Buddhist TV

Buddhist TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Buddhist TV, Buddhist Temple, Cox's Bazar.
(1)

তথাগত বুদ্ধের সেই অমৃতময়ী ধর্ম বাণী প্রচার ও প্রসারের নির্ভরযোগ্য একটি অনলাইন ভিত্তিক সাজানো নিউস প্লাটফর্ম।বুদ্ধের দর্শন ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে তুলে ধরার আমাদের প্রয়াস!🙏

www.Buddhisttvnewsonline.com

🔰অষ্ট লোকধর্ম কি কি? কিরূপে এসব লোকধর্ম মানুষের জীবনে সদাসর্বদা প্রভাব বিস্তার করে? অষ্টবিধ লােকধর্ম হচ্ছে:--- (ক) লাভ -...
19/06/2026

🔰অষ্ট লোকধর্ম কি কি? কিরূপে এসব লোকধর্ম মানুষের জীবনে সদাসর্বদা প্রভাব বিস্তার করে?

অষ্টবিধ লােকধর্ম হচ্ছে:--- (ক) লাভ - অলাভ (খ) যশ - অযশ (গ) নিন্দা - প্রশংসা (ঘ) সুখ - দুঃখ ।

এই আট প্রকার বিপরীতধর্মী পার্থিব অবস্থা দ্বারা প্রতিটি মানুষের জীবন কম - বেশী প্রভাবাধীন । মানব জীবনের পাপ - পুণ্য কিংবা উত্থান - পতনের সাথে এদের কর্ম - ক্রিয়া গভীরভাবে সম্পৃক্ত । তাই এদেরকে লােকধর্মরূপে বুদ্ধ আখ্যায়িত করেছেন । প্রত্যেকে চায় লাভ , যশ , প্রশংসা ও সুখ ; অলাভ , অযশ , নিন্দা ও দুঃখের ভাগী হতে কেহ চায় না । না চাইলেও এরা সবার জীবনে আসবেই । দুই বিপরীত মুখী অবস্থার একটা প্রাপ্ত হলে অপরটার জন্যে অবশ্যই তৈরী থাকা দরকার । এদের শুভ প্রভাব সুখকর হলেও মন্দ বা অশুভ প্রভাব বড়ই বেদনাদায়ক হয় , বহু সময় মানুষের জীবন তচনচ হয়ে যায় । খুব কমসংখ্যক লােক জীবনের এই ভাঙ্গা - গড়ায় সঠিক হাল ধরে ঠিকে থাকতে পারে ।

(ক). লাভ - অলাভ (GAIN and LOSS): লােকধর্মের প্রথম দুই বিপরীত অবস্থা হচ্ছে লাভ ক্ষতি (অলাভ) । এ সব মানুষের কর্ম - জীবনে ঘটে থাকে । লাভ - ক্ষতি সচরাচর ব্যবসায়ীদের জীবনের অঙ্গ স্বরূপ । এখানে শুধু ব্যবসায়ীর লাভ - ক্ষতিকে বুঝানাে হয়নি । কুশল কর্ম প্রভাবে কারাে জীবন হয় সুখপ্রদ , অকুশল কর্ম প্রভাবে কারাে জীবন হয় দুর্বিসহ । লাভকে সবাই হাসি মুখে বরণ করে নেয় , কিন্তু ক্ষতিকে অত সহজে অনেকেই গ্রহণ করতে পারে না । ক্ষতি যখন অসহনীয় হয়ে উঠে , কেহ কেহ তখন মানসিক ভারসাম্য রক্ষা করতে না পেরে আত্মহত্যা করে । এরূপ প্রতিকূল অবস্থায় জীবন - সংগ্রামী প্রত্যেককে সাহসী ও আত্মপ্রত্যয়ী হওয়া উচিত । তার বুঝা উচিত যে সবার জীবনে উত্থান - পতন আছে । প্রতিটি ব্যক্তিকে ক্ষতির জন্যে সর্বদা প্রস্তুত থাকা দরকার ; তবেই তাে খুব বড় মাপের ক্ষতিও মানুষকে তেমন হতাশ করতে পারে । জিনিষপত্র চুরি হলে অথবা কেহ হাইজ্যাক করলে , ঘর পােড়া গেলে বা ঝড় - তুফানে নষ্ট হলে কিংবা নিকটতম কেহ মারা গেলে মানুষ হতাশায় ভেঙ্গে পড়ে । যেহেতু সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয় , তার জন্যে বারংবার চিন্তা করে মন খারাপ করা নিতান্তই বৃথা । বুদ্ধের সময়ে বৌদ্ধ উপাসিকা মল্লিকাদেবী তথাগত বুদ্ধ প্রমুখ পঞ্চশত ভিক্ষুসঙ্ঘকে ভােজন দান করছিলেন । সে সময় ছােট্ট একটি চিরকুট পেয়ে মল্লিকা জানতে পারলেন যে তার স্বামী পুত্রেরা সবাই হত । কোশলরাজ প্রসেনজিতের নির্দেশে তারা সবাই বিদ্রোহ দমন করতে রাজ্য সীমান্তে গিয়েছিলেন । ভদ্র মহিলা এই দুঃসংবাদ পেয়েও কাউকে কিছু না বলে পত্রখানা কটিদেশে রেখে বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্ঘের পরিচর্যা করতে লাগলেন । পরিবেশনের সময় তাঁর পরিচারিকার অন্যমনস্কতায় হস্তচ্যুত হয়ে ঘৃতের কলসী ভেঙ্গে যায় । তিনি তা অপনয়ন করিয়ে অন্য কলসী এনে পরিবেশন করালেন । খাওয়া শেষে ভগবান কথা উত্থাপন প্রসঙ্গে বললেন , “ মল্লিকে , যা ভঙ্গুর তা ভেঙ্গেছে , এর জন্যে চিন্তা করাে না । ” তখন মল্লিকা কটিদেশ হতে পত্রখানি বের করে বললেন , “ ভন্তে , লােকে আমাকে এ পত্রে জানিয়েছে যে আজ আমার বত্রিশ জন পুত্রের ও স্বামীর শিরচ্ছেদ হয়েছে । এ খবর শুনে অনর্থক শােকগ্রস্ত হইনি , ঘৃত কলসীর জন্য চিন্তা করব কেন ? ” সাহসী মহিলার এরূপ নির্ভীকতাপূর্ণ বাক্য খুবই প্রশংসনীয় বৈকি ! বিপদে হতবুদ্ধি না হওয়া জ্ঞানীর লক্ষণ ।

(খ). যশ - অযশ ( FAME and DEFAME ): যশ - অযশ অষ্ট লােকধর্মের দ্বিতীয় দুই বিপরীত অবস্থা । দৈনন্দিন জীবন পরিচালনায় আমাদেরকে এ দুটো অনিবার্য অবস্থার সম্মুখীন হতে হয় । যশকে আমরা সবাই স্বাগত জানাই , অযশকে আমরা পছন্দ করি না । যশ আমাদের মনকে উল্লসিত করে , কিন্তু অযশ আমাদেরকে হতাশ করে । যশ হল খ্যাতি , আর অযশ হল অখ্যাতি । আমরা খ্যাতিমান হতে চাই ; পত্র - পত্রিকায় ছবিসহ নাম দেখার বড়ই আগ্রহী আমরা । আমাদের কাজকর্ম যতই গুরুত্বহীন হােক না কেন , প্রচারিত হলে আমরা আনন্দ পাই । মাঝে মধ্যে আমরা অবাঞ্চিত প্রচারেও ইচ্ছুক । ম্যাগাজিনে বা পত্র - পত্রিকায় নিজ ছবি দেখতে কেহ কেহ অর্থ প্রদানেও রাজী । স্বল্প সময়ের সম্মানের জন্যে অনেকেই উৎকোচ প্রদানেও প্রস্তুত কিংবা ক্ষমতাসীন দলকে মােটা অঙ্কের চাঁদা দিতেও প্রস্তুত । নিছক পরিচিতির উদ্দেশ্যে কেহ বহু মানুষকে নিমন্ত্রণ খাইয়ে দানবীর হতে চান , অথচ প্রতিবেশী গরীব অথবা অভাবী মানুষের প্রতি মুখ ফিরিয়ে তাকান । অভাবের তাড়নায় কেহ চুরি করলে তাকে তারা শাস্তি দেন , কিন্তু সুনামের স্বার্থে সম্পদের অপব্যবহারে তারা কুণ্ঠাবােধ করেন না । এসব হচ্ছে মানুষের চরিত্রের দুর্বলতা । এমন কি কোন কোন সৎকাজ অনেকে বিশেষ উদ্দেশ্যপ্রণােদিত হয়ে সম্পাদন করে । স্বার্থহীন ব্যক্তি জগতে দুর্লভ । সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করার লােক সংসারে নিতান্তই কম । আসলে যশের আকাঙ্খী হওয়া উচিত না । যশ মূলতঃ এক প্রকার জনরব বা জনশ্রুতি , যা পদ্মপত্রের জলের ন্যায় টলটলায়মান , যে কোন সময় এর পতন অনিবার্য । আমরা যদি যশ - খ্যাতির যােগ্য হই , তাহলে না চাইলেও এটা আসবে । মধুর লােভে মৌমাছিরা ফুলের প্রতি আকৃষ্ট হয় । ফুল কখনও মৌমাছিকে আবার আমন্ত্রণ জানায় না ।

বাস্তবিকপক্ষে আমরা সুখী অথবা অতিরিক্ত সুখী হই , যখন আমাদের যশ - খ্যাতি দেশ - বিদেশে ছড়িয়ে পড়ে । কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত যে মান - সম্মান কিংবা যশ - গৌরব কোনটাই স্থায়ী নয় । সবই ধ্বংসশীল , যদিও এসব কর্ণ সুখকর , তবুও এগুলাে অসার , অনিত্য , অর্থহীন ও নিস্ফল বাক্য ছাড়া আর কিছুই নয় । এ সব পারলৌকিক জীবনে ফল প্রদানে অক্ষম । সুরম্য প্রাসাদ নির্মাণে বছরের পর বছর সময় লাগতে পারে । অথচ আধুনিক ধ্বংসাত্মক যন্ত্রের সাহায্যে তাকে দু'এক মিনিটে ধূলিস্মাৎ করা সম্ভব । তদ্রপ জীবনে সুনাম অর্জন করতে বছরের পর বছর , হয়তাে জীবনভর সময়ের প্রয়ােজন হতে পারে । কিন্তু কষ্টার্জিত সুনাম নষ্ট করতে এক মিনিট সময়েরও প্রয়ােজন হবে না । কিন্তু এই অখ্যাতিমূলক শব্দ দিয়ে আরম্ভ করা ক্ষতিকর মন্তব্য থেকে কোন মানুষ মুক্ত নয় । যেমন - হা , তিনি খুবই ভাল লোক , তিনি এ কাজ করেছেন , ওটা করেছেন ইত্যাদি , কিন্তু .......। এই ‘ কিন্তু দিয়ে বাক্য বলে তার সমস্ত ভাল কাজের সুখ্যাতি এক মুহুর্তে কালিমালিপ্ত করে দেয় । তথাগত বুদ্ধের ন্যায় জীবন যাপন করলেও আপনি সমালােচনা , আক্রমণ ও অপমানের ঊর্ধ্বে নন । মান - সম্মান ও লাভ - সৎকার কমে যাওয়ায় বুদ্ধের বিরুদ্ধবাদী অন্য তীর্থিকেরা বুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন । তাদের ষড়যন্ত্রের ফসল চিঞ্চা মানবিকার অপগৰ্ভ এবং জনৈক পরিব্রাজকের সুন্দরী মেয়ের মৃত্যু ঘটিয়ে অপপ্রচার এমন কি বুদ্ধের মামাত ভাই ও শিষ্য ভিক্ষু দেবদত্ত তথাগত বুদ্ধকে মারবার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হন । কিন্তু তিনি সম্যক সম্বুদ্ধ বলেই হত্যা করা কিছুতেই সম্ভব হয়নি । কোন দোষ - ত্রুটিহীন , নিস্পাপ ও পরিপূর্ণ পরিশুদ্ধ বুদ্ধের বেলায় যদি এরূপ হয় , তাহলে আমাদের মত সাধারণ মানুষের অবস্থা কী হতে পারে - একবার ভেবে দেখুন । আপনি পাহাড়ের যতই উপরে উঠবেন , অনায়াসে সবার দৃষ্টি আকর্ষণ করতে পারবেন । তবে সবার চোখে আপনি ক্রমশঃ ছােট হয়ে যাচ্ছেন । আপনার পিঠ দেখা গেলেও সামনের ভাগ থাকবে সবার অলক্ষ্যে । ছিদ্রান্বেষী বিশ্ব সততঃ আপনার দোষ - ত্রুটি ও অপকর্মগুলাে সবার সমক্ষে তুলে ধরবে এবং আপনার মুখ্য গুণসমূহ ঢেকে রাখবে । তুষ ঝাড়ার যন্ত্র তুষ ত্যাগ করে শুধু শস্যকেই রাখে । ঝাঝরি বরং স্থূল অংশ রেখে মিষ্ট রস ফেলে দেয় । জ্ঞানীরা অসার ত্যাগ করে সারই রাখেন । আর অজ্ঞানীরা সার ত্যাগ করে অসারকেই রাখে । কম আলােচিত হলে মনে করবেন যে আপনি অন্ততঃ কিছুটা জ্ঞানী হতে পেরেছেন । আপনি যতই বড় জ্ঞানী হবেন , ততই ভয়ঙ্কর ও মহত্তর অভিযােগ আপনার বিরুদ্ধে উত্থাপিত হবে । মিথ্যা অভিযােগের সংশােধন চেষ্টা করা বৃথা , যতক্ষণ আপনি পরিস্থিতির শিকার বা বাধ্য না হচ্ছেন । কারণ আপনি আঘাত প্রাপ্ত হয়েছেন দেখে শত্রুরা তৃপ্তি লাভ করে , সেটিই তাে তারা চেয়েছিল । আপনি যদি উপেক্ষার ভাব প্রদর্শন করেন , তাহলে সেই ভুল তথ্য আপনার বধির কর্ণে প্রবেশ করবে না । অপরের দোষ - ত্রুটি দেখেও অন্ধের মত আচরণ করা উচিত । অপরের বিরুদ্ধে সমালােচনা শুনেও বধিরের ন্যায় আচরণ করা উচিত । অপরের দুর্বাক্য শুনেও বােবার মত আচরণ করা উচিত । মিথ্যা অভিযােগের শেষ নেই , তাই এর পরিসমাপ্তি ঘটানাে সম্ভব না । এ দুনিয়া ফুলশয্যা নয় , অসংখ্য কাটা ও কঙ্করে পরিপূর্ণ । এদেরকে সরানাে সম্ভব না । হাঁটতে কষ্ট না হয় মত বরং জুতাে পরাই উত্তম কাজ । পায়ে ধূলাে না লাগার জন্যে রাস্তায় জল ঢেলে রাস্তা পরিষ্কারের চাইতে জুতাে পরাই বুদ্ধিমানের কাজ । ধর্মবাণী থেকে আমাদের শিক্ষা নেয়া । যেমন- সুত্তনিপাতের খগ্গবিসান সুত্তে আছে-

সীহাে চ অদ্ধেসু অসন্ত সন্তো ,
কতাে ব জালম্হি অসজ্জমানো ,
পদুমং ব তােয়েন অলিম্পমানো ,
একোচরে খগ্গবিসান কপ্পো ।

সিংহকে খাঁচায় আবদ্ধ রাখলে যেমন অশান্ত থাকে , বাতাসকে যেমন জালে আবদ্ধ করা যায় না। , জল যেমন পদ্মপত্রে লিপ্ত হয় না , তদ্রুপ জ্ঞানী ব্যক্তিরা সংসার ধর্মে অনাসক্ত হয়ে গণ্ডারের মত একাকী বিচরণ করেন । কুকুর ঘেউ ঘেউ করতে থাকে , কিন্তু বণিক দলের গাড়ী নিঃশব্দে সম্মুখ পানে চলতেই থাকে । কর্দমাক্ত মাটিতেই ফুটে উঠে হাজার হাজার পদ্মফুল , কিন্তু কোনটার গায়ে কর্দম লিপ্ত হয় না কিংবা এরা কলুষিত হয় না । পক্ষান্তরে তারা বিশ্বকে সুশােভিত করে । সেরূপ কাদা ছোঁড়াকে অগ্রাহ্য করে আমাদেরকে দোষমুক্ত মহৎ জীবন গড়ে তােলার চেষ্টা করা উচিত । মহৎ লােকেরা নাম - যশের প্রত্যাশী হয়ে কোন কাজ করেন না । তারা যশ কিংবা অযশে অনাসক্ত থাকেন । কারাে স্বীকৃতির আশায় তারা মানুষের মঙ্গল সাধন করেন না , এমন কি ফলের আশায়ও নয় ।

(গ). প্রশংসা - নিন্দা ( PRAISE and BLAME ): অষ্ট লােকধর্মের তৃতীয় বিপরীত অবস্থার জোড়া হচ্ছে নিন্দা প্রশংসা , যা প্রত্যেকের জীবনকে নিত্য আক্রান্ত করে । প্রশংসা করলে মানুষ স্বভাবতঃ উৎফুল্ল হয় , কিন্তু নিন্দা করলে উদ্যমহীন হয় । বুদ্ধ বলেন , জ্ঞানীরা প্রশংসা ও নিন্দায় উল্লসিত বা ভগ্নোদ্যম হয় না । শক্ত প্রস্তর খণ্ড যেমন বাতাসে কম্পিত হয় না , সেরূপ জ্ঞানীরাও সর্বাবস্থায় অবিচলিত থাকেন । প্রশংসা শুনতে কানে ভাল লাগে , কিন্তু তােষামােদপূর্ণ প্রশংসা প্রতারণার সামিল । সাংসারিক দৃষ্টিতে প্রশংসার ফল দূরপ্রসারী । সামান্য প্রশংসা করে কারও অনুগ্রহ লাভ করা সহজ । কিছু বলার পূর্বে দর্শককে আকৃষ্ট করার জন্যে তাদের প্রশংসাসূচক দু'একটা শব্দ কিংবা বাক্যই যথেষ্ট । প্রারম্ভেই যদি কোন বক্তা দর্শকের প্রশংসা করে , তবে দর্শকেরা তার কথায় মনযােগী হয় । আর সমালােচনা করলে সন্তোষজনক সাড়া পাওয়া মুস্কিল । অজ্ঞানীরা যেমনি কারও তােষামােদ করতে জানেন না , তেমনি তারা অপরের তােষামােদও চান না। প্রশংসার যােগ্যকে তারা ঈর্ষাহীন চিত্তে প্রশংসা করেন । আবার দোষীর যােগ্যকে তারা দোষারােপ করেন , ঘৃণা করে নয় বরং অনুগ্রহ করে তাদের সংশােধনের উদ্দেশ্য । মহৎ ব্যক্তিরা ছােটবড় সকলের দ্বারা প্রশংসিত হন , যদিও তাঁরা এর প্রত্যাশী নন । নিন্দার বেলায় বুদ্ধ বলেন , “ যারা বেশী কথা বলে , তারা নিন্দিত হয় । যারা কম কথা বলে , তারাও নিন্দিত হয় । যারা নীরব থাকে , তারাও নিন্দিত হয় । এ পৃথিবীতে অনিন্দিত কেউ নেই । ” তাই মানব জাতির নিকট এ নিন্দা সার্বজনীন সম্পদ স্বরূপ । যুদ্ধক্ষেত্রে হস্তী যেমন চতুর্দিকের নিক্ষিপ্ত তীর নীরবে সহ্য করে অটল থাকে , সেরূপ বুদ্ধ সকল অপমান নীরবে সহ্য করেন । বুদ্ধের জীবন থেকে তাই আমরা নিন্দার ব্যাপারে যােগ্য শিক্ষা লাভ করতে পারি । প্রতারক ও দুষ্ট প্রকৃতির লােকেরা অপরের কেবল কুৎসা রটনায় প্রবৃত্ত থাকে , গুণ - কীর্তনে নয় । তথাগত বুদ্ধ ব্যতীত জগতে শতে শতভাগ ভাল কেহ নেই । তবে শতে শতাংশ খারাপও কেহ নয় । আমাদের সর্বোত্তম ভালাের মধ্যেও মন্দ কিছু নিহিত থাকে ; আবার নেহাৎ খারাপের মধ্যেও ভাল কিছু বিদ্যমান । বুদ্ধ বলেন- যে লােক আক্রান্ত হয়ে , অপমানিত হয়ে কিংবা নিন্দিত হয়েও নিজকে স্বাভাবিক ও শান্ত রাখতে পারে , নির্বাণ লাভ না করলেও সে ব্যক্তি নির্বাণের দ্বারপ্রান্তে উপনীত ।

বুদ্ধের মামাত ভাই ও শিষ্য ভিক্ষু দেবদত্ত ঋদ্ধিশক্তির অধিকারী হয়েছিলেন । এই ঋদ্ধি শক্তির সাহায্যে তিনি বুদ্ধকে নিষ্প্রভ করতে চেয়েছিলেন , শুধু তা নয় পাহাড়ের উপর থেকে প্রস্তর ছুঁড়ে বুদ্ধকে হত্যা করার বৃথা চেষ্টা চালান এবং হতার আরও বিবিধ কৌশল অবলম্বন করেন । কিন্তু বুদ্ধ এর কোন প্রতিশােধ গ্রহণ করেননি । না করলেও বুদ্ধ হত্যার ষড়যন্ত্র ও সঙ্ঘভেদের দরুণ তার গতি হয় অবীচি নরকে । এক সময় বুদ্ধ জনৈক ব্রাহ্মণের বাড়ীতে আমন্ত্রিত হয়ে গিয়ে দুর্ব্যবহার লাভ করেন । বুদ্ধ এর কোন প্রতিশােধ নেননি । বুদ্ধকে স্বামীরূপে বরণ করতে না পেরে মাগন্ধিয়া নাম্নী এক ব্রাহ্মণ - কন্যা বুদ্ধের বিরােধিতা শুরু করে । তারই নিযুক্ত মাতালের দুর্ব্যবহারের দ্বারা বুদ্ধকে বিবিধভাবে অপমান করার প্রচেষ্টা চলে । কিন্তু বুদ্ধ প্রতিশােধ না নিয়ে বরং তাদের প্রতি মৈত্রী প্রদর্শন করেন । বুদ্ধ বলেছেন , “ শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না , মিত্ৰতা বা মৈত্রী দ্বারাই উপশম হয় । ” মহাপুরুষদের আচরণ এরূপই । বুদ্ধকে আরও বহুভাবে অপমানের চেষ্টা চলে । বুদ্ধের মত কোন ধর্মগুরু এত বেশী প্রশংসিত হননি এবং এত তীব্রভাবে সমালােচিতও হননি । দার্শনিক সক্রেটিসকে তাঁর পত্নী সব সময় অপমান করত । যখনই তিনি পরের মঙ্গলার্থে ঘরের বের হতেন , তখনই তাঁর পত্নী তাকে তিরস্কার করত । একদিন সে অসুস্থ হয়ে তিরস্কার করার কথা ভুলে যায় । সেদিন সক্রেটিস বিমর্ষ মুখে ঘরের বাহির হলে বন্ধু তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করেন । জবাবে সক্রেটিস বলেন , “ আজ আমার স্ত্রী আমাকে তিরস্কার করে নাই । ” বন্ধু বলেন , “ তিরস্কৃত না হলে তাে খুশী হবার কথা । ” উত্তরে দার্শনিক বলেন , “ তিরস্কার করলে আমি ধৈর্য ’ গুণ অভ্যাস করার সুযােগ লাভ করি । আজ আমি সেই সুযােগ থেকে বঞ্চিত । এজন্যেই আমার দুঃখ । ” সকলের জন্যে এগুলাে স্মরণীয় উপদেশ বৈকি ! তাই অপমানিত হলে আমাদের চিন্তা করা উচিত যে ধৈর্য শিক্ষা করার একটি সুযােগ সৃষ্টি হল । বিরক্ত বা ক্রোধান্ধ না হয়ে বরং শত্রুপক্ষের প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত ।

(ঘ). সুখ - দুঃখ ( HAPPINESS and PAIN ): অষ্ট লােকধর্মের সর্বশেষ জোড়া অবস্থা হচ্ছে । সুখ - দুঃখ , যা মানব জীবন নিয়ন্ত্রণে অতীব শক্তিশালী উপাদান । সুখ সবার কাম্য , দুঃখ কারাে কাম্য নয় । যা বিনাকষ্টে ভােগ করা যায় , তা সুখ এবং যা ভােগ করা কষ্টকর এমনকি অসহনীয় , তা দুঃখ । আকাঙ্খার বিনােদন বা ইচ্ছা পূরণ হল সাধারণ সুখ । কিন্তু কোন একটা আকাঙ্খিত বস্তু লাভের সাথে সাথে সুখের নবতর আকাঙ্খার উদ্রেক হয় । অতএব আমাদের সুখের আকাঙ্খার শেষ নেই । তবে আমাদের সাধারণ লােকের নিকট ইন্দ্রিয়গত ভােগ - সুখই সবচেয়ে বড় সুখ । এর সাথে বস্তুগত সুখ তাে আছেই । এছাড়া বিত্ত - সম্পদ , ক্ষমতা , সম্মান ও স্বাস্থ্যসুখ সবার কাম্য । কিন্তু এ সবের মধ্যে কি সত্যিকারের সুখ নিহিত ? কারও কাছে যা সুখ , অপরের নিকট তা সুখ না হতেও পারে । মাংস ও মদ হয়তাে কারও কাছে সুখকর ভােজন হতে পারে , কিন্তু অন্যের নিকট তা বিষবৎ পরিতাজ্য । ভগবান তথাগত পৃথগৃজনের চার প্রকার সুখের কথা বলেছেন । যথা- ১। অত্থি সুখ, ২। ভােগ সুখ, ৩। অনন সুখ, ও ৪। অনবজ্জ সুখ ।

১। অত্থি সুখ (Bliss of ownership): অত্থি মানে আছে অর্থাৎ কিছু থাকা , যেমন ধন - সম্পদ , বিষয় - সম্পদ , স্বাস্থ্য - সম্পদ , সৌন্দর্য - সম্পদ , মনের আনন্দভাব , দীর্ঘায়ু , দৈহিক বল বা শক্তি - সামর্থ্য , পুত্র - কন্যা ইত্যাদি থাকা ।

২। ভােগ সুখ (Bliss of enjoyment) এ উল্লিখিত সম্পদের ভােগসুখই হচ্ছে দ্বিতীয় প্রকার সুখ । সাধারণ নর - নারী এ সব ভােগসুখেই রত থাকতে চায় । তাই বুদ্ধ কোন সময় সাংসারিক সুখ - ভােগ ত্যাগ করে নির্জনে ধ্যান - সাধনা করার জন্যে সবাইকে উপদেশ দিতেন না । বুদ্ধ বলতেন- ঐশ্বর্যের উন্মাদনায় যার চিত্ত অভিভূত , তার পক্ষে সেটা বর্জন করাই শ্রেয় । কিন্তু ধনের প্রতি যার আসক্তি নেই , যিনি অকুণ্ঠ চিত্তে স্বীয় সম্পদ মানবকল্যাণে বিতরণ করতে পারেন , তাঁর সম্পত্তি পরিত্যাগ করার কোন আবশ্যকতা নেই । তথাগতের ধর্ম কাকেও অকারণে গৃহহীন হতে বলে না । এ ধর্ম ভােগ - বিলাসের আতিশয্য ও চরম কৃচ্ছসাধন এ দুয়ের মধ্যবর্তী মধ্যম পন্থা শিক্ষা দিয়ে থাকে । গৃহত্যাগী ভিক্ষুও যদি নিরুদ্যম , নিবীর্য , অলস ও বিলাসপ্রিয় হয় , তাহলে তাঁর পক্ষে শ্রেয়েলাভ অসম্ভব । কি গৃহী , কি গৃহহীন ভিক্ষু , পবিত্র ধর্ম - ভাবনা দ্বারা যার চিত্ত ভাবিত হয় , নিঃসন্দেহে তিনিই পরম শান্তি নির্বাণ লাভে কৃতার্থ হন ।

৩। অনন সুখ (Bliss of debtlessness): ঋণগ্রস্ত না হওয়া এটাকেই বলা হয় অনন সুখ বা অনন্য সুখ । আমি যদি মিতব্যয়ী হই এবং আমার যা আছে তাতে সন্তুষ্ট থাকি , তাহলে কারও কাছে ঋণ করার প্রয়ােজন নেই । ঋণগ্রস্ত ব্যক্তিরা দুঃসহ যন্ত্রণার মধ্যে জীবন কাটায় । তারা তাদের ঋণদাতার বাধ্য । গরীব হলেও ঋণমুক্ত থাকা উচিত । তবেই মনের সুখে জীবন যাপন করা যায় ।

৪। অনবজ্জ সুখ (Bliss of blamelessness): অনবজ্জ সুখ মানে দোষমুক্ত জীবন যাপনের সুখ । একজন পৃথগজনের পক্ষে দোষমুক্ত বা অনিন্দিত জীবন যাপন করাই পরম সুখ । নিন্দাহীন বা নিষ্কলঙ্ক ব্যক্তি নিজ - পর উভয়ের আশীর্বাদ স্বরূপ । তিনি সকলের দ্বারা প্রশংসিত হন ; সকলেই তাকে শ্রদ্ধা করে । এটা সত্য যে সকলের থেকে সুনাম পাওয়া বড়ই কঠিন ব্যাপার । সুখের স্বাদ মধুর , কিন্তু দুঃখের স্বাদ বড়ই তিক্ত , সহ্য করা কঠিন । বৃদ্ধ বয়সে মানুষ দুঃখ কষ্ট ভােগ করে এটা স্বাভাবিক । এ দুঃখ থেকেও বেশী কষ্টকর হল রােগ - ভােগ । রােগ যদি দীর্ঘস্থায়ী হয় , তাহলে দুঃখের সীমা থাকে না , তখন মরণই কাম্য । এমনকি সামান্য দন্তশূল বা মাথা কামড়ি মাঝে মধ্যে অসহনীয় হয়ে উঠে । আমাদের নিকটতম ব্যক্তির বিচ্ছেদে আমরা হতাশ হয়ে পড়ি , মনঃকষ্ট বেড়ে যায় । কিন্তু আমাদের বুঝা উচিত সকলকেই চলে যেতে হবে । ভেঙ্গে পড়লে চলবে না । তখনই মনের সমভাব সৃষ্টির উপযুক্ত সময় , সংসারের মধ্যে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে আপন জনের মৃত্যু । কিন্তু এই মৃত্যু - দুঃখ সহ্য করতে হবে কর্মকে স্বীকার করে । বুদ্ধের উপদেশ - ‘ সব্বে সত্ত্বা কম্মস্সকা । সকল জীব কর্মাধীন ।

পটাচারা তার পিতামাতা , স্বামী , ভ্রাতা ও দুই ছেলে হারিয়ে পাগলের ন্যায় জীবন যাপন করতে বাধ্য হন । কিন্তু বুদ্ধের সান্ত্বনা বাক্যে শুনে ভিক্ষুণী হয়ে অর্হত্ব লাভ করতে সক্ষম হন । কৃশা গৌতমী তার একমাত্র মৃত শিশু - সন্তানকে বাঁচানাের জন্যে বুদ্ধ নির্দেশিত মৃত্যুহীন গৃহে সরিষা বীজের সন্ধানে ঘুরে বেড়ান । কিন্তু সরিষা বীজ পেলেও মৃত্যুহীন গৃহ তৎকালীন শ্রাবস্তীতে খুঁজে পাননি । তাই তিনি বুঝতে পারলেন যে মৃত্যু সবার অনিবার্য পরিণতি । তিনিও ভিক্ষুণী হয়ে অৰ্হত্ব লাভে জীবন সার্থক করেন । একজন মাকে প্রশ্ন করা হল , কেন তিনি তার একমাত্র সন্তানের মর্মান্তিক মৃত্যুতে কান্নাকাটি করেননি । উত্তরে তিনি বলেন , “ বিনা আমন্ত্রণে সে এসেছিল , সবার অজ্ঞাতে সে চলে গেল । সে যেভাবে এসেছিল , সেভাবেই চলে গেল । আমরা কেন তার জন্যে কান্না করব ? কান্না কারাে উপকারে আসবে ? ” বৃক্ষে ফল ধরে ঝড়ে যায়- তা পক্ক অবস্থায়ও হতে পারে , অপক্ক অবস্থায়ও হতে পারে । আমাদের জীবনও তাই । আমরা প্রত্যেকে মরব , কেহ শিশুকালে , কেহ যৌবনে অথবা কেহ বৃদ্ধকালে , মৃত্যুর কোন ব্যতিক্রম হবে না এটা হবেই । জীবন অনিশ্চিত কিন্তু মৃত্যু নিশ্চিত । তাই সর্বাবস্থায় চিত্তের সমভাব রক্ষা করা দরকার । পৃথিবীর প্রতিটি মানুষ লাভ , যশ , প্রশংসা ও সুখে উন্নত ও বিহ্বল হয়ে যায় । আবার অলাভ , অখ্যাতি (অযশ) , নিন্দা ও দুঃখের দ্বারা অবনত ও মিয়মান হয়ে পড়ে । কিন্তু বুদ্ধ বলেছেন-

ফুট্ঠস্স লােকধম্মেহি চিত্তং যস্স ন কম্পতি, অসােকং বিরজং খেমং, এতং মঙ্গলমুত্তমং। (মঙ্গল সূত্র)

এ অষ্টবিধ লােকধর্মে যার চিত্ত বিচলিত হয় না , শােকহীন থাকে , রজঃ বা লােভ - দ্বেষ মােহহীন থাকে এবং ভয়হীন থাকে -- এতে হয় উত্তম মঙ্গল । তাই সর্বাবস্থায় মনের সমভাব বজায় রাখার প্রচেষ্টা চালানাে দরকার ।

🪷 বুদ্ধের মূল শিক্ষা: চারি আর্যসত্য(চতুরার্যসত্য)🪷গৌতম বুদ্ধ বোধিলাভের পর সর্বপ্রথম যে ধর্মদেশনা প্রদান করেছিলেন, তার মূ...
16/06/2026

🪷 বুদ্ধের মূল শিক্ষা: চারি আর্যসত্য(চতুরার্যসত্য)🪷

গৌতম বুদ্ধ বোধিলাভের পর সর্বপ্রথম যে ধর্মদেশনা প্রদান করেছিলেন, তার মূল বিষয় ছিল চারি আর্যসত্য। এটি বৌদ্ধধর্মের ভিত্তি এবং সমগ্র ধর্মচর্চার সারমর্ম। চারি আর্যসত্য মানবজীবনের দুঃখ, তার কারণ, দুঃখমুক্তির সম্ভাবনা এবং মুক্তির পথ সম্পর্কে শিক্ষা দেয়।

১। #দুঃখ আর্যসত্য (Dukkha Ariya Sacca)অর্থঃ
জীবন দুঃখময়—এটাই প্রথম আর্যসত্য।

#দুঃখের প্রকারভেদঃ-
👉জাতি দুঃখ — জন্মগ্রহণ করা দুঃখ।
👉জরা দুঃখ — বার্ধক্যজনিত কষ্ট।
👉ব্যাধি দুঃখ — রোগ-শোকের যন্ত্রণা।
👉মরণ দুঃখ — মৃত্যুর ভয় ও কষ্ট।
👉অপ্রিয়ের সংযোগ — অপছন্দের ব্যক্তি বা বস্তুর সঙ্গে মিলন।
👉প্রিয়ের বিয়োগ — প্রিয়জন থেকে বিচ্ছেদ।
👉ইচ্ছিত বস্তু না পাওয়া — আশা পূরণ না হওয়া।
👉সংক্ষেপে পঞ্চোপাদানস্কন্ধ দুঃখ — দেহ ও মনের প্রতি আসক্তির কারণে দুঃখ।

#শিক্ষাঃ-
বুদ্ধ দুঃখের কথা বলেছেন মানুষকে হতাশ করার জন্য নয়; বরং দুঃখকে সঠিকভাবে বুঝে তা থেকে মুক্তির পথ দেখানোর জন্য।

২। #দুঃখসমুদয় আর্যসত্য (Samudaya Ariya Sacca)
অর্থঃ-
দুঃখের উৎপত্তির কারণ আছে।
#দুঃখের মূল কারণ:
তৃষ্ণা (তণ্হা) বা অতৃপ্ত কামনা-বাসনা।
#তৃষ্ণা তিন প্রকারঃ—
1. কামতৃষ্ণা — ইন্দ্রিয়সুখের আকাঙ্ক্ষা।
2. ভবতৃষ্ণা — চিরস্থায়ীভাবে বেঁচে থাকার আকাঙ্ক্ষা।
3. বিভবতৃষ্ণা — ধ্বংস বা বিনাশের আকাঙ্ক্ষা।

#শিক্ষাঃ-
তৃষ্ণা থেকে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কর্ম, কর্ম থেকে পুনর্জন্ম এবং পুনর্জন্ম থেকে দুঃখের চক্র অব্যাহত থাকে।

৩। #দুঃখনিরোধ আর্যসত্য (Nirodha Ariya Sacca)
অর্থঃ

দুঃখের সম্পূর্ণ অবসান সম্ভব।
কীভাবে?
তৃষ্ণার সম্পূর্ণ ক্ষয়, পরিত্যাগ ও নির্মূলের মাধ্যমে।

#ফলঃ-
এই অবস্থাকে বলা হয় নির্বাণ।
নির্বাণ হলোঃ—
লোভের নিবৃত্তি,দ্বেষের নিবৃত্তি,মোহের নিবৃত্তি,সর্বোচ্চ শান্তি,জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি।

#শিক্ষাঃ-
মানুষ নিজ প্রচেষ্টা ও সাধনার মাধ্যমে নির্বাণ লাভ করতে পারে।

৪। #দুঃখনিরোধগামিনী প্রতিপদা আর্যসত্য(Magga Ariya Sacca)অর্থঃ-
দুঃখ নিবৃত্তির পথ আছে। এই পথ হলো আর্য অষ্টাঙ্গিক মার্গ।

#আর্য অষ্টাঙ্গিক মার্গঃ-
#প্রজ্ঞা (পঞ্ঞা)
১. সম্যক দৃষ্টি
২. সম্যক সংকল্প

#শীল (নৈতিকতা)
৩. সম্যক বাক্য
৪. সম্যক কর্ম
৫. সম্যক জীবিকা

#সমাধি (মানসিক উন্নয়ন)
৬. সম্যক ব্যায়াম
৭. সম্যক স্মৃতি
৮. সম্যক সমাধি

#শিক্ষাঃ-
এই আটটি পথ অনুসরণ করলে মন পবিত্র হয়, প্রজ্ঞার বিকাশ ঘটে এবং নির্বাণ লাভ সম্ভব হয়।

🌼 #চিকিৎসকের উপমাঃ-
বুদ্ধ চারি আর্যসত্যকে একজন চিকিৎসকের চিকিৎসা পদ্ধতির সঙ্গে তুলনা করেছেনঃ—
চিকিৎসা চারি আর্যসত্য
রোগ দুঃখ
রোগের কারণ তৃষ্ণা
রোগমুক্তি নির্বাণ
চিকিৎসা পদ্ধতি অষ্টাঙ্গিক মার্গ

🌸 #চারি আর্যসত্যের গুরুত্বঃ-
✅ বৌদ্ধধর্মের মৌলিক ভিত্তি।
✅ মানবজীবনের প্রকৃত অবস্থা ব্যাখ্যা করে।
✅ দুঃখের কারণ শনাক্ত করতে সাহায্য করে।
✅ মুক্তির পথ নির্দেশ করে।
✅ নৈতিক, মানসিক ও আধ্যাত্মিক উন্নয়নের শিক্ষা দেয়।
🪷 #পরিশেষেঃ-
চারি আর্যসত্য আমাদের শেখায়ঃ—
“দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করা সম্ভব এবং দুঃখ দূর করার একটি নিশ্চিত পথ আছে।”
#এই চারটি মহান সত্য উপলব্ধি ও অনুশীলনের মাধ্যমেই মানুষ পরম শান্তি, সুখ এবং নির্বাণ লাভ করতে পারে।

🙏🏵️সাব্বে সত্তা সুখিতা হোন্তু। 🏵️🙏






🎉শুভ জন্ম তিথির পুষ্প অর্ঘ্য ও শুভেচ্ছা বার্তা:জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের সুযোগ্য উত্তরসূর...
15/06/2026

🎉শুভ জন্ম তিথির পুষ্প অর্ঘ্য ও শুভেচ্ছা বার্তা:

জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের সুযোগ্য উত্তরসূরি ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির, পুরাতন রূমখাঁ ত্রিরত্ন বৌদ্ধ বিহারের সুযোগ্য পরিচালক, বৌদ্ধদের আর্থিক উন্নয়নের অন্যতম যুগান্তকারী পদক্ষেপ "স্বপ্নযাত্রা বুড্ডিস্ট কো-অপারেটিভ লিমিটেড" এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান, ত্রিরত্ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা, কুশলায়ন উচ্চ বিদ্যালয়,উখিয়া, কক্সবাজার এর দাতা সদস্য, বৌদ্ধিক চেতনাসম্পন্ন সমাজ বিনির্মাণে যার অক্লান্ত পরিশ্রম, ত্যাগী, মানবতাবাদী চেতনাসম্পন্ন, প্রচারবিমূখ #ভদন্ত_জ্যোতি_প্রিয়_থের মহোদয়ের ৪২তম শুভ জন্মদিনে জানাই কৃতজ্ঞচিত্তে বন্দনা ও অভিনন্দন।

আমরা Buddhist TV পরিবারের পক্ষে পূজ্য ভান্তের আগামী পথচলা আরও সাফল্য কামনা করছি এবং নিরোগ ও দীর্ঘায়ু জীবন কামনা করছি।

🔶বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি-শীলা, সমাধি ও প্রজ্ঞার চর্চা মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি করবেন?আমাদের জীবনে সবচেয়ে বড়ো সংগ্রাম হ...
13/06/2026

🔶বৌদ্ধ দর্শনের মূল ভিত্তি-শীলা, সমাধি ও প্রজ্ঞার চর্চা মাধ্যমে কিভাবে আত্মশুদ্ধি করবেন?

আমাদের জীবনে সবচেয়ে বড়ো সংগ্রাম হয়তো নিজেদের সঙ্গেই। মানুষের জীবনের মূল সমস্যা হলো দুঃখ। আমরা সুখ চাই, কিন্তু নানা কারণে কষ্ট পাই-অসুখ, ক্ষতি, ভয়, সম্পর্কের টানাপোড়েন, মৃত্যুভয়। মনের ভেতরের লোভ, রাগ, ঈর্ষা আর হতাশার অন্ধকার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ যুগে যুগে পথ খুঁজেছে। গৌতম বুদ্ধ সেই পথটি দেখিয়েছিলেন আড়াই হাজার বছর আগে। তিনি শিখিয়েছিলেন, মুক্তি কোনো অলৌকিক দান নয়, বরং একটি সুশৃঙ্খল চর্চা।

বুদ্ধ যখন জ্ঞান লাভ করলেন, তখন তিনি আবিষ্কার করলেন দুঃখ থেকে মুক্তির একটি বাস্তব, বৈজ্ঞানিক পথ। সেই পথ হলো শীলা বা শীল (নৈতিকতা), সমাধি (মনসংযম, ধ্যান) ও পঞ্ঞা (প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি)।
এই তিনটি ধাপকে একত্রে বলা হয় আধ্যাত্মিক প্রশিক্ষণ (adhisīla, adhicitta, adhipaññā)।

এই ত্রি-স্তরীয় শিক্ষা কেবল বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য নয়, এটি এমন এক মানসিক বিজ্ঞান যা প্রতিটি মানুষকে আত্ম-উপলব্ধি এবং গভীর শান্তির দিকে পরিচালিত করতে পারে। এগুলো শুধু ধর্মীয় নিয়ম নয়-এগুলো জীবনকে রূপান্তরিত করার এক প্রাকটিক্যাল সিস্টেম। বৌদ্ধরা যেমন এগুলো চর্চা করে, তেমনি অন্য ধর্মের মানুষও এগুলো থেকে শিখতে পারে।

🔰এই প্রবন্ধে আমরা এই তিনটি স্তরের মর্মার্থ, তাদের পারস্পরিক সম্পর্ক এবং কীভাবে আধুনিক জীবনে এই শিক্ষাগুলো প্রয়োগ করা যায়, তা নিয়ে আলোচনা করব। সেই সাথে
• বুদ্ধের আসল শিক্ষা কী ছিল
• শীলা, সমাধি ও পঞ্ঞা কী বোঝায়
• বিজ্ঞান কীভাবে এগুলোকে সমর্থন করে
• জীবনে প্রয়োগ করলে কিভাবে বদল আনা যায়
• প্রতিবন্ধকতা ও তার সমাধান

🔹ইতিহাস ও সূত্র: বুদ্ধের বাণী
বুদ্ধ বারবার বলেছেন-
“সবে মন্দ কাজ ত্যাগ কর, সবে শুভ কাজ কর, চিত্তকে বিশুদ্ধ কর। এটাই বুদ্ধদের শিক্ষা।”
(ধম্মপদ - ১৮৩)
এখানেই শীল-সমাধি-প্রজ্ঞার সারমর্ম।
• মন্দ কাজ ত্যাগ করা = শীল
• চিত্ত বিশুদ্ধ করা = সমাধি
• সঠিক বোধ লাভ করা = প্রজ্ঞা

আরেক জায়গায়, আনাপানাস্মৃতি সুত্রে (Majjhima Nikāya 118), বুদ্ধ বলেছেন-
“যে ধ্যান করে শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ করে, সে নৈতিকতা, মনসংযম ও প্রজ্ঞাকে পরিপূর্ণ করে।”
অর্থাৎ, ধ্যানের ভেতরেই এই তিনটি ধাপ একত্রিত।

🔹১. শীলা: নৈতিকতা, আত্মশুদ্ধির ও সুস্থ সম্পর্কের ভিত্তি
বৌদ্ধ দর্শনে শীলা/শীল মানে শুধু কিছু নিয়ম মেনে চলা নয়, বরং এটি হলো নৈতিক আচরণের একটি ভিত্তি যা নিজের এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি করে। এটি মানুষের মনকে শান্ত ও স্বচ্ছ করার প্রথম ধাপ। শীলার মূল ভিত্তি হলো পঞ্চশীল:
১.১ প্রাণী হত্যা থেকে বিরত থাকা: এটি কেবল জীব হত্যা না করা নয়, বরং সকল প্রাণের প্রতি মৈত্রী ও দয়া অনুভব করা।
১.২. চুরি করা থেকে বিরত থাকা: এর মানে হলো শুধু অন্যের সম্পদ না নেওয়া নয়, বরং সততা ও স্বচ্ছতার সঙ্গে জীবনযাপন করা।
১.৩. যৌ*ন অসদাচরণ থেকে বিরত থাকা: এটি সম্পর্কের পবিত্রতা এবং সম্মান বজায় রাখার গুরুত্ব বোঝায়।
১.৪. মিথ্যা কথা বলা থেকে বিরত থাকা: এর মাধ্যমে আমরা সত্যবাদী ও নির্ভরযোগ্য হয়ে উঠি।
১.৫. নেশাজাতীয় দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা: এটি আমাদের মনকে অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে মুক্ত রাখে, যাতে আমরা পরিষ্কারভাবে ভাবতে পারি।

❓কেন দরকার
নৈতিকতার মূল উদ্দেশ্য হলো মনকে শান্ত রাখা। অসৎ কাজ করলে অপরাধবোধ, ভয় ও উদ্বেগ বাড়ে। শীল পালন করলে অন্তরে নিরাপত্তা, স্বস্তি ও আস্থা জন্মায়।

প্র্যাকটিক্যাল ধাপ
প্রতিদিন সকাল-রাত ৫ মিনিট রিফ্লেকশন: “আজ কি আমি কারও ক্ষতি করেছি?”
শপথ লিখে রাখুন: ৭ দিন শুধু একটি শীল মেনে চলুন, যেমন-মিথ্যা না বলা বা ব্যভিচার না করা।
কমিউনিটি প্র্যাকটিস: ছোট দল বা পরিবার মিলে শীল পালনের প্রতিজ্ঞা করুন।

বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা
মনোবিজ্ঞান প্রমাণ করেছে-নৈতিক আচরণ (prosocial behavior) মস্তিষ্কে oxytocin বাড়ায়, যা আস্থা ও সামাজিক সম্পর্ক উন্নত করে। অপরাধবোধ কমলে স্ট্রেস হরমোন cortisol হ্রাস পায়।

আধুনিক সমাজে, শীলা হলো এক ধরনের সামাজিক চুক্তি, যা আমাদের সম্পর্কগুলোকে সুস্থ ও শক্তিশালী করে তোলে। যখন আমরা নৈতিকভাবে আচরণ করি, তখন আমাদের মনে কোনো অপরাধবোধ থাকে না, যা মনঃসংযমের পরবর্তী ধাপের জন্য অপরিহার্য।

🔹২. সমাধি (মনসংযম ও ধ্যান): মনের প্রশিক্ষণ
সমাধি মানে একাগ্রতা। এটি এমন এক অবস্থা যেখানে মন শান্ত, স্থির ও স্বচ্ছ থাকে। যদি শীলা শরীর ও কথার পরিশুদ্ধি ঘটায়, তবে সমাধি মনকে পরিশুদ্ধ করে। এটি হলো মনকে একাগ্র করার চর্চা। আমরা প্রায়ই দেখি আমাদের মন এক বিষয় থেকে অন্য বিষয়ে লাফিয়ে বেড়াচ্ছে, যা মানসিক চাপ ও অস্থিরতার জন্ম দেয়। সমাধি এই অস্থির মনকে শান্ত ও স্থির করতে সাহায্য করে।

আনাপানাস্মৃতি (শ্বাস-প্রশ্বাসের উপর মনঃসংযোগ) হলো সমাধির একটি সহজ ও কার্যকরী পদ্ধতি। যখন আমরা আমাদের শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দিই, তখন মন ধীরে ধীরে বর্তমান মুহূর্তে ফিরে আসে।

ধ্যানের ধাপ
• আনাপানাস্মৃতি (শ্বাস ধ্যান): শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ।
• মেত্তা(মৈত্রী) ভাবনা (প্রেমময় করুণা ধ্যান): নিজে ও অন্যের জন্য শুভকামনা।
• বিপাসনা (অন্তর্দৃষ্টি ধ্যান): সবকিছুর অনিত্যতা ও পরিবর্তনশীলতা দেখা।

প্র্যাকটিক্যাল ধাপ
• প্রতিদিন ১০ মিনিট শ্বাস-প্রশ্বাস পর্যবেক্ষণ।
• সপ্তাহে একবার দীর্ঘ ধ্যান (৩০–৪৫ মিনিট)।
• ধ্যানের ডায়েরি রাখা।

বিজ্ঞানের আলোকে ব্যাাখ্যা
বিজ্ঞানীরাও এখন ধ্যানের কার্যকারিতা স্বীকার করেছেন। নিউরোসায়েন্স গবেষণা বলছে, নিয়মিত ধ্যান করলে প্রিফ্রন্টাল কর্টেক্স (decision making), অ্যামিগডালা (ভয়) ও হিপোক্যাম্পাস (স্মৃতি)-তে ইতিবাচক পরিবর্তন আসে। নিয়মিত ধ্যান মস্তিষ্কের সেই অংশগুলোকে শক্তিশালী করে যা মনোযোগ ও আবেগ নিয়ন্ত্রণ করে। মেডিটেশন আমাদের স্ট্রেস হরমোন (cortisol) কমায় এবং সেরোটোনিন ও ডোপামিনের মতো সুখী হরমোন বাড়ায়।
Harvard ও MIT-র গবেষণা দেখিয়েছে mindfulness stress কমায়, ফোকাস বাড়ায়।

সমাধি চর্চা আমাদের মনের ভেতরের উত্তাল তরঙ্গকে শান্ত করে, ঠিক যেমন ঝড়ের পরে সমুদ্র শান্ত হয়ে যায়। এটি আমাদের আবেগগুলোকে পর্যবেক্ষণ করতে এবং সেগুলো থেকে বিচ্ছিন্ন থাকতে শেখায়।

🔹৩. পঞ্ঞা (প্রজ্ঞা): সঠিক বোধ ও অন্তর্দৃষ্টির জাগরণ
প্রজ্ঞা মানে গভীর অন্তর্দৃষ্টি-সবকিছু অনিত্য (anicca), দুঃখজনক (dukkha), ও অনাত্মা (anattā)।
শীলা ও সমাধির চর্চার মাধ্যমে যখন মন শান্ত ও স্বচ্ছ হয়, তখন পঞ্ঞা বা প্রজ্ঞার উদয় হয়। এটি কেবল জ্ঞান নয়, বরং বাস্তবতাকে তার প্রকৃত রূপে দেখার ক্ষমতা। বুদ্ধের মতে, দুঃখের মূল কারণ হলো বাস্তব সম্পর্কে আমাদের ভুল ধারণা (অবিদ্যা)। আমরা মনে করি, সবকিছু স্থায়ী, কিন্তু আসলে সবকিছুই পরিবর্তনশীল- অনিত্য (অনিচ্চ)। আমরা সবকিছুকে আমার বলে আঁকড়ে ধরতে চাই, কিন্তু প্রকৃতপক্ষে কোনো কিছু আমাদের নয় (অনত্তা)।

❓ কেন দরকার
শুধু নৈতিকতা বা ধ্যান করলেই মুক্তি আসে না। বাস্তবের প্রকৃতি বোঝা জরুরি। পঞ্ঞা আমাদের এই ভুল ধারণাগুলো ভাঙতে সাহায্য করে। যখন আমরা বুঝতে পারি যে জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, তখন আমরা হারানোর ভয়ে কম ভুগি। যখন আমরা বুঝতে পারি যে কোনো কিছুই আমাদের প্রকৃত সত্তা নয়, তখন অহংকার ও আত্মকেন্দ্রিকতা কমে আসে। এটি আমাদের জীবনের গভীর সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে। যেমন প্রতীত্যসমুৎপাদ (কারণ ও ফলের সম্পর্ক) এবং অষ্টাঙ্গিক মার্গ। পঞ্ঞা কোনো বই পড়ে অর্জিত জ্ঞান নয়, এটি হলো ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত গভীর উপলব্ধি।

প্র্যাকটিক্যাল ধাপ
• ধ্যান শেষে চিন্তা করুন: এই অনুভূতিটা স্থায়ী কি?
• প্রতিদিন জীবনের একটি সমস্যাকে অনিত্যতার দৃষ্টিতে বিশ্লেষণ করুন।
• ডায়েরিতে লিখুন: “আজ আমি কোন অনিত্য সত্য উপলব্ধি করলাম?”

বিজ্ঞানের আলোকে ব্যাাখ্যা
Existential psychology বলছে, অস্থায়িত্ব স্বীকার করা মানুষকে মানসিকভাবে স্থিতিশীল করে তোলে। Acceptance and Commitment Therapy (ACT)-তেও অনিত্যতার ধারণা ব্যবহার হয়।

🔹তিন ধাপের আন্তঃসংযোগ বা আন্তঃসম্পর্ক
শীলা, সমাধি, এবং পঞ্ঞা পরস্পর বিচ্ছিন্ন নয়, বরং একটি অন্যটির ওপর নির্ভরশীল। শীলা হলো নৈতিক ভিত্তি, যার ওপর সমাধি চর্চা সম্ভব হয়। একটি অস্থির, চঞ্চল ও অনৈতিক মন কখনও ধ্যান করতে পারে না। আবার, সমাধি মনকে শান্ত ও একাগ্র না করলে প্রজ্ঞার উন্মোচন হয় না। একটি পরিষ্কার কাচের মধ্য দিয়ে আমরা সবকিছু স্পষ্ট দেখতে পাই, একইভাবে একটি শান্ত ও একাগ্র মনই বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করতে পারে।

এই তিনটি স্তর মিলে একটি চক্র তৈরি করে: শীল মনকে শান্ত করে (সমাধি), শান্ত মন সত্যকে উপলব্ধি করে (পঞ্ঞা), এবং এই উপলব্ধি আমাদের আরও ভালো আচরণ করতে অনুপ্রাণিত করে (পুনরায় শীল)। তাই শীলা ছাড়া সমাধি হয় না। সমাধি ছাড়া প্রজ্ঞা আসে না। মনে রাখুন-
• শীলা = নৈতিক নিরাপত্তা,
• সমাধি = মনসংযম,
• পঞ্ঞা = মুক্তি,
এগুলো আলাদা নয়-একটি অন্যটির ভিত।

🔘 প্রবন্ধের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের উপায়, প্রতিবন্ধকতা ও সমাধান
বুদ্ধের এই শিক্ষাগুলো কেবল ক্যং/বিহার/মন্দির বা আশ্রমে সীমাবদ্ধ নয়, বরং এটি আমাদের প্রতিদিনের জীবনের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।

দৈনন্দিন জীবনে প্রয়োগ:
কাজের জায়গায় সততা বজায় রাখা (শীল), পড়াশুনায়/মিটিংয়ে/কাজের মাঝে মনোযোগ ধরে রাখা (সমাধি), এবং কঠিন পরিস্থিতিতে আবেগ নয়, বরং প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্ত নেওয়া (পঞ্ঞা/প্রজ্ঞা) এই তিনটি শিক্ষার বাস্তব প্রতিফলন।

বাস্তব প্রয়োগ: পরিবার, সমাজ, কর্মজীবন
• পরিবারে: শীলা মানলে অকারণে ঝগড়া কমে।
• কর্মক্ষেত্রে: সমাধি মানে একাগ্রতা, যা productivity বাড়ায়।
• সমাজে: প্রজ্ঞা মানে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি-অন্যের কল্যাণকে নিজের সাথে মেলানো।

🔘 প্রতিবন্ধকতা ও সমাধান
প্রতিবন্ধকতা: এই পথে সবচেয়ে বড়ো বাধা হলো আমাদের অস্থির মন এবং সামাজিক চাপ। অনেকেই ভাবেন, ধ্যানের জন্য সময় নেই বা এটি খুব কঠিন।

সমাধান: সমাধান হলো ছোটো ছোটো পদক্ষেপ নেওয়া। প্রতিদিন ৫ মিনিটের জন্য ধ্যান করা, একটি সৎ কথা বলা, যৌন আকাঙ্খা সংযমে রাখা, বা একটি মিথ্যা বলা থেকে বিরত থাকা-এগুলো দিয়ে শুরু করা যেতে পারে। প্রয়োজন শুধু সদিচ্ছা এবং ধারাবাহিকতা।

☑ আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস (কাজে আসতে পারে)
• অলসতা: ছোট লক্ষ্য নির্ধারণ করুন (৫ মিনিট ধ্যান)।
• সামাজিক চাপ: নিজের প্র্যাকটিস প্রকাশ না করলেও চলে, ভেতরে ভেতরে করুন।
• অধৈর্য্য: মনে রাখুন-এটি আজীবনের যাত্রা, একদিনে ফল আসে না।
• ডগমা: অন্য ধর্মের মানুষও এই চর্চা করতে পারে। তবে বৌদ্ধদের মতো অনুশীলন করতেই হবে না।

ধম্মপদ ১০৩নং শ্লোকে বুদ্ধের সরল কথা-
“যে নিজেকে জয় করেছে, সে-ই সর্বশ্রেষ্ঠ বিজেতা।”

বুদ্ধের এই ত্রিস্তরীয় শিক্ষা-শীলা, সমাধি এবং পঞ্ঞা-কেবল একটি ধর্মীয় পথ নয়, বরং এটি একটি বৈজ্ঞানিক এবং মানবিক জীবনদর্শন। এটি আমাদের শেখায় কিভাবে নিজের ভেতর থেকে দুঃখ ও কষ্ট দূর করে প্রকৃত শান্তি লাভ করা যায়।

আবেগ, ইতিহাস, দর্শন এবং বিজ্ঞানের এই আশ্চর্য মেলবন্ধন প্রমাণ করে যে, মানব মনের গভীরতম রহস্য উদঘাটন করে আত্মশুদ্ধি ও শান্তি খুঁজে বের করার এই পথটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। এগুলো ধর্মীয় সীমারেখার বাইরে গিয়ে মানবতার পথ দেখায়। নৈতিকতা মনকে হালকা করে, ধ্যান মনকে স্থির করে, প্রজ্ঞা মুক্তির স্বাদ দেয়।

এই পথটি যে কোনো ধর্মের মানুষের জন্য উন্মুক্ত, কারণ এটি কোনো অলৌকিক বিশ্বাস নয়, বরং নিজের ভেতরে তাকিয়ে দেখার এক অকৃত্রিম ও বাস্তবসম্মত উপায়।

আপনার জীবনে বুদ্ধের এই তিনটি (শীল, সমাধি, প্রজ্ঞা) শিক্ষা প্রয়োগ করে দেখুন। কমেন্টে লিখুন- কোন শীলটি আপনি প্রথমে চর্চা করবেন?
আপনার অভিজ্ঞতা মৈত্রীময় চিত্তে আমাদের সাথে শেয়ার করে জানান।

আর যদি এই প্রবন্ধটি আপনার ভালো লাগে, তাহলে সাথে শেয়ার করে সংগ্রহে রাখুন এবং বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় গ্রুপেও শেয়ার করুন।

তথ্যসূত্র:
1. Dhammapada 103.
2. Majjhima Nikāya 118 (Ānāpānasati Sutta)
3. Bhikkhu Bodhi - In the Buddha’s Words.
4. Nyanaponika Thera - The Heart of Buddhist Meditation.
5. Jon Kabat-Zinn - Wherever You Go, There You Are.
6. Richard J. Davidson - The Emotional Life of Your Brain.

#শীল #সমাধি #প্রজ্ঞা #বৌদ্ধধর্ম #শীলা #আত্মশুদ্ধি #ধ্যান #মনেরশান্তি #বৌদ্ধদর্শন #মুক্তিরপথ

Address

Cox's Bazar
4750

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buddhist TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share