23/05/2026
মানুষ যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবার ভরাট হবে: ডা. শাহাদাত
চট্টগ্রাম প্রতিদিন |
সিনিয়র করেসপন্ডেন্ট
চট্টগ্রাম: ‘শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, নগরবাসীকেও সচেতন হতে হবে। মানুষ যত্রতত্র ময়লা ফেললে খাল-নালা আবারও ভরাট হবে এবং জলাবদ্ধতা সৃষ্টি হবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।’
নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন এলাকা পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন। এ সময় তিনি খাল-নালা পরিষ্কার কার্যক্রম তদারকির পাশাপাশি অবৈধ দখল ও নাগরিক অসচেতনতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
সোমবার (৪ মে) সকালে মেয়র প্রথমে বহদ্দারহাট কাঁচাবাজার সংলগ্ন সড়ক পরিদর্শন করেন। সড়কের ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করে দ্রুত উচ্ছেদের নির্দেশ দেন তিনি। পরে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চলমান খাল সংস্কারকাজ ঘুরে দেখেন এবং পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বাঁধগুলো অপসারণের নির্দেশনা দেন। স্থানীয় বাসিন্দাদের চলাচলের সুবিধার্থে সেখানে একটি বেইলি ব্রিজ নির্মাণেরও নির্দেশ দেন মেয়র।
এরপর তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের ফরিদার পাড়া এলাকায় পরিচালিত নালা ও খাল পরিষ্কার অভিযান পরিদর্শন করেন। পরে ৬ নম্বর ওয়ার্ডের খাজা রোড এলাকায় নালা-খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
চসিক সূত্র জানায়, বর্ষা মৌসুম সামনে রেখে নগরের বিভিন্ন ওয়ার্ডে মাসব্যাপী নালা-নর্দমা ও খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জলাবদ্ধতা কমাতে মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া নাগরিকদের নিরাপত্তায় নগরের ঝুঁকিপূর্ণ খালপাড় ও নালায় বাঁশের বেড়া দেওয়া হচ্ছে।
এআর/পিডি/টিসি
Copyright ©️ 2015-2026
BanglaNews24 is the most popular online Bangla news portal in Bangladesh covering all latest BD News and international news Top and instant 24 7 Live News provider in BD.