06/09/2023
আজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহা আবির্ভাব তিথি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সৎ, চিৎ ও আনন্দের মূর্ত বিগ্রহ। তিনিই অনাদির আদি এবং সর্বকারণের পরম কারণ, চিরকল্যাণময় আমাদের প্রাণ গোবিন্দ। তিনি সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ। শ্রীকৃষ্ণ যিনি, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত থেকেও লীলাচ্ছলে তিনি সসীম রূপে দেহ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হন, দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য, ধর্ম ও ধার্মিককে রক্ষার জন্য, ধর্ম সংস্থাপনের জন্য। মনুষ্য দেহ ধারণ করেও তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ, স্বয়ং ভগবান, বিশ্ব নিয়ন্তা সর্বশক্তিমান। ঈশ্বর সম্বন্ধে ঋগেবদে বলা আছে: যিনি চিন্ময় অদ্বিতীয়, তিনি সাধকের সাধনার সুবিধার্থে বিভিন্ন রূপ পরিগ্রহ করে এই ধরাধামে অবতীর্ণ হন। অবতার রূপে দেহ ধারণ করে তিনি পার্থিব সব দায়িত্ব পালন করেন এবং যুগের প্রয়োজনে তিনি অতিমানবীয় ঐশ্বরিক পরিকল্পনা গুলো সম্পন্ন করে পুনরায় তাঁর স্বধাম গোলক বৃন্দাবনে প্রত্যাবর্তন করেন।
🌿🌼গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন,,,
বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন।
তান্যহং বেদ সর্বাণি ন ত্বং বেত্থ পরন্তপ।।৪/৫।।
🌿🌺অনুবাদঃ পরমেশ্বর ভগবান বললেন- হে পরন্তপ অর্জুন! আমার ও তোমার বহু জন্ম অতীত হয়েছে। আমি সেই সমস্ত জন্মের কথা স্মরণ করতে পারি, কিন্তু তুমি পার না।
অজেহপি সন্নব্যয়াত্মা ভূতানীমীম্বরোহপি সন্।
প্রকৃতিং স্বামধিষ্ঠায় সম্ভবাম্যাত্মমায়য়া।।৪/৬।।
🌿🌺অনুবাদঃ যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয় এবং যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে আমি আমার আদি চিন্ময় রূপে যুগে যুগে অবতীর্ণ হই।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজামহ্যম্।।৪/৭।।
🌿🌺অনুবাদঃ হে ভারত! যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই।
পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম্।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।৪/৮।।
🌿🌺অনুবাদঃ সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই।
জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ।
ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন।।৪/৯।।
🌿🌺অনুবাদঃ হে অর্জুন! যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাঁকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্য ধাম লাভ করেন।।
🌿🌼 শুভ মহা জন্মাষ্টমী 🙏🥰