23/05/2026
🔺🔺 সে দিনের একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘রাজাকার বাহিনী চলে যাওয়ার পর তিনি রাস্তার পাশে অনেকগুলো লাশের সঙ্গে একটি মহিলার লাশ দেখতে পান। ১০-১১ মাসের বাচ্চা ঐ মৃত মহিলার স্তন্য পান করে যাচ্ছিলো এবং শিশুটির সমস্ত শরীর এবং মুখ মন্ডলে রক্ত লাগানো ছিলো।’🔺🔺
ডাকার গ্রাম বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেরিখালী ইউনিয়নে অবস্থিত। ১৯৭১ সালে বাগেরহাট জেলা খুলনা জেলার একটি উপ-বিভাগ ছিল। ডাকড়া মংলা নদীর দক্ষিণ তীরে অবস্থিত, যা পশ্চিমে প্রবাহিত হয় এবং মংলা বন্দরের কাছে পাসুর নদীতে পড়ে। মংলা নদীর উত্তর তীরে ডানার বিপরীতে,বাঁশতলী ইউনিয়নের কৃষ্ণগঞ্জ বাজারে অবস্থিত। ডাকরা একটি প্রধানত হিন্দু গ্রাম ছিল, এখানে একটি বিখ্যাত কালী মন্দির ছিল।
২১ মে ১৯৭১ ইং সালে খুলনা জেলার বাগেরহাট উপ-বিভাগে শান্তি কমিটির সদস্য চেয়ারম্যান রাজাব আলী ফকিরের নেতৃত্বে ও রাজাকারদের দ্বারা ডাকারা গ্রামে নিরস্ত্র হিন্দু উদ্বাস্তুদের গণহত্যা করা হয়।গণহত্যাতে ৯০০ এরও বেশি হিন্দু পুরুষ ও নারী প্রান হারান।
মে মাসের ১১ তারিখ থেকে ডাকরা ও পেড়িখালি ইউনিয়নের হিন্দু ধর্মাবলম্বীরা দেশত্যাগ করতে শুরু করলে ডাকরা গ্রামের কালীবাড়ির প্রধান সেবায়েত বাদলচন্দ্র চক্রবর্তী ভক্তদের এখনই যেতে নিষেধ করেন। এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেন ২২ মে সুন্দরবনের ভেতর দিয়ে ভারতে যাওয়ার। ডাকরা গ্রামের কালীবাড়ি ছিল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পূজনীয় স্থান এবং সেবায়েত বাদলচন্দ্র চক্রবর্তীকে সবাই ভীষণ শ্রদ্ধা ও সম্মান করতেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী ২২ মের কয়েক দিন আগ থেকে পার্শ্ববর্তী গ্রামগুলোর অসংখ্য হিন্দু পরিবার ডাকরা কালীবাড়ির আশেপাশে মংলা নদী, মাদারতলা নদী ও কুমারখালী খালের তীরে শতাধিক নৌকায় অবস্থান নেয়। ২১ তারিখের মধ্যে ডাকরা কালীবাড়ি ও চারপাশে জায়গা হয়ে উঠে অনেকটা ছোট শরণার্থী শিবিরের মতো। ডাকরা গ্রামের ইনাম আলী শেখ, জোনাব আলী শেখ ও দেলোয়ার হোসেন উপস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। বাঁশতলী গ্রামের শান্তি কমিটির সদস্য আফসার উদ্দিনও এ সময়ে পাকিস্তানি বাহিনী কোনো সমস্যা করবে না বলে আশ্বাস দিয়েছিলো।
২১ মে দুপুর ১টার দিকে রাজাকার রজ্জব আলী ফকিরের নেতৃত্বে একেএম ইউসুফ, সিরাজ মাস্টার, আকিজ উদ্দিন, ইসহাকসহ রাজাকারের একটি দল বড় দুটি ছিপওয়ালা নৌকায় ডাকরায় পৌঁছে। প্রতিটি নৌকায় ছিল ১৫ থেকে ২০ জন রাজাকার। রাজাকারদের প্রথম নৌকাটি কালীগঞ্জ বাজার অতিক্রম করে মাদারতলী খালের দিকে অগ্রসর হয়। দ্বিতীয় নৌকা কুমারখালী খাল বরাবর অগ্রসর হয় এবং তারপর মাদারতলী বরাবর চলে আসে।
দ্বিতীয় নৌকা থেকে রাজাকাররা নেমেই ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ইতোমধ্যে প্রথম নৌকা থেকেও রাজাকাররা নিচে নেমে কালী মন্দিরের দিকে এগিয়ে ভিড়ের মধ্যে নির্বিচারে গুলি চালায়। এ সময় বৃষ্টির মতো দুদিক থেকে গুলির শব্দ শুনে নৌকা ও তীরে অবস্থানরত নিরীহ মানুষ দিশেহারা হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটতে থাকেন। দুদিক থেকে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ মারা যান। যারা গুলিবিদ্ধ হয়ে বেঁচে ছিলেন, তাদেরকে জবাই করে হত্যা করে রাজাকারেরা।
অনেকে কালীবাড়িতে তাদের গুরুর কাছে হাজির হন। এ সময়ে রাজাকারেরাও দুদিক থেকে গুলি চালাতে চালতে কালীবাড়িতে এসে হাজির হয়। এ সময় সেখানে উপস্থিত নারী ও পুরুষদের আলাদা করা হয়। এরপর আরও পুরুষ আছে কি না তা পরীক্ষা করার জন্য কয়েকজন রাজাকার ঘরের ভেতরে ঢুকে শাড়ি পরা অবস্থায় কয়েকজন পুরুষকে খুঁজে পায়। তাদের টেনে হিঁচড়ে বাইরে এনে মন্দির চত্বরে লাইন ধরে ব্রাশফায়ার করে হত্যা করে।
এর পরেও বৃদ্ধ আকিজ উদ্দিন তার ঘনিষ্ট সহযোগী মজিদ কসাইকে সঙ্গে নিয়ে মৃতদেহগুলো উলটে পালটে দেখতে থাকে, অক্ষত বা আহত কাউকে পাওয়া মাত্রই তাদের জবাই করে মারা হয়। এছাড়া হিন্দু বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেওয়া জন্য স্থানীয় সহযোগীদের নির্দেশ দেওয়া হয়েছিলো।
বেলা তিনটার দিকে এই শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটে। তবে তখনো হিন্দু বাড়িগুলোতে দেয়া আগুনের লেলিহান শিখা কালো মেঘের মতো ধোঁয়ার সৃষ্টি করে যাচ্ছিল।
মাত্র দুই ঘন্টায় সংগঠিত এই গণহত্যায় শহীদ হয়েছিলেন প্রায় ৯০০ মানুষ। যদিও শহীদদের তালিকায় পাওয়া যায় ৬৪৬ জন নিরীহ ভক্ত ও গ্রামবাসীর নাম।
গণহত্যা শেষে কয়েকজন তরুণীকে অপহরণ করে রাজাকার কমান্ডার রজ্জব আলীর নৌকায় তুলে নেয় রাজাকারেরা। স্থানীয় রাজাকারদের সঙ্গে নিয়ে রজ্জব আলী ফকির বাগেরহাটে ফিরে যায়।
মর্মান্তিক ও হ্নদয়বিদারক সে ঘটনা যারা প্রত্যক্ষ করেছিলেন সেদিনের কথা মনে করতে গিয়ে এখনো তারা শিউরে ওঠেন।
এই ভয়াবহ ও পৈশাচিকতার গণহত্যা ভুলে গেছে সবাই। প্রজন্মের জানা নেই আজ। রাজাকার ও শান্তি কমিটি দ্বারা সংগঠিত দেশের সর্ববৃহৎ গণহত্যা ছিলো ডাকরা গণহত্যা।
⭕ ডাকরা’র গণহত্যায় নিহত বাগেরহাট জেলার কয়েকজন অধিবাসীর নাম এখানে উল্লেখ করা হলো।
গৌরঙ্গ দেবনাথ, রণজিৎ কুমার মহলী, নকুল চন্দ্র মন্ডল, রাধাকান্ত মজুমদার, ক্ষান্তি রাণী হালদার, আশুতোষ চক্রবর্তি, অমূল্য কুমার মন্ডল, অতুল কৃষ্ণ ডাকুয়া, মহানন্দ বৈরাগী, মহানন্দ কবিরাজ, হরষিত চন্দ্র মন্ডল, নারায়ণ চন্দ্র ডাকুয়া, পাচুরাম কবিরাজ, শরৎ চন্দ্র মন্ডল, যতীন্দ্র নাথ বৈরাগী, নিরঞ্জন চক্রবর্তি, গোপালচন্দ্র মজুমদার, আনন্দ হালদার, আনন্দলাল মজুমদার, অমলকৃষ্ণ চক্রবর্তী, অনন্ত কুমার মন্ডল, অঙ্কুর মজুমদার, বরদাকান্ত ঘরামী, ভদ্রকান্ত মন্ডল, কামিনী মন্ডল, কুমুদ বিহারী চক্রবর্তি, লক্ষীকান্ত চক্রবর্তি, মরুময় ব্যানার্জী, হরিবর হালদার, রসিকলাল চক্রবর্তি, রসিকলাল ঘরামী, সত্যরঞ্জন চক্রবর্তি, সতীশ চন্দ্র মজুমদার, সুখেন্দু হালদার, প্রমীলা মন্ডল, যতীন্দ্রমোহন চক্রবর্তি, বিশ্বেশ্বর মিস্ত্রিী, কিরণচন্দ্র চক্রবর্তি, উপেন্দ্রনাথ ঘরামী, বেলা রাণী মন্ডল বেলকা, কেনারাম ডাকুয়া, গুরুবর মন্ডল, বিরাজমোহন পাল, বিশ্বেশ্বর মন্ডল, নিকুঞ্জবিহারী বাছাড়, নিরোধ বিহারী বাছাড়, সুবোধ কুমার পাল, প্রফুল্ল কুমার পাল, দেবেন্দ্রনাথ মজুমদার, অনাথবন্ধু মিস্ত্রী, অনন্ত কুমার মন্ডল, ভুপাল চন্দ্র বিশ্বাস, খগেন্দ্রনাথ মন্ডল, হরিচরণ বিশ্বাস, নন্দলাল বিশ্বাস, পুলিনবিহারী প্রামাণিক, রমেশ চন্দ্র বিশ্বাস, রাইচরণ বিশ্বাস, রসময় বিশ্বাস, জিতুন মজুমদার, উপেন্দ্রনাথ হালদার, ভোলানাথ মূখার্জী, গোপাল চন্দ্র বিশ্বাস, নিরোধ বিহারী মন্ডল, কেশব চন্দ্র মন্ডল, যতীন্দ্রনাথ প্রামাণিক, মনীন্দ্র দেবনাথ, নিরোধ বিহারী মিস্ত্রী, অভিলাশ বাছাড়, যাদব চন্দ্র তাফালী, লক্ষ্ণণ চন্দ্র তাফালী, প্রফুল্ল কুমার তাফালী, যতীন্দ্রনাথ প্রামাণিক, মনীন্দ্রনাথ দেবনাথ, বাবু শিকদার এবং সহদেব হালদার।
ছবি ও তথ্য - সংগৃহীত।
🖋️ দিতি ভট্টাচার্য।