28/11/2021
যখন আযাব চলে আসে পুরো পৃথিবীর মানুষ তিন শ্রেণিতে ভাগ হয়ে যায়।
১. যারা আল্লাহর প্রতি আগে থেকে অনুগত, বিনীত এবং আত্মসমর্পণকারী হিসেবে থাকে। যখন বিপদ স্পর্শ করে তখন তারা আরও বেশি আল্লাহর কাছে বিনীত হয়ে যায়। বিপদ কেটে গেলে তারা আল্লাহর শোকরিয়া আদায় করে এবং আল্লাহর প্রতি অনুগত থাকে। ফলে এর বিনিময়ে তাদের জন্য থাকে অগণিত পুরষ্কার, ক্ষমা এবং রহমত।
"যারা, তাদেরকে যখন বিপদ আক্রান্ত করে তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তাঁর দিকে প্রত্যাবর্তনকারী। তাদের উপরই রয়েছে তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও রহমত এবং তারাই হিদায়াতপ্রাপ্ত।" (সুরা বাক্বরাহঃ ১৫৬- ১৫৭)
২. আযাব স্পর্শ করলে কিছু মানুষ অত্যন্ত কাতরসুরে, শোয়ে, বসে বিনীতভাবে আল্লাহকে ডাকতে থাকে। আর আযাব চলে যাওয়ার পরে মানুষগুলো অবাধ্যতায় লিপ্ত হয়। এরকম মানুষ সব নবীদের যুগেই ছিল এবং থাকবে। এদের উপর আপতিত বিপদে যখনি চলে যায় তখনি উৎফুল্ল হয়ে অন্তর কঠিন হয়ে যায় এবং অবাধ্যতায় লিপ্ত হয়। এদের সম্পর্কে আল্লাহ বলেন,
"আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে দীর্ঘ দোআকারী হয়।" (সুরা ফুসসিলাত: 51)
"আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে, বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোন বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেয়া হয়েছে।" (সুরা ইউনুস: 12)
৩. যারা বিপদের সময়েও নিজেকে জাহির করে এবং অহংকার করে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। পুরোপুরি আযাবে পতিত হওয়ার আগে তাদের উদ্যত মনোভাব যায় না। আল্লাহর কাছে বিনীত হওয়া দূরের কথা, উল্টো অহংকারী হয়ে পড়ে। ফলে তার জন্য বাকি থাকে কঠিন শাস্তি। এদের জন্য আফসোস।
"সুতরাং তারা কেন বিনীত হয়নি, যখন আমার আযাব তাদের কাছে আসল? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে। আর তারা যা করত, শয়তান তাদের জন্য তা শোভিত করেছে।" (সুরা আন'আমঃ ৪৩)
ভেবে দেখি, আমরা কে কোন শ্রেণির।
_____________
হৃদয়ের বসন্ত