28/01/2025
হরি হে!
হেন দুষ্ট কর্ম নাই, যাহা আমি করি নাই,
সহস্র সহস্রবার, হরি।
সেই সব কর্মফল, পেয়ে অবসর বল,
আমায় পিশিছে যন্ত্রোপরি ৷৷ ১ ৷৷
গতি নাহি দেখি আর, কাঁদি, হরি, অনিবার,
তোমার অগ্রেতে এবে আমি।
যা' তোমার হয় মনে দণ্ড দেও অকিঞ্চনে,
তুমি মোর দণ্ডধর স্বামী ॥ ২ ৷
ক্লেশভোগ ভাগ্যে যত, ভোগ মোর হউ তত,
কিন্তু এক মম নিবেদন।
যে যে দশা ভোগি আমি, আমাকে না ছাড় স্বামি!
ভক্তিবিনোদের প্রাণধন ॥ ৩ ॥