31/12/2022
থার্টি ফাস্ট নাইট কি আমাদের সংস্কৃতি?
=============================
৩১ ডিসেম্বর রাত ১২.০১ মিনিটকে ‘থার্টি ফাস্ট নাইট’ নামে অভিহিত করা হয়। আমরা এটাকে ইংরেজি নববর্ষ হিসেবে জানি। অথচ মূলত তা ইংরেজি নববর্ষ নয়, বরং এটা খৃস্ট্রীয় বা গ্রেগরিয়ান নববর্ষ। যার সাথে মিশে আছে খ্রিস্টানদের ধর্ম ও সংস্কৃতি। এর নামকরণও করা হয়েছে খ্রিস্টানদের ধর্মযাজক পোপ গ্রেগরিয়ানের নামানুসারে।
ঐতিহাসিকগণ বলেন, খৃষ্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার সর্বপ্রথম ১ জানুয়ারিতে নববর্ষ উৎসবের প্রচলন করে। পরে তা ধীরে ধীরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।
ইসলামের কথা না হয় পরে বলি, সচেতন বাঙালিদের বিবেকে প্রশ্ন রাখছি- থার্টি ফাস্ট নাইট কি আমাদের বাঙালি সংস্কৃতিতে আছে? যদি না থাকে তবে কেন ৩০ লাখ শহীদের পবিত্র খুনে রঙিত সবুজ এই জমিনে থার্টি ফার্স্ট এবং নববর্ষের নামে নষ্টামির নির্লজ্জ প্রদর্শনীর আয়োজন? আমাদের তো স্বকীয় সন আছে, বাংলা ক্যালেন্ডার আছে, তবে কেন সেই ব্রিটিশদের ইংরেজি সন নিয়ে এতো মাতামাতি?
বেশ ধুমধামের সাথে অন্য ধর্মের প্রথা বা বিদেশি সংস্কৃতি উদযাপন নিজ ধর্ম ও দেশীয় সংস্কৃতি সম্পর্কে অজ্ঞতা ও উদাসীনতা বহিঃপ্রকাশ।যা কিছুতেই কাম্য নয়।’থার্টি ফাস্ট নাইট’ উদযাপন দেশ ও ধর্মের উৎসব-সংস্কৃতির দেউলিয়াত্ব ঘোষণা করে। যা বাংলাদেশের নাগরিক ও মুসলিম হিসেবে আমাদের জন্য বড়ই লজ্জার বিষয়।
মানুষ বলে আমরা বিজ্ঞানের যুগে বাস করছি, অথচ, তাদের সকল কার্যকলাপ কেন অবৈজ্ঞানিক ও অযৌক্তিক?
ইসলামী সভ্যতায় বছরের হিসাব করা হয় চাঁদের ভিত্তিতে, কিন্তু, গ্রেগরিয়ান ক্যালেন্ডারে বছরের হিসাব করা হয় সূর্যের ভিত্তিতে। অর্থাৎ, যেটাকে আমরা ভুলভাবে ‘ইংরেজি সাল’ বা ‘ইংরেজি নববর্ষ’ বলি, সে হিসেবটা করা হয় সূর্যের ভিত্তিতে।
যেহেতু সূর্যের ভিত্তিতে তথাকথিত ইংরেজি সাল শুরু হয়, তাই সূর্যের অস্ত বা উদয়ের মাধ্যমেই ‘ইংরেজি সাল’ শুরু হবার কথা ছিলো। কিন্তু, ইংরেজি সাল শুরু হয় এমন একটি সময়ে, যখন সূর্যের কোনো অস্তিত্ব-ই খুঁজে পাওয়া যায় না। যে সময়ে সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না, সে সময়ে সূর্য ভিত্তিক বছরের শুরু বা শেষ হয় কিভাবে?
সুতরাং, রাত ১২ টা বাজে যে তথাকথিত ‘ইংরেজি সালের’ শুরুই হয়, তা সম্পূর্ণ অযৌক্তিক।
তাই আসুন!
একজন মুসলিম হিসেবে ইংরেজি নববর্ষ নামক এই জাহিলিয়্যাত ও খ্রিস্টিয় সংস্কৃতি থেকে বিরত থাকি।যদি ইসলামকে এড়িয়ে চলার প্রবণতা থাকে তাহলে,অন্তত একজন বাঙালি হিসেবে ইংরেজি নববর্ষ উদযাপন কতটুকু যৌক্তিক?