04/08/2026
হে গৌর প্রিয় ভক্তবৃন্দ, প্রনাম।
পরম করুণাময় শ্রীশ্রী গৌর-গদাধর এবং শ্রীশ্রী ধামেশ্বর মহাদেবের অসীম কৃপায় আগামী ৫ আগস্ট শ্রীগদাধর পণ্ডিত ধামে তাঁদের সেবা গ্রহণের তিন বছর পূর্তি উপলক্ষে আমরা গভীর আনন্দ, কৃতজ্ঞতা ও বিনয়ের সঙ্গে এই শুভক্ষণ স্মরণ করছি।
এই পবিত্র দিনে আমরা সর্বপ্রথম শ্রীগুরু, শ্রীগৌরাঙ্গ ও শ্রীশ্রী রাধাগোপীনাথের চরণকমলে অসংখ্য দণ্ডবৎ প্রণাম নিবেদন করছি। তাঁদের অহেতুক কৃপা ব্যতীত এই মহান সেবাযজ্ঞ পরিচালনা করা কখনোই সম্ভব হতো না।
বিশেষভাবে আমরা আমাদের পরম পূজনীয় গুরুবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি—
পরম পূজনীয় শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ,শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, এবং শ্রীমৎ ভক্তি বিনয় স্বামী মহারাজসহ অসংখ্য বরিষ্ঠ প্রবীণ বৈষ্ণবদের-ওনাদের অমূল্য আশীর্বাদ, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাদের এই সেবার প্রধান শক্তি। তাঁদের করুণা ও শুভাশীষে শ্রীগদাধর পণ্ডিত ধাম ক্রমাগত সেবা ও প্রচারের ক্ষেত্রে অগ্রসর হচ্ছে।
আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে শিব নারায়ণ গিরি আখড়া কমিটির সম্মানিত সভাপতি, সম্পাদক, উপদেষ্টা, সকল নেতৃত্ববৃন্দ ও সদস্যবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাঁদের আন্তরিক সহযোগিতা, সদিচ্ছা ও আশীর্বাদ এই ধামের সেবাকে সুসংহত ও সমৃদ্ধ করেছে।
একই সঙ্গে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি এই পবিত্র ধামের ভূমিদাতা ও তাঁদের পরিবারের সদস্যবৃন্দকে। তাঁদের মহান দান, ত্যাগ ও দূরদর্শিতার ফলেই আজ এই পবিত্র ধাম প্রতিষ্ঠিত হয়ে অসংখ্য ভক্তের আধ্যাত্মিক আশ্রয়স্থলে পরিণত হয়েছে। ভগবান তাঁদের সকলকে চিরকল্যাণ, ভক্তি ও পরম মঙ্গল দান করুন।
গত তিন বছর ধরে যাঁরা বিগ্রহ সেবা, পূজা, আরতি, ভোগ নিবেদন, মন্দির পরিচর্যা, নির্মাণকাজ, উৎসব পরিচালনা, আর্থিক সহযোগিতা, শ্রমসেবা, পরামর্শ ও নানাভাবে নিত্যসেবায় এই ধামের সেবায় আত্মনিয়োগ করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের নিঃস্বার্থ সেবা ও ভক্তিই শ্রীগদাধর পণ্ডিত ধামের অগ্রযাত্রার মূল ভিত্তি।
আমরা বিনীত প্রার্থনা করি—শ্রীশ্রী গৌর-গদাধর এবং শ্রীশ্রী ধামেশ্বর মহাদেব সকল গুরুজন, বৈষ্ণব, সেবক, শুভানুধ্যায়ী, দাতা ও ভক্তবৃন্দের উপর অশেষ কৃপাবর্ষণ করুন। সকলকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, অটল কৃষ্ণভক্তি এবং নিরবচ্ছিন্ন সেবার শক্তি দান করুন। ভবিষ্যতেও আমরা সকলে শ্রীগুরু ও গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা পূরণে ঐক্যবদ্ধভাবে এই পবিত্র ধামের সেবায় আত্মনিয়োগ করতে পারি—এই আমাদের আন্তরিক প্রার্থনা।
সকলের প্রতি পুনরায় জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অসংখ্য প্রণাম।
হরে কৃষ্ণ।
বিনীত
মুকুন্দ ভক্তি দাস ব্রহ্মচারী
পরিচালক
শ্রীশ্রী গদাধর পণ্ডিত ধাম
বানীগ্রাম, বাঁশখালী, চট্টগ্রাম।