09/04/2020
ইসলামের দৃষ্টিতে শবে বরাত
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে শবে বরাত বা মুক্তির রাত বলা হয়,সব অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি সুতরাং শবে বরাত এর অর্থ হলো মুক্তির রাত।
শবে বরাতের ফজিলত
হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে, যখন শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত হয় তখন তোমরা সেই রাত জাগরণ কর( নফল নামাজ ও নফল ইবাদত কর) আর পরের দিন একটি রোজা রাখ। কেননা আল্লাহ তায়ালা এই রাতে প্রথম আসমানে (পৃথিবীর আকাশে( চলে আসেন, এবং স্বীয় বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমরা কেউ গোনাহগার আছো, আমার কাছে মাফ চাও আমি তোমাদেরকে মাফ করে দিব, কেউ রিজিক চাওয়ার আছো আমি তোমাদেরকে রিযিক দান করবো, যারা রোগ-শোক গ্রস্থ আছো মুক্তি চাও আমি সুস্থতা দান করবো।এভাবে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত মানুষকে ডেকে ডেকে চাইতে ও দোয়া করতে বলেন।
(আত তারগীব খন্ড- ২ পৃষ্ঠা ৩৬০, তাফসীরে রুহুল মা'নী ১০২, ইবনে মাজাহ ,বায়হাকী শরীফ)
শবে বরাতের মূল ৫ টি আমল
১/ কিয়ামুল লাইল অর্থাৎ রাত জাগরণ এশার নামাজের পর থেকে ফজরের আগ পর্যন্ত নফল নামাজ পড়া ,কোরআন তেলাওয়াত করা ,জিকির করা, দরুদ শরীফ পড়া, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়া, ইত্যাদি ইত্যাদি।
২/ ১৪ তারিখ দিবাগত রাতে অর্থাৎ ইবাদতের রাতে সেহরির খানা খাবে এবং ১৫ শাবান একটি রোজা হবে নফলের নিয়তেই রোজা রাখতে হবে।
একটি কথা না বললেই নয়,
কেউ কেউ বলেন শবে বরাতের রোজা তিনটি, মূলত আরবি প্রত্যেক মাসেরই ১৩ ১৪ ও ১৫ তারিখে তিনটি নফল রোজা রাখতে হয় সে হিসেবে অনেকেই তিনটা রোজা রাখে কিন্তু মনে রাখতে হবে শবে বরাতের রোজা একটি।
৩/ নিজের গুনাহের জন্য মাফ চাওয়া ,রোগ-শোক অভাব-অনটন থেকে মুক্তি চাওয়া ,রিযিক চাওয়া , যার যা চাওয়ার আছে আল্লাহর নিকট তা চাওয়ার জন্য দোয়া করা।
৪/ এ রাতে কবর জিয়ারত করা মুস্তাহাব আমল।
৫/যেহেতু এই রাত ইবাদতের রাত তাই যত পবিত্র অবস্থায় ইবাদত করা যাবে ততই বেশি উত্তম হবে এজন্য এ রাতে গোসল করাকে ফুকাহায়ে কেরামগুন মুস্তাহাব বলেছেন।
তবে এই গোসলের নামে বর্তমান সমাজের কিছু কুপ্রথা বিরাজমান যেমন গোসল করে শরীর বা মাথা না মোছা, লুঙ্গি না চিপা,গুনাহ পানির ফোটার সাথে ঝরে পড়ে যায় এসব কিছুই শরীয়ত সম্মত নয় বরং কুসংস্কার।
মহান আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে এই পবিত্র বরকতময় রাত্রে তার ইবাদত বন্দেগী করে সকলের জিন্দেগীর গুনাহ মাফ, এবং বর্তমান বিশ্বের করোনা মহামারী ব্যাধি থেকে সকলকে মুক্তি লাভ করার মত তৌফিক দান করুক আমিন।