19/05/2018
ধর্মপ্রাণ ধনঞ্জয় শ্রেষ্ঠী তাঁর কন্যা বিশাখাকে শ্বশুরালয়ে গমনের সময় যে দশটি উপদেশ দিয়েছিলেন সেগুলি বৌদ্ধ সমাজে স্বীকৃত!
যেমন-
১। ঘরের আগুন বাইরে নিও না, অর্থাৎ শ্বশুর,শ্বাশুড়ী ও স্বামী প্রভৃতি শ্বশুরালয়ের পরিজনবর্গের যেকোন দোষের কথা আগুন সদৃশ। তাই শ্বশুর বাড়ীর কারো কোনো দোষাবহ কথা দাস-দাসীকে,পরগৃহে গিয়ে অপরকে,এমনকি পিত্রালয়ে এসেও বলো না। এতে শ্বশুরকুলের গৌরব ও মর্যাদা নষ্ট হয়।
২। বাইরের আগুন ভেতরে এনো না, অর্থাৎ প্রতিবেশীরা আমার শ্বশুর,শাশুড়ী ও স্বামী অথবা পরিজনবর্গের মধ্যে যে কারো কোনোও দোষের কথা যদি বলে থাকে,আমি তা শুনে এসে তাঁদেরকে যেন না বলি, এমনকি দাস-দাসীকে পর্যন্ত না! কারণ,দোষ কীর্তনরূপ আগুন মহা অনর্থের সৃষ্টি করে।
৩। যারা দিয়ে থাকে, তাদেরকেই দিও অর্থাৎ যারা কোনো দ্রব্য ধার নিয়ে পুনরায় যদি ফেরৎ দেয়,তাদেরকেই দিতে বলেছেন।
৪। যারা না দেয়,তাদেরকে দিও না, অর্থাৎ যারা ধার নিয়ে পরিশোধ করে না, তাদেরকে কিছুই না দেবার জন্য বলেছেন।
৫। যারা দিয়ে থাকে তাদেরকেও দিও,আর যারা দেয় না তাদেরকেও দিও, অর্থাৎ কোনও দরিদ্র যদি কিছু চায়,সে যদি জ্ঞাতি হয়, ফেরৎ দিতে বা পরিশোধ করতে পারুক বা না পারুক, তাকে দিতেই হবে,এ কথাই বলা হয়েছে।
৬। সুখে বসবে, অর্থাৎ শ্বশুর,শাশুড়ী ও স্বামী প্রভৃতি গুরুজনদের দেখে উঠতে হয়,এমন আসনে না বসাই উচিত।
৭। সুখে ভোজন করবে, অর্থাৎ শ্বশুর, শাশুড়ী ও স্বামীর পূর্বে না খেয়ে, তাঁদেরকে খাওয়ায়ে এবং পরিবারের মধ্যে কে কে খেয়েছে বা খায়নি,তার খবরা খবর নিয়ে সকলকে খাওয়ায়ে তারপরই
নিজের খাওয়া উচিত যাতে খেতে বসলে আর উঠতে না হয়।
৮। সুখে শয়ন করবে, অর্থাৎ শ্বশুর,শাশুড়ী ও স্বামীর পূর্বে শয়ন না করে তাঁদের যাবতীয় ব্রত সম্পাদনের পর সকলের শেষেই শয়ন করতে বলেছেন।
৯। অগ্নি পরিচর্যা করবে, অর্থাৎ শ্বশুর,শাশুড়ী ও স্বামী অগ্নিতুল্য। তাঁদের পরিচর্যা করার জন্যই বলেছেন।
১০। আভ্যন্তরীণ দেবতাকে নমষ্কার করবে, অর্থাৎ শ্বশুর,শাশুড়ী ও স্বামীকে দেবতা জ্ঞানে সম্মান,গৌরব ও নমষ্কার করতে বলেছেন।
এতে নীতিধর্ম রক্ষা ও পুণ্যার্জন হয়। গুরুজনের আশীর্বাদ লাভে চার বিষয়ের অভিবৃদ্ধি হয়,যথা- আয়ু,বর্ণ,সুখ ও বল।
যে সকল মেয়েরা সচেতন তারা আজও বিয়ের পরে এ উপদেশাবলী অনুধাবন এবং পালন করার চেষ্টা করেন।
Post By: S Joy Bhante