06/05/2026
শিক্ষকতা আমার কাছে শুধু একটি চাকরি নয়, এটি এক অনন্ত দায়িত্ব, ভালোবাসা আর আত্মত্যাগের নাম। এই পথচলায় কত শত মধুর স্মৃতি জমে আছে, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না।
কতদিন নিজের শরীর খারাপ থাকলেও ক্লাস মিস করিনি, কারণ জানতাম—কিছু শিক্ষার্থী আমার অপেক্ষায় বসে আছে। কতবার ব্যক্তিগত কষ্ট, মানসিক চাপ, পারিবারিক সমস্যা লুকিয়ে মুখে হাসি নিয়ে ক্লাসে দাঁড়িয়েছি, শুধু যেন তাদের মনোবল না ভাঙে। নিজের ক্লান্তি ভুলে তাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছি।
অনেক শিক্ষার্থী ছিল, যারা পড়ালেখায় দুর্বল, আত্মবিশ্বাসহীন, হতাশ। তাদের পাশে বসে সময় দিয়েছি, বুঝিয়েছি, সাহস দিয়েছি। যখন সেই শিক্ষার্থী একদিন ভালো ফলাফল নিয়ে হাসিমুখে এসে বলে—“হুজুর, আপনার জন্য পেরেছি”—সেই মুহূর্তের আনন্দ পৃথিবীর কোনো অর্থ দিয়ে মাপা যায় না।
কত শিক্ষার্থী আর্থিক সমস্যার কারণে বই কিনতে পারেনি, ফি দিতে পারেনি—সাধ্যমতো পাশে দাঁড়িয়েছি। কারণ আমি জানি, একটি স্বপ্ন থেমে যাওয়া মানে একটি ভবিষ্যৎ থেমে যাওয়া।
শিক্ষকতা মানে শুধু বইয়ের পাঠ নয়, জীবন শেখানো। শিক্ষকতা মানে নিজের সময়, আরাম, স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের সফলতার পথ তৈরি করা। একজন শিক্ষক হয়তো আলোচনায় থাকেন না, কিন্তু হাজারো মানুষের জীবনের পেছনে নীরবে দাঁড়িয়ে থাকেন।
আজ যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, জীবনের সবচেয়ে গর্বের পরিচয় কী? আমি নির্দ্বিধায় বলবো—আমি একজন শিক্ষক। কারণ আমি শুধু মানুষ পড়াই না, আমি মানুষ গড়ার চেষ্টা করি।
📌একজন শিক্ষক