14/11/2024
ইমাম আহমদ ইবন হাম্বল রহিমাহুল্লাহ: বিনম্রতা ও আত্মশুদ্ধির এক উজ্জ্বল দৃষ্টান্ত
ইমাম আহমদ ইবন হাম্বল রহিমাহুল্লাহ-এর জীবন হলো বিনম্রতা ও আত্মশুদ্ধির এক অনন্য উদাহরণ। ইমাম ইয়াহইয়া ইবন মাঈন রহিমাহুল্লাহ এক সময় বলেছিলেন, “আমি ইমাম আহমদ রহিমাহুল্লাহ-এর মতো কাউকে দেখিনি। তাঁর সাথে পঞ্চাশ বছর সঙ্গ দিয়েছি, কিন্তু তিনি কখনো আমাদের সামনে তাঁর বুজুর্গী ও ইলমের জন্য গর্ব করেননি।”
এটি প্রমাণ করে ইমাম আহমদ রহিমাহুল্লাহ কতটা বিনম্র ও সাধারণ জীবন যাপন করতেন। তাঁর জীবনের প্রতিটি মুহূর্ত সকলের জন্য বিনয়ের উদাহরণ হয়ে আছে।
বিনম্রতা ও আত্মপ্রত্যয়ের আলোকময় জীবন
ইমাম আহমদ রহিমাহুল্লাহ বলতেন, “আমরা এক গরিব জাতি।” এটি তাঁর নিরহংকার স্বভাব ও দীনতার বহিঃপ্রকাশ। বাগদাদের বাজারে কাঠের বোঝা কাঁধে তুলে নিয়ে যাওয়ার সময় প্রায় সকলে তাকে চিনে ফেলেন। দোকানীরা দোকান ফেলে, ব্যাবসায়ীরা কাজ ফেলে আর পথচারিরা সালাম দিয়ে তাঁকে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তখন তিনি লজ্জিত হয়ে বলেন, “আমরা এক গরিব জাতি। যদি আল্লাহ আমাদের গোনাহগুলিকে গোপন না রাখতেন, তাহলে আমরা লজ্জিত হতাম!” এই কথাগুলোতে তাঁর মনের গভীর আত্মপ্রবোধ স্পষ্ট হয়ে ওঠে।
খ্যাতির মোহ নয়, বরং আত্মশুদ্ধির অদম্য আকাঙ্ক্ষা
ইমাম আহমদ রহিমাহুল্লাহ কখনো নিজের খ্যাতি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন না। বরং তিনি দুঃখ প্রকাশ করে বলতেন, “হায়, যদি খ্যাতি না পেতাম। হায়, যদি মক্কার কোনো নির্জন পাহাড়ে থাকতাম এবং কেউ আমাকে না চিনতো!” তাঁর হৃদয়ের এই বিনম্র আকাঙ্ক্ষা, ইখলাসের ফলাফল আল্লাহ তা’আলা তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছিলেন, আজো আছেন আমাদের হৃদয়ে।
আত্মসমালোচনার শিক্ষণীয় দৃষ্টান্ত
ইমাম আহমদ রহিমাহুল্লাহ যখন নিজের কোনো প্রশংসা শুনতেন, তখন তিনি বলতেন, “আল্লাহ সাক্ষী, আমি আপনার এই কথায় আপনাকে ঘৃণা করি। আল্লাহর কসম, যদি আপনি আমার পাপ ও ভুলগুলো জানতেন, তাহলে আমার মাথায় মাটি ছিটিয়ে দিতেন।” এটি প্রমাণ করে যে তিনি নিজের ভুল ও ত্রুটি সম্পর্কে কতটা সচেতন ছিলেন। তিনি কখনোই নিজেকে পরিপূর্ণ দীনদার ভাবতেন না এবং আল্লাহর সামনে নিজের ত্রুটিগুলো স্বীকার করতেন।
ইমাম আহমদ রহিমাহুল্লাহ-এর জীবন থেকে শিক্ষণীয় কিছু বিষয়
১. বিনম্রতা ও সহমর্মিতা: ইমাম আহমদ রহিমাহুল্লাহ কোনোদিনই তাঁর জ্ঞান বা মর্যাদার জন্য গর্ব করেননি। এটি আমাদের শিক্ষা দেয় যে, মানুষের মাঝে দীনতা ও সহমর্মিতা থাকা উচিত।
২. আত্মপ্রবোধ ও আত্মবিশ্লেষণ: নিজেকে কখনোই সম্পূর্ণ মনে না করা এবং নিজের ভুল ও ত্রুটি সম্পর্কে সচেতন থাকা। অথচ মনে হয় যেনো, আমাদের কোন ভুলই হয় না!!!
৩. খ্যাতি থেকে দূরে থাকা: বর্তমান যুগে খ্যাতি ও জনপ্রিয়তার পেছনে ছুটে চলা যেন আমাদের স্বাভাবিক কর্ম হয়ে উঠেছে। অথচ ইমাম আহমদ রহিমাহুল্লাহের জীবন আমাদের শেখায়, খ্যাতির পেছনে না ছুটে বরং নিজেকে শুধরানোর চেষ্টা করা।
৪. সাহায্য ও সাহায্যের বিনিময়: তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন এবং অন্যের সাহায্যের ওপর নির্ভর করতেন না। এটি আমাদের আত্মনির্ভরশীল হতে শেখায়।
ইমাম আহমদ রহিমাহুল্লাহ-এর জীবনের শিক্ষনীয় দিক কেবলমাত্র তাঁর সময়ের মুসলিমদের জন্য নয়, বরং আজকের যুগের প্রতিটি মানুষের জন্যও এক বিশাল শিক্ষার উৎস হয়ে আছে। তাঁর বিনম্রতা, আত্মপ্রবোধ, এবং খ্যাতি থেকে দূরে থাকার মনোভাব আমাদের জন্য উদাহরণ হয়ে থাকবে চিরকাল, ইন শা আল্লাহ।
হে আরশের রব আপনি আমাদের প্রিয় এই ইমামকে ক্ষমা করুন, মর্যাদাকে সমুন্নত করুন, জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন। আমীন
-খালিদ আবিদুল্লাহ
সম্পাদনা, ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া হাফিযাহুল্লাহ