19/12/2025
হাদি শুধু বিপ্লবী ছিল না, হাদি ছিল শিশু। নিষ্পাপ ছিল তার চাহনি, কথার ভঙ্গি, হাসির স্ফুরণ। ঠিক যেমন আল্লাহর প্রিয় বান্দারা হয়। একটা মকতবের বাচ্চা বাস করত আমাদের ওসমানের ভেতর। যেভাবে সে নামাজে দাঁড়াতে, যেভাবে হেঁচকি তুলে মুনাজাত করত, অন্যদের সেবা করত, ফ্লোরে বসে পাঠচক্র করত—তাতে কে বলবে সে এত বড় বিপ্লবী ছিল, সে তো ছিল শিশু, সরল মনের ছোট্ট ওসমান।
হাদি ছিল পাগল। আস্ত উন্মাদ। চেনা নেই জানা নেই, কেউ ইনকিলাবে আসলেই নিজে তাকে জায়নামাজ বিছিয়ে দিত। কে খেয়েছে কে খায়নি খোঁজ রাখত। এত সুন্দর সেটআপে ইনকিলাব সাজিয়েছে, কিন্তু নিজে চলত ফুটো পকেটে। জনতার টাকায় জনতার রাজনীতি করত, কিন্তু সংসার চালাত নিজের উপার্জনে, টানাপোড়েনে।
পাগল না হলে একটা লোক নেতা হয়েও ভ্যানে শুয়ে পড়ে? পাগল না হলে এমপিপ্রার্থী ফজরের পর অর্ধনত হয়ে মুসল্লিদের সালাম দেয়? গায়ে ময়লা পানি পড়লেও হাসিমুখে কুশলাদি করে? একটা পাগল ছাড়া কেউ তরকারি কাটার ভিডিও ভেরিফাইড পেইজে দেয়? তারপরও কীভাবে বলব সে পাগল ছিল না?
অত্যন্ত সরল মনের মানুষ ছিল আমাদের হাদি। ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে’-এর সত্যিকার উদাহরণ। প্রতিটা পডকাস্টে কোথাও না কোথাও কান্না করে দিত। তার হাসির সারল্যের ন্যায়, কান্নার পর চোখ মোছার দৃশ্যটাও মকতবের ওসমানের মতো। এত নরোম মনের মানুষ এদেশে কেমনে রাজনীতি করবি ভাই? কখনো কাউন্সিলর না হয়ে কেন এমপি হতে গেলি?
তোকে আসলে এই জনতাই খু*ন করল, যারা তোকে স্বপ্ন দেখিয়েছে। জনতার টাকায় জনতার রাজনীতি শিখিয়েছে। তোকে খু*ন করল তোর সরলতা, তোর কায়মনো মুনাজাত, তোর অতিমাত্রায় দরদি মন। তোকে খু*ন করল তোরই হাসি, তোর নিত্যসাধারণ জীবনযাপন। এই নষ্ট জনপদের জন্য, কেন নিজের জীবনটা বিলিয়ে দিতে গেলি? কীভাবে সহ্য করবে তোর স্ত্রী, মা, বোন কিংবা দশ মাসের নিষ্পাপ সন্তান?
আমি জানি হাদি কখনো কথা শুনত না। যদি বলতাম দরকার নেই নিজের খেয়ে এত মাফিয়া-পান্ডার সাথে যুদ্ধ করার। সে বলত কেবল আমি নই, আমার সন্তান, তার সন্তান সবাই যেন সার্বভৌমত্বের জন্য লড়াই করে। এ ছেলে পাগল না তো কী?
হাদি কিন্তু কেঁদে কেঁদে তার হ*ত্যাকারীর নাম বলে গেছে। হাদিকে তিলে তিলে হ*ত্যা করেছে তার বাবা। সে বলেছে তার যতটুকু সাহস, যতটা বোধ ও বক্তব্য—সব তার বাবা থেকে পাওয়া। একটা ছেলেকে এতটা মাটি ও মানুষের কেন বানাতে হবে? কেন তাকে শেখাতে হবে যে মুখে বিপ্লব স্ফুলিঙ্গ তোলে, একই মুখে সরলতার হাসি কীভাবে ধরে রাখা যায়? কেন তাকে এতটা বেপরোয়া, এতটা দুঃসাহসী, সরল ও সফেদ বানাতে হবে?
আচ্ছা, হাদির খু*নি যেদিন কালচারাল সেন্টারে গেল, হাদি কি তার জন্যও জায়নামাজ বিছিয়ে দিয়েছিল? এমন একটা মানুষকে হ*ত্যা করে, সে কি সত্যিই কোথাও শান্তির ঘুম ঘুমাতে পারছে? হাদি তো জান্নাতে চলে গেছে, সে কীভাবে নিজের জাহান্নামের পথে এগোচ্ছে? খুব জানতে ইচ্ছে করে..
©️