03/09/2025
ইস্তিগফারের পথে যারা ক্লান্ত, এই বার্তাটি তাদের জন্য— এক বোনের হৃদয়ের গহীন থেকে সবার উদ্দেশ্যে 🤎
আমি অনেক দিন ধরে এই নিয়ে যুদ্ধ করছি—আমার দোয়া কি কবুল হবে? আমি কি সত্যিই আশা রাখতে পারি? আল্লাহর কুদরতে আমার কোনো সন্দেহ নেই। তিনি যা চান, করতে পারেন। তবে আমার নিজের ব্যাপারে বিশ্বাস রাখা কঠিন হয়ে যায় অনেক সময়। এতদিন ধরে দোয়া কবুল না হওয়ায়, এবং নিজের গুনাহর কারণে, মনে হতো—এই জিনিসটা হয়তো আমার কপালে নেই।
কিছু মানুষ বলেন, 'পুরোপুরি বিশ্বাস না রাখলে দোয়া কবুল হয় না।' এতে মন আরো ভেঙে পড়ে। তবে আমি মুহাম্মদ হিজাজির এক ভিডিও দেখি। সেখানে তিনি এক বোনের মন্তব্য পড়ে শুনান— সে লিখেছিল, “আমি কখনো ভাবিনি এমন কথা লিখব, কারণ আগে আমি সব আশা হারিয়ে ফেলেছিলাম। আমার জীবন জটিলতা আর হতাশায় ভরা ছিল। ভাবতাম, ইস্তিগফার করে অন্যদের দোয়া কবুল হয়, আমার না। কিন্তু আল্লাহর রহমতে এখন আমি এমন একটা চাকরি পেয়েছি, যেটা ছিল আমার স্বপ্নেরও বাইরে।”
তিনি আরও বলেন—এই বোন সবসময় জিজ্ঞেস করতেন, “আমার জন্য কবে হবে? কবে?”আর এখন, সুবহানআল্লাহ, তা বাস্তব হয়ে গেছে। হিজাজি ভাই বলেন—যখন কেউ ইস্তিগফারে এতটা অটল হয়ে যায় যে, সে চায় বা না চায়, সে থামে না—তখনই আল্লাহ কবুল করে দেন। কারণ আল্লাহ চাচ্ছেন, তুমি এমন একজন বান্দা হও, যে আজীবন তাঁর স্মরণে থাকবে। আর এই অভ্যাস গড়ে উঠতে সময় লাগে।
এই কথাগুলো আমার হৃদয়ে গভীর প্রশান্তি এনে দিয়েছে। আশা করি, তোমার মনেও কিছুটা শান্তি এনে দেবে। তোমার মনে যদি মাঝে মাঝে সন্দেহ আসে, মন খারাপ হয়, নিজের ওপর ভরসা হারিয়ে ফেলো—তবুও ভয় পেয়ো না। এই ভাবনাগুলো আল্লাহর ওয়াদা রুখে দিতে পারবে না। শুধু ধরে রাখো। চালিয়ে যাও। থেমো না।"
অনুবাদক: Fariha Fari
নাম কেটে পোস্ট নেওয়া নিষেধ 🚫