28/07/2026
अनेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत् ।
तद्धावतोऽन्यानत्येति तिष्ठत् तस्मिन्नपो मातरिश्वा दधाति ॥ ४ ॥
অনেজদেকং মনসো জবীয়ো নৈনদ্দেবা আপ্লবন্ পূর্বমর্ষৎ।
তদ্ধাবতোহন্যানত্যেতি তিষ্ঠৎ তস্মিন্নপো মাতরিশ্বা দধাতি ॥ ঈশোপনিষৎ ॥ ৪ ॥
অন্বয়: একং অনেজৎ (ব্রহ্ম এক এবং অচল হইয়াও) মনসঃ জবীয়ঃ (মন হইতে অধিকতর বেগবান), দেবাঃ (দেবতাগণ বা চক্ষুরাদি ইন্দ্রিয়সকল) পূর্বম্ অর্ষৎ এনৎ (পূর্বগামী ইঁহাকে) ন অপ্লবন্ (প্রাপ্ত হন না), তৎ তিষ্ঠৎ (ইহা স্থিত থাকিয়াও অর্থাৎ বিকারশূন্য হইয়াও) ধাবতঃ অন্যান্ (দ্রুতগামী অন্যসকলকে) অতি-এতি (অতিক্রম করিয়া যায়); অস্মিন্ (তাহাতে) মাতরিশ্বা (জীবনপতি বা বায়ু) অপঃ দধাতি (জলসমূহকে ধারণ করে)।
১। সরলার্থ: ব্রহ্ম এক ও গতিহীন হইয়াও মন হইতে অধিকতর বেগবান, দেবতা বা ইন্দ্রিয়সকল ইঁহাকে প্রাপ্ত হয় না। কারণ ইনি সকলের পূর্বে গমন করেন। এই ব্রহ্ম বা আত্মা অপর সকল দ্রুতগামী শক্তিকে অতিক্রম করিয়া যান। এই ব্রহ্মে প্রতিষ্ঠিত থাকিয়া প্রাণশক্তি জগতের সমস্ত শক্তিকে ধারণ করেন।
২। মূলানুবাদঃ সেই আত্মা নিশ্চল, এক এবং মন হইতেও অধিকতর বেগবান। ইন্দ্রিয়সকল তাঁহাকে প্রাপ্ত হয় না কারণ এই আত্মা মনের গমনের পূর্বেই চলিয়া যান। ইনি স্থির থাকিয়াও দ্রুত গমনকারী অপর সকলকে অতিক্রম করিয়া যান। সেই আত্মা থাকাতেই সূত্রাত্মা সর্বপ্রকার কর্ম বিভাগ করিয়া দেন॥৪॥
৩। সরলার্থ: ব্রহ্ম এক ও অদ্বিতীয়। ব্রহ্ম একাধারে স্থির, আবার অপর দিকে চঞ্চল, মন অপেক্ষাও দ্রুতগামী। তিনি সব সময়ই সবার আগে রয়েছেন। ইন্দ্রিয়সমূহও এঁর নাগাল পায় না। তিনি নিজে স্থির থেকেও অন্য সকলকে অতিক্রম করে যান। শূন্যের দেবতা হিরণ্যগর্ভরূপে তিনি এই স্থুল ও দৃশ্যমান জগতের সবকিছুকে ধরে রেখেছেন।
৪। ব্যাখ্যা-সেই সর্বান্তর্যামী সর্বশক্তিমান পরমেশ্বর নিশ্চল ও একক, তথাপি তিনি মন হতেও অধিক তীব্র বেগযুক্ত। যে পর্যন্ত মনের গতি, তিনি তা হতেও পূর্বে তথায় বিদ্যমান। মন তো সে পর্যন্ত যেতেই সমর্থ হয় না। তিনি সকলের আদি ও জ্ঞানস্বরূপ অথবা সকলের আদি বলে সকলকেই তিনি প্রথম থেকেই জানেন। কিন্তু তাঁকে দেবতা ও মহর্ষিগণও পূর্ণরূপে জানতে সমর্থ হন না (গীতা ১০।২)। যত তীব্র বেগযুক্ত বুদ্ধি, মন ও ইন্দ্রিয়গণ আছে অথবা বায়ু আদি দেবতা আছেন, নিজ শক্তি বলে তাঁরা পরমেশ্বরকে অনুসন্ধান করতে সদা যতই অনুধাবন করুন; সেই পরমেশ্বর নিত্য নিশ্চল হয়েও সে সবকে অতিক্রম করে পূর্বেই বর্তমান থাকেন। তাঁরা সে স্থান পর্যন্ত যেতেই পারেন না। অসীমের সীমাজ্ঞান সসীমের কীভাবে হতে পারে ? কারণ, বায়ু আদি দেবতাদের মধ্যে যে শক্তি আছে, যার দ্বারা তাঁরা জলবর্ষণ, প্রকাশন, প্রাণিগণের প্রাণধারণ প্রভৃতি কর্ম করতে সমর্থ হন, সে শক্তি তো সেই অচিন্ত্য শক্তি পরমেশ্বরের শক্তিরই এক অংশ মাত্র। তাঁর সহযোগ ব্যতীত তাঁরা কিছুই করতে পারেন না। ৪ ।।