10/02/2025
"হিন্দুশাস্ত্রে বহু দেবতা। আবার তাঁহাদের মধ্যে কে বড় তা ঠিক করা যায় না।
📕কালিকাপুরাণ বলেন, কালী বড়।
📘শিবপুরাণ বলেন, শিব বড়;
📗বিষ্ণুপুরাণ বলেন, বিষ্ণু বড়।
📙ভাগবত বলেন, শ্রীকৃষ্ণ বড়।
ইহাতে মাথা ঠিক রাখা কঠিন। তবে সমাধান সহজ।👇
আপনি সন্দেশ কিনিতে চান, ময়রা সন্দেশের প্রশংসা করিবে।
আর একজন রসগোল্লা কিনিতে চায়, ময়রা রসগোল্লার গুণকীর্তনে মুখর হইবে।
আর একজন কাঁচাগোল্লা কিনিতে চায়, ময়রা শতমুখে কাঁচাগোল্লার শ্রেষ্ঠত্ব বলিবে।
প্রত্যেকটি কথাই সে বলিবে উত্তম জিনিস, টাটকা জিনিস। দাম সস্তা, খেয়ে দেখুন অপূর্ব আস্বাদ।
ময়রা বাজার হইতে তিনটি জিনিস কিনিয়াছে-----চিনি, ছানা আর ময়দা। তাহা দ্বারা কত দ্রব্য করিয়াছে। কোনটি গোল, কোনটি চেপ্টা, কোনটি তিনকোণা, কোনটি লাল, কোনটি কালো।
ময়রা জানে---আপনি যাহা কিছু নেন -- যে রূপেই নেন, যে নামেই নেন--ছানা চিনি খাবেন, আপনার পেটও ভরিবে তারও পয়সা হইবে।
শাস্ত্রকার জানেন একটি ব্রহ্মবস্তু আছেন---
তাহাতে তিনটি জিনিস আছে। অফুরন্ত সত্তা, অনন্ত চেতনা, অসীম আনন্দ।
তিনি সচ্চিদানন্দ।
আপনি তাঁহাকে চারিহাত দিয়াই নেন, আর দশহাত দিয়াই নেন। আপনি তাঁহাকে 'মা' বলিয়াই নেন, আর বাবা বলিয়াই নেন, আর প্রাণকান্ত বলিয়াই নেন একই বস্তু নিবেন---একই বস্তু পাবেন---আপনি আনন্দে ডুবিবেন---শাস্ত্রের উদ্দেশ্য সিদ্ধ হইবে।"
― ড. মহানামব্রত ব্রহ্মচারী