15/09/2025
|| কৃষ্ণানবম্যাদি কল্পারম্ভ ও উগ্রচণ্ডার কথা ||
যদি জিজ্ঞাসা করা হয় শারদীয়া দুর্গাপূজা ঠিক কতদিন ধরে পালিত হয়, উত্তর বেশিরভাগ আসবে চারদিন। কিন্তু যদি বলি শারদীয়া দুর্গাপূজা একটানা ১৫-১৬ দিন পালন করা যায়, ৯-১০দিন, ৪দিন, ৩দিন, ২দিন অথবা ১দিনও পালন করা যায়, অবাক তো লাগবেই। প্রশ্ন আসবে কিভাবে সম্ভব।
উত্তর আছে শ্রীশ্রীদুর্গামহাপূজার কল্পারম্ভে। আমরা একে মহাপূজা বলবো কারণ এর মধ্যে স্নান, পূজা, বলিদান ও হোম এই চারটিই বর্তমান।
কল্পারম্ভ কি? এটি হল শ্রীশ্রীদুর্গামহাপূজার প্রথম কাজ। কোন কল্পে দেবীর পূজা হবে তা ঠিক করা। শারদীয়া দুর্গাপূজায় সাতটি কল্প আছে যার প্রথম কল্প আজ অর্থাৎ কৃষ্ণা নবমী তিথির কল্প বা কৃষ্ণানবম্যাদি কল্প। এছাড়া প্রতিপত্যাদি, ষষ্ঠ্যাদি, সপ্তমাদি, অষ্টম্যাদি, শুধু অষ্টমী কল্প বা শুধু নবমী কল্প, (হ্যাঁ শুধু নবমীতে কল্প করেও পূজা সম্ভব) তবে যা কিছু হয় পারিবারিক প্রচলিত আচার মেনে।
আজ ভাদ্রের কৃষ্ণা নবমী তিথি। আজ থেকে একবারে এবারের দুর্গাপূজার নবমী পর্যন্ত মোটামুটি প্রায় ষোলোদিন ধরে পূজা চলবে এই কল্পে। আমার জানাশোনা শোভাবাজার রাজবাড়িতে এই কল্পে পুজো শুরু হয়, আরো থাকতে পারে।
দেবী তিন সৃষ্টিতে তিনবার মহিষাসুরকে বধ করেছিলেন! ভাবা যায়? আদি সৃষ্টিতে বধ করেছিলেন অষ্টাদশভুজা (আঠারো হাতের) উগ্রচণ্ডা রূপে। ইনি ভয়ংকর দর্শন, কাজল কালো বর্ণের , এনার একটি প্রতীকী ছবি নিচে দেওয়া হয়েছে। ইনি আজকের দিনেই কোটি যোগিনীর সাথে আবির্ভূত হয়েছিলেন! তার জন্য এইদিনে বোধন হয় । কল্পারম্ভ হয়ে থাকে।
এই আচার কিন্তু যেমন তেমন করে শুরু করার নয়, পারিবারিক প্রচলিত রীতি থাকলেই হয়, বারোয়ারী পূজায় তাই দেখা যায়না। এবং প্রায় ষোলোদিন ধরে পূজা চালিয়ে যাওয়াও আজকের দিনে ব্যয়সাপেক্ষ। তাই সামর্থ অনুযায়ী শাস্ত্র বিধান দিয়েছে একদিনেও কল্পারম্ভ ও দুর্গাপূজা সম্পন্ন করার। তবে সামর্থ্য থেকেও অল্পে সেরে দেওয়াটা অনুচিত।
মহালয়া আসতে এখনো কয়েকদিন, আজ কৃষ্ণা নবমী তিথি শুরু হল, একপ্রকার শারদীয়া দুর্গামহাপূজার সূচনা হল। পণ্ডিতরা বলেন কলিযুগে অশ্বমেধ নিষিদ্ধ, দুর্গাপূজা করলে অশ্বমেধের সমান ফল লাভ হয়। কিন্তু আজ সব নিয়ম সব জায়গায় কতটা মানা হয় তা স্বয়ং ভগবতীই জানেন..Mohakal-মহাকাল