30/11/2025
আব্বাসি খলিফারা বিশেষ করে আল মামুন গ্রিক ভাষা থেকে দর্শন ও বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থাদি আরবিতে অনুবাদ করতে উৎসাহিত করে৷ যা এক সময় আধুনিক বিশ্বের ও ইউরোপীয় রেনেসাঁসের ভিত্তি হিসেবে কাজও করে।
খ্রিস্টান পণ্ডিতদের অনেকে তখন গ্রিক ও আরবি ভাষায় পারদর্শী ছিলেন। বিশেষ করে হুনায়ন ইবনে ইসহাক ও তার শিক্ষার্থী পরিমন্ডল প্রাচীন গ্রিক দার্শনিক, বিজ্ঞানী ও পণ্ডিতদের রচনাসমূহ অনুবাদে অসামান্য ভূমিকা পালন করে। ৮৬১ থেকে ৮৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভিন্ন খলিফার অধীনে বায়তুল হিকমার প্রশাসক হিসেবে কাজ করার সময় হুনায়ন ও তার দল অসংখ্য গ্রিক গ্রন্থ আরবিতে রূপান্তর করেন। গ্যালেন, ওরিবাসিয়াস, পল অব আইজিনা, হিপোক্রেটিস, হুফুস অব এডেসা, ডিওসকোরিডিস ও থিওমনেস্টস-এর মতো চিকিৎসাবিদদের রচনা যেমন তারা অনুবাদ করেন, তেমনি দার্শনিক প্লেটো ও এরিস্টটল, গণিতজ্ঞ ইউক্লিড, অটোলাইকাস, টলেমি, এবং আর্টেমিডর, নিকোলাস অব দামাস্কাস, আর্কিমিডিস, মেনেলাওস, আপোলোনিয়াস অব টায়ানা, আলেকজান্ডার অব অ্যাফ্রোডিসিয়াস, পোরফাইরি ও থেমিস্টিয়াসের রচনাও আরবিতে রূপান্তর করেন। এই বিশাল অনুবাদ কর্ম ইসলামী বিশ্বে গ্রিক জ্ঞানের বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়।
এসব খ্রিস্টান পণ্ডিতরা গ্রিক ভাষা ও বৌদ্ধিক ঐতিহ্যে গভীরভাবে অভিজ্ঞ হওয়ায় মুসলিম দার্শনিকরা তাদের অতি মূল্যবান সহযোগী হিসেবে গণ্য করত। গ্রিক সাহিত্যকে আরবিতে অনুবাদের এই যৌথ উদ্যোগ আব্বাসীয় যুগের অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে—যে যুগকে আমরা আজ ইসলামের সোনালি যুগ বলে জানি।
পরবর্তীকালে এসব আরবি গ্রন্থ ল্যাটিন ভাষায় অনূদিত হয় মাইকেল স্কটাসের মতো পণ্ডিতদের হাত ধরে। তিনি টলেডোতে কাজ করার সময় এভারোয়েসের Historia Animalium ও On the Soul–এর অনুবাদ করেন। একই সময়ে জেরার্ড অব ক্রেমোনা আরবি ভাষায় সংরক্ষিত টলেমির Almagest-কে ল্যাটিনে রূপান্তর করেন। সিসিলি ও ইতালিতেও এ ধরনের ল্যাটিন অনুবাদের নিদর্শন পাওয়া যায়। এই অঞ্চল দুটির মাধ্যমেই ইসলামী বিশ্ব থেকে ইউরোপে জ্ঞান আমদানিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ তৈরি হয়। স্পেন ও ইতালি উভয়ই ইসলামী জ্ঞান (মুসলিমদের জ্ঞানতত্ত্ব) ইউরোপে পৌঁছে দেওয়ার কেন্দ্র হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করে।
স্পেনের কেন্দ্রস্থলে অবস্থিত টলেডো ইসলামী, খ্রিস্টান ও ইহুদি ঐতিহ্যের মিলনস্থলে পরিণত হয়ে ধীরে ধীরে ধ্রুপদি জ্ঞানচর্চার অন্যতম মহাকেন্দ্র হয়ে ওঠে। এখানে গ্রিক, রোমান, পারসিক ও ভারতীয় বহু গ্রন্থ আরবি ও ল্যাটিনে অনূদিত হয়। জেরার্ড অব ক্রেমোনা ও অ্যাডেলার্ড অব বাথ এর মতো অনুবাদকরা বিভিন্ন ধর্ম-বর্ণের পণ্ডিতদের সঙ্গে যৌথভাবে কাজ করেন।
টলেডোর গ্রন্থাগারে সংরক্ষিত ধ্রুপদি পাণ্ডুলিপিগুলো পশ্চিমা শিক্ষার্থীদের জন্য আরবি জ্ঞানের— প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, গণিত, জ্যোতির্বিদ্যা ও দর্শনের মতো শাখায় এক বিশাল দরজা উন্মোচন করে দেয়। এসব অনুবাদ কেবল স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি; বরং সেগুলো নকল করে সমগ্র ইউরোপে ছড়িয়ে দেওয়া হয়। এর ফলে ইউরোপে বৈজ্ঞানিক বিকাশের ভিত্তি স্থাপিত হয় এবং পরবর্তী সময়ে মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশেও প্রভাব ফেলে। টলেডো ও অনুরূপ জ্ঞানকেন্দ্রগুলো জ্ঞানবিনিময়কে গভীরতর করে ইউরোপের জ্ঞানতাত্ত্বিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলে। টলেডো এক ধরনের সাংস্কৃতিক–বৈজ্ঞানিক সংযোগস্থলে পরিণত হয়, যা ভবিষ্যতের জ্ঞানবিকাশের পথ সুগম করে।
অন্যদিকে সিসিলিতে ৯৬৫ খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের পর এবং ১০৯১ সালে নরমানদের পুনর্দখলের পর সেখানে নরমান–আরব–বাইজেন্টাইন সংস্কৃতির এক অনন্য সমন্বয় গড়ে ওঠে। নরমান শাসক রজার দ্বিতীয় মুসলিম সৈন্য, কবি ও বিজ্ঞানীদের তার দরবারে স্থান দিয়ে ইসলামী সংস্কৃতিকে সমর্থন জানান। এই সময় মরক্কোর ভূগোলবিদ মুহাম্মদ আল-ইদরিসি তাঁর বিখ্যাত ভূগোল গ্রন্থ The Book of Pleasant Journeys into Faraway Lands বা Tabula Rogeriana রচনা করেন, যা মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ভৌগোলিক রচনা হিসেবে স্বীকৃত ।
ক্রুসেডের সময়ও পশ্চিমা বিশ্ব ও লেভান্ট অঞ্চলের মধ্যকার জ্ঞানবিনিময় আরও গভীর হয়, যেখানে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল মূল সেতুবন্ধন । লেভান্টের শহর যেমন আন্তিওক আরব ও ল্যাটিন সংস্কৃতির গভীর পারস্পরিক প্রভাবের ক্ষেত্র হয়ে ওঠে। একাদশ ও দ্বাদশ শতাব্দীতে ইউরোপীয় খ্রিস্টান পণ্ডিত যেমন লিওনার্ডো ফিবোনাচ্চি, অ্যাডেলার্ড অব বাথ ও কনস্ট্যানটাইন আফ্রিকানুস— এরা মুসলিম অধ্যুষিত অঞ্চলে ভ্রমণ করে আরবি জ্ঞান অধ্যয়ন করেন। একাদশ থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত বহু ইউরোপীয় ছাত্র আব্বাসীয়দের উচ্চশিক্ষাকেন্দ্রে চিকিৎসাশাস্ত্র, দর্শন, গণিত, মহাকাশবিদ্যা প্রভৃতি বিষয়ে পড়াশোনা করেন। যা ধীরে ধীরে ইউরোপীয় জ্ঞানতত্ত্ব সমৃদ্ধ করতে সহায়তা করে।