03/03/2023
যারা কুরআন পড়ে, তারা কেমন মানুষ হয়?
― কুরআন পড়া মানুষ তার জিহ্বাকে তার আপন শত্রুর থেকেও বেশি ভয় পায়। সে এমন ভাবে তার জিহ্বার সাথে লড়াই করে যেভাবে সে এক হিংস্র শত্রুর সাথে লড়াই করতো, যেন জিহবার ক্ষতিগুলো তাকে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করতে না পারে।
― কুরআন পড়া মানুষ যে জিহবা দিয়ে আল্লাহর কালাম উচ্চারণ করছে, সেই একই জিহবা দিয়ে সে গীবত করতে পারে না। সে কারো জন্য অন্তরে ঘৃণা এবং বিদ্বেষ পুষে রাখতে পারে না। প্রতি রাতে সাধারণ মানুষেরা যখন তাদের পুষে রাখা অযাচিত ঘৃণাগুলোকে আরো পরিচর্যা করে গড়তে থাকে, কুরআন পড়া মানুষ সযতনে নেতিবাচক আবেগগুলোকে অন্তর থেকে বের করে দেয়।
সে মন থেকে কারো খারাপ দেখতে চায় না। সে মানুষের হক আদায়ের ব্যাপারে সীমা লঙ্ঘন করে না, এবং দুনিয়ার উপকরণ নিয়ে অন্যকে হিংসা করতে ভয় পায়। সে যদি কখনো হিংসা করে, শুধুমাত্র দ্বীন ও ইলম অনুসারে হালাল প্রতিযোগিতা করে, যেন তার নেকীর পাল্লা ভারি হয়।
― সাধারণ মানুষ যে বিষয় নিয়ে হাসাহাসি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কুরআন পড়া মানুষ এ সমস্ত বিষয় নিয়ে হাসি-তামাশায় স্বাচ্ছন্দ্য বোধ করেনা। কারণ সে চায়না অনর্থক আবেগ তার অন্তরের ক্ষতি করুক। যে অন্তর কুরআন ধরে রাখে, সবটুকু দিয়ে সে তার অন্তরের পবিত্রতা রক্ষার চেষ্টা করে।
যখন তার মনে প্রশান্তি আসে, তার মুখে স্নিগ্ধ হাসি দেখা যায়। সে কৌতুক করতে গিয়ে সীমা-লঙ্ঘনের ভয় করে। এবং যদি কখনো সে মজা করে কথা বলে, সে এমন কথা বলে, যা সত্য। তার চেহারা থাকে খুব উপভোগ্য, এবং তার কথাগুলো হয় মানসম্পন্ন।
― যে কুরআন পড়ে, সে মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে ইলমের সাথে। যখন সে চুপ থাকে, সে চুপ থাকে ইলমের সাথে। যেখানে তার নাক গলানোর কোন প্রয়োজন নেই, সেখানে গিয়ে সে টুঁ শব্দটিও করে না।
― যদি সে কখনো কারো দোষ নিয়ে কথা বলে, সেটা কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ও মানুষের কল্যাণের জন্যই বলে। এবং যখন সে কারো ব্যাপারে কথা বলতে নিশ্চুপ থাকে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য এবং মানুষের কল্যাণের জন্যই সে চুপ থাকে।
― পৃথিবীর অধিকাংশ মানুষ দুনিয়ার ডিগ্রী, বাড়ি, গাড়ি সম্পদ সহ অনেক কিছু অর্জন করে ফেলে তবে, দুঃখজনকভাবে ঐ মানুষগুলোর দ্বীনের বুঝ, গভীর জ্ঞান, প্রজ্ঞা এবং দূরদর্শিতা নেই। সেই দিকে একজন কুরআন পড়া মানুষ অনেক অল্পই দুনিয়া থেকে অর্জন করে, কিন্তু তার দ্বীনের জ্ঞান, ইসলামের বুঝ, গভীর প্রজ্ঞা এবং দূরদর্শিতা থাকে খুব তীক্ষ্ণ।
কুরআন যারা পড়ে, তারা অন্তরে আল্লাহর ভয় ধরে রাখে, গোপনে এবং প্রকাশ্যে সবার সামনে তারা আল্লাহর ভয় রক্ষা করে। তারা কি খাচ্ছে, কি ধরনের কাপড় পড়ছে, কীভাবে কথা বলছে, কীভাবে নিজেকে পেশ করছে―প্রতিটা ব্যাপারে আল্লাহকে ভয় পেয়ে, আল্লাহকে ভালবেসে নিজেকে গোছাতে থাকে। ..❞
শুধুমাত্র শাইখের উত্তরটা পড়তে পড়তেই অন্তরের ভেতরটা মোচড় দিয়ে উঠলো ...
এগুলো এমন মানুষের বৈশিষ্ট্য, যারা কুরআন পড়ে!
আমরা কি আদৌ কুরআন পড়া মানুষদের মত হতে পেরেছি??
👉🏼👉🏼 ইমাম মুহাম্মদ বিন হুসেন আল আজরীর (রহ) উত্তর থেকে কিছু অংশ নেওয়া...
#রাইটিং_থেরাপি
কুরআন পড়া মানুষ (১)
©️ শারিন
শা'বান ১৪৪৪
#যারা_কুরআন_পড়ে