16/08/2026
একজন সাহাবীর লাশ হাজির করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর জানাযা পড়বেন।
জানাযার আগে জিজ্ঞেস করে নিলেন, "সে কি ঋণগ্রস্ত? কেউ কি তাঁর কাছে অর্থ পায়?"সাহাবীরা জবাব দিলেন, "না, ইয়া রাসূলাল্লাহ! তিনি ঋণগ্রস্ত নন।"
রাসূলুল্লাহ তাঁর জানাযা পড়লেন।
আরেকজন সাহাবীর লাশ হাজির করা হলো। এবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই প্রশ্ন করলেন- "সে কি ঋণগ্রস্ত?" সাহাবীরা বললেন, "হ্যাঁ, তিনি ঋণগ্রস্ত।"
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর সাহাবীদেরকে বললেন, তোমাদের মধ্যে কেউ তার জানাযা পড়ে নাও (আমি ঋণগ্রস্ত সাহাবীর জানাযা পড়বো না)।
তখন আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু ঋণগ্রস্ত সাহাবীর ঋণ পরিশোধের দায়িত্ব নিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই সাহাবীর জানাযা পড়েন। এর মাধ্যমে রাসূলুল্লাহ একটি সামাজিক বার্তা ছড়িয়ে দিলেন। তিনি জানিয়ে দিলেন- তোমরা যদি চাও তোমাদের ইন্তেকালের পর আমি তোমাদের জানাযা পড়াই, তাহলে তোমরা ঋণগ্রস্ত অবস্থায় ইন্তেকাল করো না। ইন্তেকালের আগেই ঋণ পরিশোধ করে নাও।
তথ্যসূত্রঃ- বুখারী--২২৮৯