14/03/2023
সত্যানুসরণ থেকে
*************************
সঙ্কোচই দুঃখ, আর প্রসারণই সুখ। যাতে হৃদয়ে দুর্ব্বলতা আসে, ভয় আসে তাতেই আনন্দের খাকতি আর তাই দুঃখ।
চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না। সব অবস্থায় রাজী থাক, দুঃখ তোমার কী করবে?
দুঃখ কারো প্রকৃতিগত নয়কো, তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরমপিতার কাছে প্রার্থনা কর। তোমার ইচ্ছাই মঙ্গল; আমি জানি না, কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর তার জন্যে তুমি রাজী থাক, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না।
কারো দুঃখের কারণ হয়ো না, কেহ তোমার দুঃখের কারণ হবে না।
দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দু:খ নষ্ট করতে পারবে না—যতক্ষণ না ঐ অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর, ধর্ম্মই তা করতে পারে।