Da’waah-দা’ওয়াহ্

Da’waah-দা’ওয়াহ্ রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
আমার কথা পৌঁছিয়ে দাও, তা যদি এক আয়াতও হয়। (সহীহ বুখারীঃ৩৪৬১)

24/06/2026

হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত এই হাদিসটি আশুরার রোজার গুরুত্ব ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নতের এক অনন্য দলিল। রমজানের ফরজ রোজার পর আশুরার রোজাকে ইসলামের প্রাথমিক যুগে অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো এবং এখনো নফল রোজার মধ্যে এর ফজিলত অপরিসীম।
আশুরার রোজা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও নিয়ম নিচে দেওয়া হলো, যা আমাদের এই আমলটি নিখুঁতভাবে করতে সাহায্য করতে পারে:

১. বিগত এক বছরের গুনাহ মাফ
সহিহ মুসলিমের এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
"আমি আল্লাহর কাছে আশা করি, আশুরার রোজা তার পূর্ববর্তী এক বছরের (সগিরা) গুনাহ খাতা মুছে দেবে।" (মুসলিম: ১১৬২)

২. ইহুদিদের বিপরীত করা (দুটি রোজা রাখা)
রাসুলুল্লাহ (সা.) যখন মদিনায় আগমন করলেন, তখন দেখলেন ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখছে (মুসা আ. ও বনি ইসরাইল ফেরাউনের কবল থেকে মুক্তি পাওয়ার কৃতজ্ঞতাস্বরূপ)। রাসুলুল্লাহ (সা.) বললেন, মুসা (আ.)-এর অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি হকদার। তবে ইহুদিদের সাদৃশ্য এড়াতে তিনি পরবর্তী বছর থেকে আরেকটি রোজা বাড়িয়ে রাখার ইচ্ছা পোষণ করেছিলেন।
তাই আশুরার রোজার সর্বোত্তম নিয়ম হলো দুটি রোজা রাখা:

মহররমের ৯ ও ১০ তারিখ (সবচেয়ে উত্তম ও সুন্নতসম্মত)।
অথবা, মহররমের ১০ ও ১১ তারিখ।
পবিত্র মহররম মাসের এই বরকতময় দিনটিকে আমল, ইবাদত এবং বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে কাটানো আমাদের প্রত্যেকের জন্যই এক দারুণ সুযোগ।

02/06/2026

আপনি কি কখনো ভেবেছেন, যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে বলেন "আল্লাহু আকবার"...তখন আল্লাহ ঠিক কোথায় থাকেন?

এই প্রশ্নটা হয়তো কখনো মাথায় আসেনি।
অথবা এসেছে; কিন্তু উত্তর খোঁজার সাহস হয়নি।

কিন্তু চৌদ্দশত বছর আগে, এক সাহাবী এই প্রশ্নের উত্তর জেনেছিলেন। এবং সেই উত্তর শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন।

আজ সেই ঘটনাটি শেয়ার করবো।

একটি রাতের ঘটনা, মদিনার অলিতে গলিতে মদিনার রাত। চাঁদের আলোয় ধুয়ে যাচ্ছে পথঘাট।

মসজিদে নববীতে তখনো প্রদীপ জ্বলছে।
রাসূলুল্লাহ ﷺ তাঁর সাহাবীদের নিয়ে বসে আছেন।

সেদিন হযরত আবু যর গিফারী (রা.) রাসূলের ﷺ কাছে এসে বসলেন।

মনের ভেতর একটা প্রশ্ন অনেকদিন ধরে ঘুরছে।
লজ্জায় জিজ্ঞেস করতে পারছেন না। কিন্তু আজ আর থাকা গেল না।

আস্তে আস্তে বললেন,
"ইয়া রাসূলাল্লাহ... নামাজে যখন আমি দাঁড়াই... আল্লাহ তখন কোথায় থাকেন?"

মসজিদে একটু নীরবতা নামল। রাসূলুল্লাহ ﷺ তাঁর দিকে তাকালেন। সেই চোখে ছিল অসীম মায়া।

তারপর ধীরে ধীরে বললেন,
"আল্লাহ তা'আলা বান্দার দিকে মুখ করে থাকেন যতক্ষণ সে নামাজে থাকে এবং অন্যদিকে মনোযোগ না দেয়।"
(সুনানে নাসাঈ, হাদিস: ১১৯৫)

আবু যর (রা.) কথাটা শুনলেন।
এক সেকেন্ড।
দুই সেকেন্ড।
তারপর হঠাৎ
তাঁর চোখে পানি
পা কাঁপতে শুরু করল।
বুকের ভেতর কী যেন ভেঙে চুরমার হয়ে গেল।

আল্লাহ... নামাজে... আমার দিকে মুখ করে থাকেন?

সেই মহান মণিব, যিনি সমগ্র সৃষ্টিজগতের মালিক;
যাঁর একটি "কুন" বলায় পৃথিবী, গ্রহ-নক্ষত্র সহ সকল কিছু সৃষ্টি হয়েছে তিনি... আমার মতো একজন সামান্য বান্দার দিকে মুখ করে থাকেন?

এবং আমি... নামাজে দাঁড়িয়ে এদিক-ওদিক তাকাই?
মাথায় সংসারের চিন্তা ঘোরে? ব্যবসায়ের হিসাব করি?

এই ভাবনা এসে আঘাত করল বুকের মাঝখানে।
আর সেই আঘাত সহ্য করতে পারলেন না আবু যর (রা.)। তিনি জ্ঞান হারিয়ে ফেললেন।

আল্লাহ কি সত্যিই এতটাই কাছে থাকেন? এটা কি শুধু একটা গল্প? না।

কুরআনে আল্লাহ নিজেই বলেছেন,
"আমি তোমার শাহরগ (গলার শিরা) থেকেও বেশি কাছে।"
(সূরা ক্বাফ: ১৬)

আরেক হাদিসে আছে, "বান্দা যখন নামাজে দাঁড়ায়, আমি তার সামনে থাকি। সে যদি ডানে তাকায়, আমিও তার ডানে। বামে তাকালে আমিও বামে। সরাসরি সামনে তাকালে আমি তার সামনে।"
(মুসনাদে আহমাদ)

একটু থামুন।

এই কথাটা আবার পড়ুন।
আল্লাহ আপনার সামনে থাকেন, নামাজে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন।
আপনার ঠোঁটের নড়াচড়া দেখছেন।
আপনার চোখের পানি দেখছেন।
আপনার বুকের কান্না শুনছেন।

আমরা কি জানি, নামাজে কাকে পাচ্ছি?

আবু হুরায়রা (রা.) বলেন,
রাসূলুল্লাহ ﷺ একদিন বললেন,
"তোমরা কি জানো, নামাজে বান্দা কার সাথে কথা বলে?"

সাহাবীরা চুপ।
রাসূল ﷺ বললেন,
"সে তার রবের সাথে কথা বলে। তাই সে যেন ভালো করে ভাবে সে কীভাবে কথা বলছে।"
(মুস্তাদরাকে হাকিম)

ভাবুন একবার।

দুনিয়ার কোনো বড় নেতার সাথে দেখা হলে আমরা কতটা প্রস্তুতি নিই!
পোশাক ঠিক করি।
কথা গুছিয়ে নিই।
উনার কথায় মনোযোগ দিই।

কিন্তু....
আল্লাহর সাথে কথা বলার সময়, মন থাকে বাজারে আর নামাজের পর ব্যবসা কিংবা প্রতিষ্ঠানের হিসাবে।

আবু যর (রা.) অজ্ঞান হননি ভয়ে।
তিনি অজ্ঞান হয়েছিলেন লজ্জায়।
সারাজীবন নামাজ পড়েছেন।
কিন্তু কখনো ভাবেননি
এই নামাজে আল্লাহ নিজে সামনে দাঁড়িয়ে থাকেন।

এই ব্যাপারটি ভাবতেই তাঁর হৃদয় আর নিতে পারেনি।

আর আমরা?

আমরা প্রতিদিন পাঁচবার এই সুযোগ পাচ্ছি।
প্রতিদিন আল্লাহ আমাদের দিকে মুখ করে অপেক্ষা করছেন।

এবং আমরা মোবাইল রেখে উঠি।
কোনরকম নামাজ শেষ করে উঠে যাই।
পুরো নামাজে মনোযোগ থাকে কার ব্যাপারে কি প্ল্যান, নিজের ব্যবসার হিসাব আর অফিসের মাসিক মিটিং-এ কি হবে!

শেষ কথা, আজকে থেকে নামাজটা একটু আলাদা হোক। আজ যখন নামাজে দাঁড়াবেন, একটু থামুন।
চোখ বন্ধ করুন।

মনে করুন, মহা মুনিব আল্লাহ এখন আপনার সামনে।
তিনি আপনার দিকে তাকিয়ে আছেন। তিনি সব শুনছেন।

শুধু এটুকু মনে রাখুন। দেখবেন আপনার চোখও ভিজে আসবে।
হয়তো আবু যর (রা.)-এর মতো না, কিন্তু বুকের ভেতর কিছু একটা নড়ে উঠবে।
সেটাই ঈমান। সেটাই নামাজের প্রাণ।

"যে ব্যক্তি এমনভাবে নামাজ পড়ে যেন সে আল্লাহকে দেখছে এটাই হলো ইহসান।"
(সহিহ মুসলিম; হাদিসে জিবরাঈল)

এই লেখাগুলো আপনি পড়ুন, আপনার স্ত্রী-সন্তান কিংবা ভাই-বোন অথবা বন্ধুকে পড়ে শুনান, হয়তো আজ থেকে আপনার নামাজ দীর্ঘ হবে, সিজদাহ্ যতো চাওয়া সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ।

25/05/2026

আমরা কীভাবে আরাফার দিনের (ইয়াওমুল আরাফাহ) সর্বোচ্চ সদ্ব্যবহার করব?

আরাফাতের দিনটি শপিং, কেনাকাটা, ঘুম কিংবা আরাম-আয়েশ করে কাটিয়ে দেওয়ার দিন নয়!
এটি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন, ইবাদত ও আনুগত্যে কঠোর পরিশ্রম করার দিন; আর বছরের সবচেয়ে সেরা দোয়া হলো আরাফার দিনের দোয়া।

তাই সর্বোচ্চ চেষ্টা করুন, যেন আপনার জীবনের এই বিশেষ দিনের একটি নিঃশ্বাসও আল্লাহর আনুগত্য ছাড়া পার না হয়।

আরাফার দিনের ইবাদতের একটি আদর্শ রুটিন (টাইমটেবিল):

১.আরাফাতের আগের রাতে জলদি ঘুমিয়ে পড়ুন, যেন পরদিন আল্লাহর ইবাদত ও আনুগত্য করার জন্য শরীরে পূর্ণ শক্তি পান।

২. ফজর হওয়ার আগেই ঘুম থেকে উঠুন, যেন এই মহামূল্যবান দিনের রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে সাহরি খেতে পারেন।

৩. তাহাজ্জুদের সালাত আদায় করুন। কম পক্ষে দুই বা চার রাকাত নামাজ পড়ুন। সেজদারত অবস্থায় আপনার রবের কাছে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ চেয়ে আকুল দোয়া করুন।

আল্লাহর দরবারে শুকরিয়া জানান যে, তিনি আপনাকে রহমত ও মাগফিরাতের এই বিশেষ দিনটি পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন।

৪. ফজরের আগের সময়টুকু ইস্তিগফারে কাটান, যেন আল্লাহর দরবারে আপনার নামটিও শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারীদের তালিকায় লিখে নেওয়া হয়।

৫. ফজরের আযানের ৫ মিনিট আগেই প্রস্তুত হয়ে যান। ওযু করার সময় মনে মনে এই অনুভূতি রাখুন যে, ওযুর শেষ ফোঁটা পানির সাথে আপনার জীবনের গুনাহগুলোও ধুয়ে মুছে যাচ্ছে।

৬. ফজরের নামাজ পড়ুন এবং জায়নামাজেই বসে থাকুন। সূর্য ওঠার পর আরও ১৫ মিনিট পর্যন্ত নিজের জায়নামাজেই অবস্থান করুন; যেন একটি পূর্ণাঙ্গ হজ ও উমরার সওয়াব লাভ করতে পারেন, যেমনটি প্রিয় নবী ﷺ হাদিসে বর্ণনা করেছেন।

৭. ফজর নামাজের সালাম ফেরানোর পর থেকেই তাকবীর শুরু করে দিন:

আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।"

৮. ফজরের নামায শেষে ইশরাকের সময় পর্যন্ত বেশি বেশি কুরআন তিলাওয়াত করুন।

তাসবীহ-তাহলীল পড়ুন, আল্লাহর হামদ (প্রশংসা) করুন, নবী করীম ﷺ-এর ওপর দরুদ পড়ুন এবং সকালের মাসনুন দোয়া ও জিকিরগুলো পড়তে ভুলবেন না।

৯. এরপর আপনার ইচ্ছা! যদি আপনার ভেতরে পুরো দিন না ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার মতো শক্তি থাকে, তবে একটি সেকেন্ডও নষ্ট না করে জিকির ও দোয়ায় মগ্ন থাকুন এবং দোয়া কবুল হওয়ার পূর্ণ বিশ্বাস রাখুন।

আর যদি ক্লান্তি লাগে, তবে এই নিয়তে ১ ঘণ্টা ঘুমিয়ে নিতে পারেন যে, এই ঘুমের মাধ্যমে ইবাদত করার নতুন শক্তি অর্জিত হবে।

১০. ঘুম থেকে উঠে ওযু করুন এবং কম পক্ষে ৪ রাকাত চাশতের নামাজ আদায় করুন।

আরাফার দিনে এই দোয়াটি সারাদিন সবচেয়ে বেশি বেশি পড়ুন:

"لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد، وهو على كل شيء قدير"

(লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর)।

১১. যোহরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন, তাসবীহ পড়ুন এবং পবিত্র কুরআনের কিছু অংশ তিলাওয়াত করুন।

১২. আসরের নামাজ জামাতের সাথে আদায় করুন। নামাজের পর তাকবীর দিন এবং সন্ধ্যার মাসনুন আজকার ও দোয়াগুলো পড়ে নিন।

১৩. এবার পরম আকুলতা ও বিনয়ের সাথে দোয়ায় মগ্ন হোন। আল্লাহর দরবারে হাত তুলে দুনিয়া ও আখিরাতের আপনার যত হাজত বা প্রয়োজন আছে, সব চেয়ে নিন।

• আরাফাতের দিনের আসরের পরের শেষ মুহূর্ত।
• একজন রোজাদারের ইফতারের ঠিক আগের মুহূর্ত।

দোয়ার এই বরকতময় সময়ে দুনিয়াজুড়ে নির্যাতিত, মজলুম ও অসহায় মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করতে একদম ভুলবেন না।

একইসাথে দোয়ার একটি অংশ সেসব মৃত মুসলমানদের জন্যও রাখুন, যারা অন্ধকার কবরে শুয়ে আমাদের থেকে মাগফিরাতের দোয়ার আশা করে আছেন।

১৪. আল্লাহর কাছে রোনাজারি করুন, যেন আরাফাতের দিনের সূর্যটি ডোবার আগেই আল্লাহ তা'আলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে চিরতরে মুক্তিপ্রাপ্ত ভাগ্যবানের তালিকায় অন্তর্ভুক্ত করে নেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Da’waah-দা’ওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Da’waah-দা’ওয়াহ্:

Shortcuts

Share