10/03/2023
সনাতন শব্দে শাশ্বত, চিরন্তন অর্থাৎ অপরিবর্তনশীল বুঝায়। সনাতন কোনো জাতিবাচক শব্দ নয়, বরং প্রাণিমাত্রের ধর্মই হচ্ছে সনাতন। সনাতনকে বুঝতে গেলে প্রথমে তিনটি বিষয়ে জানা দরকার, [১] নতুন, [২] পুরাতন ও [৩] সনাতন।
যেমনঃ [১] নতুন= যা পূর্বে ছিল না কিন্তু বর্তমানে প্রাপ্ত, তাই নতুন।
[২] পুরাতন নতুনের বিপরীত শব্দ পুরাতন অর্থাৎ যা বর্তমানে নতুন কিন্তু কিছুদিন পর জীর্ণ হয়, তাই পুরাতন।
[৩] সনাতন = যা নতুন বা পুরাতন নয়, বরং শাশ্বত ও চিরন্তন, তাই সনাতন।
যেমনঃ মূল প্রকৃতি, আত্মা ও পরমাত্মা। যেমনঃ চুম্বকের ধর্ম আকর্ষণ করা, তা পূর্বে যেমন ছিল, বর্তমানেও তাই আছে, আর প্রলয়ের পূর্ব পর্যন্ত তাই থাকবে, এমন নয় যে পূর্বে আকর্ষণ করতো আর এখন করে না। সূর্য আলো প্রদান করে, বর্তমানেও তাই, আর প্রলয়ের পূর্ব পর্যন্ত একই থাকবে, এমন নয় যে পূর্বে আলো প্রদান করতো আর এখন করে না ইত্যাদি।
যে ধর্মের কখনো বিনাশ বা পরিবর্তন হয় না, তাই সনাতন ধর্ম। সনাতন মানবতার ধর্ম, তাই পবিত্র বেদ বলছে, “কৃণ্বস্তো বিশ্বমায়ম্” অর্থাৎ বিশ্বের সকলকে আর্য অর্থাৎ শ্রেষ্ঠ করো। “মনুর্ভর জনয়া দৈবম্ জনম্” [ঋগ্বেদ ১০।৫৩।৬] অর্থাৎ, প্রকৃত মানুষ- মননশীল হও, অন্যকেও মানুষ হিসেবে গড়ে তোলো।