08/08/2021
আজ আপনি মৃত্যবরণ করলে ঠিক কতোজন মানুষ আপনার জন্য ডুকরে কাঁদবে?
মা, বাবা, ভাই, বোন, সন্তান, অর্ধাঙ্গ/অর্ধাঙ্গিনী।
ঠিক কতোজন আছে, যাদের চোখে সামান্য হলেও পানি আসবে?
চাচা, মামা, খালা, ফুপু, সমবয়সী ভাইবোন (কাজিন), খুব বেশি হলে ক্লাসে রোজ এক সিটে বসা কোনো বন্ধু/বান্ধবী।
আর এমন কতোজন আছে, যারা "" ইশ আপুটা/ভাইটা চলে গেল!'' বলে আপনার সাথে কাটানো স্মৃতিগুলো স্মরণ করে খানিকক্ষণ আফসোস ছাড়বে?
পাড়া-প্রতিবেশী, স্কুলের সহপাঠী, আর আপনার সবচেয়ে প্রিয় জায়গা অর্থাৎ ফেসবুকের পাঁচ হাজার বন্ধুদের মধ্যে গোটা কয়েক বন্ধু যাদের সাথে দুই একদিন ইনবক্সে আলাপন হয়েছে কিংবা আপনার আপডেট স্ট্যাটাসগুলোতে নিয়ম করে লাইক কমেন্ট করা ব্যক্তিটি।
এইতো আপনার শুভাকাঙ্ক্ষীর তালিকা। আর কেউ কি আছে যে আপনার মৃত্যুতে শোকপ্রকাশ করবে? আপনার হিসেবে আরো কয়েকজন শুভাকাঙ্ক্ষী থাকলেও থাকতে পারে।
তবে বাস্তবতা হচ্ছে আপনার এতোজন শুভাকাঙ্ক্ষীর কাছে সেইসব লোকের সংখ্যা কিছুই নয় যারা হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগের আঙুল তাক করবে।
দুনিয়াতে যাদের ছায়াও আপনি দেখেননি, ঘুনাক্ষরেও যাদের চিনতেন না এমনও কতক লোক উঠে দাঁড়াবে খুঁটিনাটি সাক্ষ্য প্রমাণ পেশ করে আপনাকে ফাঁসির দড়ি অব্দি নিয়ে যেতে।
এরা হচ্ছে তারা, যাদেরকে আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার স্ট্যাটাসের মাধ্যমে প্রেম ভালোবাসায় উৎসাহিত করতেন।
এরা হচ্ছে তারা, যাদের হাসি ঠাট্টার ছলে বিকৃত নামে ডাকতেন কিংবা মজা করে গালি দিতেন।
এরা হচ্ছে তারা, যারা পর্দা করতো অথচ আপনার কারনে তাদের পর্দার বরখেলাপ হয়েছিল।
এরা হচ্ছে তারা, যারা আপনার একটি ভুল তথ্য প্রচারের ফাঁদে পা দিয়ে পাপ কাজ করেছিল।
এরা হচ্ছে তারা, যাদের অশ্লীলতা, বেহায়াপনাকে আপনি প্রাধান্য দিতেন।
এরা হচ্ছে তারা, যারা আপনাকে চিনতো না জানতো না, কিন্তু আপনার সামান্য কিছু প্রচারণার দ্বারা অনবরত গুনাহ করে গিয়েছে।
দুনিয়াতে আপনি আপনার ভক্ত তৈরিতে ব্যস্ত, অথচ নিজের অজান্তেই তৈরি করে যাচ্ছেন "আপনার বিরুদ্ধে সাক্ষ্যদানকরী'।
আপনার প্রতিটি কাজ, প্রতিটি প্রচার প্রতি মূহুর্তে হয় আপনার জন্য কল্যাণের খাতা লিপি করছে না হয় দুর্ভোগ এর।
সংগৃহিত