জায়গায় পাঠানো হবে। উক্ত বিল বই নিয়ে আপনার দুয়ারে উপস্থিত হবেন বর্তমান গদিকর্তা শ্রী সদানন্দ ব্রহ্মচারী মহারাজ ও তাঁর অন্যতম সহযোগী পরমানন্দ ব্রহ্মচারী। যৌথভাবে তাঁরা বিল বই সহ সকল ভক্তবৃন্দের কাছে যাবেন।
লিখনী ও পোস্ট: প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজী ট্রাস্টি বোর্ড