22/01/2026
মালফুজাতে শাহ্ মুফতি মুহসিনুল করিম সাহেব দামাত বারকাতুহুম
(২১/০১/২৬ বাদ আসর তালিমের বয়ান থেকে সংকলিত)
হযরত আবু যর (রা.)-এর প্রতি রাসূলুল্লাহ ﷺ-এর ৭টি গুরুত্বপূর্ণ নসিহত
বিসমিল্লাহির রহমানির রাহিম। "উসওয়ায়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম", হযরত আরিফ বিল্লাহ ডাক্তার মুহাম্মদ আব্দুল হাই আরিফী রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে পড়তেছি।
হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু-কে বললেন, "আমি তোমাকে ওসীয়ত করছি আল্লাহর তাকওয়া অবলম্বন করার; কারণ এই তাকওয়া তোমার সকল বিষয়কে সুসজ্জিতকারী (সব জিনিসকে সাজিয়ে দিবে)।" যার মধ্যে তাকওয়া আছে তার সবকিছু সুন্দর—দুনিয়া সুন্দর, আখেরাত সুন্দর, হার কাম সুন্দর
আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, আমি আরজ করলাম, "হযরত, আমাকে আরও ওসীয়ত করুন।"
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "তুমি কোরআন মাজিদের তেলাওয়াত এবং আল্লাহর জিকিরকে লাজিম করে নাও (বেশি বেশি করে করো)। কারণ এই তেলাওয়াত এবং জিকির আসমানে তোমার আলোচনার কারণ হবে এবং জমিনে তোমার জন্য নূর (আলো) হবে।" সুবহানাল্লাহ, মানুষ যখন জিকির করে, আল্লাহর জিকির জমিনে নূর হয় তার জন্য।
আবু যর (রাদিয়াল্লাহু আনহু) বলেন যে, আমি আবার আরজ করলাম, "হযরত, আমাকে আরও ওসীয়ত করুন।"
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "বেশি চুপ থাকা এবং কথা কম বলার অভ্যাস অবলম্বন করো। কারণ এই অভ্যাস শয়তানকে প্রতিহত করবে এবং দ্বীনের ব্যাপারে তোমাকে সাহায্য করবে।" যে কথা কম বলে, চুপ বেশি থাকে, তাহলে তার ভুলভ্রান্তি কম হবে, তার দ্বীন সংরক্ষণ হবে।
হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, "হুজুর, আমাকে আরও ওসীয়ত করুন।"
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "বেশি হাসাকে ত্যাগ করো (বেশি হাসিও না)। কারণ এই অভ্যাস দিলকে মুর্দা (মৃত) করে দেয় এবং মানুষের চেহারার নূরকে নষ্ট করে দেয়, দূর করে দেয়।" নেক আমলের দ্বারা চেহারায় যে নূর পয়দা হয়, বেশি হাসাহাসি করলে বা গুনাহ করলে চেহারার নূরটা নষ্ট হয়ে যায়।
আমি আরজ করলাম, "হযরত, আমাকে আরও ওসীয়ত করুন।"
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "সর্বদা হক কথা এবং সত্য কথা বলবে, যদিও এটা মানুষের জন্য অপছন্দনীয় হোক বা কারো কারো জন্য তিক্ত হোক না কেন।"
আমি আরজ করলাম, "আমাকে আরও ওসীয়ত করুন।"
আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "আল্লাহর ব্যাপারে (দ্বীনের ব্যাপারে) কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তুমি ভয় করবে না।" হক কথা বলার ক্ষেত্রে বা দ্বীনের কথা বলার ক্ষেত্রে তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না।
আমি আরজ করলাম, "হযরত, আমাকে আরও ওসীয়ত করুন।"
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, "তুমি নিজের ব্যাপারে যা কিছু জানো (নিজের যে ত্রুটি বা সমস্যার কথা জানো), সেটা যেন তোমাকে অন্যের দোষের পেছনে পড়া থেকে বিরত রাখে।" প্রত্যেক মানুষেরই তো কিছু না কিছু ভুলভ্রান্তি থাকেই, তুমি তোমারটা নিয়ে ফিকির করো যে সেটা কীভাবে দূর করবা, অন্যের দোষের পেছনে পড়বে না।
আল্লাহ তাআলা এ কথা গুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।