24/03/2025
আজ ২৩শে মার্চ, ২০২৫ চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির বিশেষ সাধারণ সভা আম্রকুঞ্জ, মানকুন্ডু, হুগলীতে অনুষ্ঠিত হয়।
সভায় উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি নিম্নরূপ :-
(১) ভবিষ্যতে আলো নিভিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা যাবে না। পরিস্থিতি অনুযায়ী, প্রতিবাদ স্বরূপ আলো নেভাতে হলে কেন্দ্রীয় কমিটির নিকট থেকে অনুমতি নিতে হবে। অন্যথায়, সংশ্লিষ্ট পূজা কমিটির বিরুদ্ধে সাধারণ সভার সিদ্ধান্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(২) গত ১১/১১/২০২৪ তারিখে দশমীর রাতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আয়োজিত বিসর্জন শোভাযাত্রা চলাকালীন গৌরহাটি তেঁতুলতলা ও নিমতলা স্পোর্টিং ক্লাবের সদস্যরা গণ্ডগোলে জড়িয়ে পড়েন এবং নিমতলা স্পোটিং ক্লাবের সদস্যরা, তেঁতুলতলা পূজা কমিটির সদস্যদের বিরুদ্ধে আক্রমনের অভিযোগ করেন ও প্রতিবাদে প্রায় ২ ঘণ্টার অধিক সময় শোভাযাত্রা বন্ধ করে রাখেন। বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২০২৫, ২০২৬ ও ২০২৭ সালের পূজার দশমীর রাতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আয়োজিত বিসর্জন শোভাযাত্রায় গৌরহাটি তেঁতুলতলা পূজা কমিটি ও নিমতলা স্পোর্টিং ক্লাব কেবলমাত্র ১ টি অর্থাৎ প্রতিমাবাহিত লরি সহযোগে অংশগ্রহন করতে পারবেন।
(৩) তেমাথা, বেশোহাটা ও লালবাগান সহ সকল পূজা কমিটির প্রতিমার সর্বোচ্চ উচ্চতা মুকুট সহ ২৩ ফুট হতে হবে এবং চালচিত্রের সর্বোচ্চ উচ্চতাও ২৩ ফুটের বেশি করা যাবে না। অন্যথায় সম্পূর্ণ রাস্তা folding সহ অগ্রসর হতে হবে।
(৪) ২০২৫ সালের বিসর্জন শোভাযাত্রায় ২+১=৩ টি লরি সহ অংশগ্রহনকারী পূজা কমিটিরা উৎকর্ষমানের নতুন আলোকসজ্জা উপস্থাপনা করলে তাঁদের সর্বাধিক ৩ টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করার জন্য পুরস্কার উপসমিতির নিকট সুপারিশ করা হবে।
(৫) ২০২৫ সালের শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য category 5 - র অন্তর্ভুক্ত পূজা কমিটিদের মধ্যে লটারি আগামী ৩০/০৩/২০২৫ তারিখে আয়োজিত হবে।
(৬) শোভাযাত্রায় অংশগ্রহনকারী পূজা কমিটিদের আলোকশোভিত ও প্রতিমা বাহিত লরির চালকের কাঁচের সামনে ২ফুট × ২ফুট ফাঁকা রাখার বিষয়ে পূজা কমিটিদের, অঙ্গীকার পত্রে স্বাক্ষর (sign) করানো হবে যে, এই নিয়ম ভঙ্গের দায়ে সংশ্লিষ্ট পূজা কমিটি পুরস্কারের জন্য বিবেচিত হবেন না ও সাধারণ সভার সিদ্ধান্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে সংশ্লিষ্ট আলোকশিল্পীকেও অবগত করা হবে।
(৭) ২০২৫ সালের চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি আয়োজিত বিসর্জন শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য category 5 - র অন্তর্ভুক্ত পূজা কমিটিদের , চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির আওতাভুক্ত
এলাকাকে চারটি ক্ষেত্রে (area)তে বিভক্ত করে ৭০ টি লরি বন্টন করা হবে। প্রতিটি এলাকাতে ৩১ টি পূজা কমিটির নাম অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যেক area -তে ১৪ টি লরির জন্য লটারি হবে এবং তাতে প্রতি area থেকে ২ টি (৩+১) অর্থাৎ চার লরি ও ২ টি (২+১) অর্থাৎ তিন লরি সহযোগে শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য পূজা কমিটি নির্বাচিত হবে।
Area ভিত্তিক লটারির পর অবশিষ্ট {৭০-(১৪×৪)}= ১৪টি লরি কেন্দ্রীয়ভাবে (centrally) লটারির মাধ্যমে যে সব পূজা কমিটি area ভিত্তিক লটারির মাধ্যমে সুযোগ পাবেন না, তাঁদের মধ্যে বিতরণ ( distribute) করা হবে। এক্ষেত্রে, ২টি (৩+১) অর্থাৎ চারটি লরি এবং ২ টি (২+১) অর্থাৎ তিনটি লরি সহযোগে অংশগ্রহনের জন্য পূজা কমিটি নির্বাচিত হবে।
ক্ষেত্র অনুযায়ী (Areawise ) ও কেন্দ্রীয়ভাবে (Centrally), এই দুই পর্যায়ের লটারিতে ১০টি (৩+১) অর্থাৎ চার লরি ও ১০ টি (২+১) অর্থাৎ তিন লরি সহযোগে অংশগ্রহনকারী পূজা কমিটি সুযোগ পাবেন। লটারির মাধ্যমে সুযোগ প্রাপ্ত পূজা কমিটির সংখ্যা হবে ২০টি।
(৮) গত ৫ই ফেরুয়ারি, ২০২৫ তারিখে WBSEDCL কর্তৃপক্ষ ও চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটির মধ্যে, WBSEDCL সেক্টর ২, জি. টি. রোড, বড়বাজার, চন্দননগর, হুগলী অফিসে সভা আয়োজিত হয়।
ঐ সভায় WBSEDCL -এর পক্ষ থেকে জানানো হয় যে, বিভিন্ন পূজা কমিটির বিদ্যুৎজনিত সমস্যার পত্র অনুসারে নির্মিত চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি প্রদত্ত তালিকা অনুযায়ী আগামী ৩১/০৩/২০২৫ তারিখের মধ্যে বাকি থাকা কাজ সম্পন্ন করা হবে ও আগামী এপ্রিল মাসে Review meeting আয়োজিত হবে।
(৯) CESC এলাকাভুক্ত অঞ্চলের পূজা কমিটিদের দীর্ঘদিনের সমস্যাগুলি হুগলীর জেলাশাসক এবং কমিশনার অফ পুলিশ, চন্দননগর পুলিশ কমিশনারেটের নিকট পত্র মারফত জানানো হবে ও সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
জয় মা জগদ্ধাত্রী !!
শ্যামল কুমার ঘোষ
সভার সভাপতি
এবং
সভাপতি
চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজা কমিটি