16/06/2026
*সালাত*
*গতকাল গ্রুপ কলে সালাত* নিয়ে কিছু আলোচনা হয়েছিল। তবে তবে বিভিন্ন কারণে আলোচনাটি বিস্তারিত করা যায় নাই এবং যেকোনো আলোচনা লিখিত আকারে উপস্থাপন করলে বিষয়টি আরো সুন্দরভাবে ফুটিয়ে ওঠে। তাই আলোচনার ধারাবাহিকতায় আমি কিছু কথা লিখে শেয়ার করছি।
এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বরং কুরআনের আলোকে বিষয়টি বোঝার একটি চেষ্টা। আপনারা পড়ে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই জানাবেন। আর যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে, সেটিও শেয়ার করবেন। কারণ প্রশ্ন ও আলোচনার মাধ্যমেই একটি বিষয় আরও পরিষ্কার হয় এবং ভুল থাকলে সংশোধনের সুযোগ তৈরি হয়।
সালাত নিয়ে মুসলিম সমাজে অনেক কথা প্রচলিত আছে। কেউ সালাতকে শুধু একটি ধর্মীয় কাজ হিসেবে দেখেন, আবার কেউ এটিকে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক ও আনুগত্যের প্রকাশ হিসেবে দেখেন।
কিন্তু আমরা যদি সব ধরনের পূর্ব ধারণা একপাশে রেখে সরাসরি কুরআনের কাছে যাই, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত -
আল্লাহ যখন কুরআনে "সালাত" শব্দটি ব্যবহার করেছেন, তখন তিনি আমাদের কী বুঝাতে চেয়েছেন?
কুরআন সালাতের একটি ছোট বা সরাসরি সংজ্ঞা দেয় না। বরং সালাতের গুরুত্ব, উদ্দেশ্য এবং মানুষের জীবনে এর প্রভাব সম্পর্কে বারবার আলোচনা করে। তাই সালাতকে বুঝতে হলে শুধু এটি কী, তা জানলেই হবে না; বরং দেখতে হবে সালাত মানুষকে কী শিক্ষা দেয়, কী পরিবর্তন আনে এবং মানুষকে কোন পথে নিয়ে যায়।
আসলে কুরআনের একটি বিশেষ পদ্ধতি আছে। কুরআন অনেক বিষয়ের শুধু সংজ্ঞা দেয় না, বরং সেই বিষয়ের ফলাফল ও বৈশিষ্ট্য তুলে ধরে।
যেমন, কুরআন "ঈমান" এর শুধু অর্থ বলে দেয়নি; বরং একজন ঈমানদারের জীবন কেমন হয়, তা বর্ণনা করেছে। একইভাবে "তাকওয়া"র শুধু সংজ্ঞা দেয়নি; বরং মুত্তাকীদের বৈশিষ্ট্য ও আচরণ তুলে ধরেছে।
সালাতের ক্ষেত্রেও আমরা একই বিষয় দেখি। কুরআন আমাদেরকে শুধু সালাত সম্পর্কে তথ্য দেয় না; বরং সালাত মানুষের জীবনে কী প্রভাব ফেলে, কেন এটি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে আল্লাহ কী প্রতিষ্ঠা করতে চান—সেগুলো বুঝিয়ে দেয়।
তাই সালাতকে বুঝতে হলে আমাদের উচিত কুরআনের আয়াতগুলো মনোযোগ দিয়ে দেখা এবং বোঝার চেষ্টা করা যে, আল্লাহ সালাতের মাধ্যমে মানুষের মধ্যে কী গুণ, কী চিন্তা এবং কেমন জীবন গড়ে তুলতে চান।
এই উদ্দেশ্য নিয়েই আমরা কুরআনের আলোকে সালাত বিষয়টি নিয়ে চিন্তা ও আলোচনা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
তাই যদি আমরা সত্যিই কুরআনের আলোকে সালাতকে বুঝতে চাই, তাহলে আমাদের দেখতে হবে: সালাত মানুষকে কোথায় নিয়ে যায়?
১. মানুষ কেন বারবার আল্লাহকে ভুলে যায়?
কুরআন মানুষের একটি বাস্তব চিত্র তুলে ধরে। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। কিন্তু যখন স্বচ্ছলতা আসে, তখন অনেকেই রবকে ভুলে যায়।
আল্লাহ বলেন:
"আর যখন মানুষের কোনো কষ্ট স্পর্শ করে, তখন সে তার রবকে ডাকে এবং তাঁর দিকেই ফিরে আসে। অতঃপর যখন তিনি তাকে তাঁর পক্ষ থেকে নিয়ামত দান করেন, তখন সে ভুলে যায় যার জন্য সে আগে ডাকছিল।" (সূরা যুমার আয়াত :৮)
এটি মানুষের স্বাভাবিক দুর্বলতা। ব্যবসা, পরিবার, সম্পদ, সম্মান, ক্ষমতা - এসবের ব্যস্ততায় মানুষ ধীরে ধীরে নিজের রবকে ভুলতে শুরু করে। এই কারণেই কুরআনের একটি কেন্দ্রীয় উদ্দেশ্য হলো - মানুষকে বারবার আল্লাহর দিকে ফিরিয়ে আনা। আর এই ফিরিয়ে আনার অন্যতম মাধ্যম হলো সালাত ।
২. সালাতের মূল উদ্দেশ্য কী?
আল্লাহ বলেন:
"নিশ্চয়ই আমিই আল্লাহ। আমি ছাড়া কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত কর এবং আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম কর।" (সূরা ত্বা-হা আয়াত :১৪)
এই আয়াতে সালাতের উদ্দেশ্য এক বাক্যে বলে দেওয়া হয়েছে - "আমাকে স্মরণ করার জন্য সালাত কায়েম কর।"
খেয়াল করুন আল্লাহ বলেননি -
* লোক দেখানোর জন্য।
* সমাজে পরিচয় দেওয়ার জন্য।
* শুধু একটি ধর্মীয় রীতি পালনের জন্য।
বরং বলেছেন:
* আমাকে স্মরণ করার জন্য।
অর্থাৎ সালাতের কেন্দ্রবিন্দু আল্লাহ।
উদাহরণ হিসাবে বলতে পারি -
ধরুন একজন ড্রাইভার দীর্ঘ পথ চলছেন। তিনি যদি রাস্তার দিকনির্দেশক চিহ্নগুলোর দিকে খেয়াল না করেন, তাহলে ধীরে ধীরে পথ হারিয়ে ফেলবেন।
সালাত ও মানুষের জীবনের সেই দিকনির্দেশক চিহ্নের মতো। যা মানুষকে বারবার মনে করিয়ে দেয়:
তুমি কোথা থেকে এসেছ? তুমি কার বান্দা? তোমার গন্তব্য কোথায়?
৩. সালাত ও যিকিরের সম্পর্ক
আল্লাহ বলেন:
"অতঃপর যখন তোমরা সালাত সম্পন্ন করবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ কর।" (সূরা নিসা আয়াত :১০৩)
এখানে একটি গভীর শিক্ষা আছে। সালাত শেষ হয়ে গেছে। কিন্তু আল্লাহর স্মরণ শেষ হয়নি।
এই আয়াত এটি প্রমাণ করে যে - সালাতের উদ্দেশ্য এমন একটি হৃদয় তৈরি করা, যা সালাতের বাইরে গিয়েও আল্লাহকে স্মরণ করে।
অর্থাৎ - সত্যিকারের সালাত মানুষকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে -
* ব্যবসায় আল্লাহকে স্মরণ করে,
* পরিবারে আল্লাহকে স্মরণ করে,
* সিদ্ধান্ত নেওয়ার সময় আল্লাহকে স্মরণ করে,
* একাকীত্বে আল্লাহকে স্মরণ করে।
৪. সালাত কেন মানুষকে বদলে দেয়?
আল্লাহ বলেন:
তোমার প্রতি যে কিতাব ওহী করা হয়েছে তা তিলাওয়াত কর এবং সালাত কায়েম কর। নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ।" (সূরা আনকাবুত আয়াত :৪৫)
এটি কুরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াতগুলোর একটি। এখানে আল্লাহ সালাতের ফলাফল বলে দিয়েছেন।
সালাত অশ্লীলতা থেকে রক্ষা করে। সালাত অন্যায় থেকে রক্ষা করে।
এখন একটি প্রশ্ন আসে : যদি কোনো মানুষ বহু বছর সালাত করে, কিন্তু মিথ্যা বলে, ঘুষ খায়, প্রতারণা করে,
মানুষের অধিকার নষ্ট করে, তাহলে কি সে এই আয়াতের উদ্দেশ্য অর্জন করেছে? কুরআনের ভাষায় উত্তর হবে না না। কারণ কুরআনের সালাত মানুষের অন্তর ও চরিত্রকে পরিবর্তন করে।
৫. সালাত নষ্ট করা মানে কী?
আল্লাহ বলেন:
"অতঃপর তাদের পরে এমন লোক এল যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল।" (সূরা মারইয়াম আয়াত :৫৯)
এই আয়াতে কুরআন আমাদের একটি অসাধারণ সূত্র দিচ্ছে। সালাতের বিপরীতে কী এসেছে? প্রবৃত্তির অনুসরণ। অর্থাৎ: একদিকে আল্লাহর নির্দেশ। অন্যদিকে নিজের ইচ্ছা।
সালাত মানুষকে শেখায় "আমি যা চাই তা নয়, আল্লাহ যা চান সেটাই গুরুত্বপূর্ণ।"
৬. রুকু ও সিজদার গভীর শিক্ষা
আল্লাহ বলেন:
"তুমি কি দেখ না যে আকাশমণ্ডলী ও পৃথিবীতে যারা আছে এবং সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বত, বৃক্ষ, জীবজন্তু এবং মানুষের অনেকেই আল্লাহকে সিজদা করে?" (সূরা হজ্জ আয়াত :১৮)
এখন প্রশ্ন আসে সূর্য কি মানুষের মতো সিজদা করে?
পর্বত কি মানুষের মতো সিজদা করে? তবে উত্তর হবে না না।
তাহলে সিজদার মূল শিক্ষা কী? সুতরাং সেজদা হল
আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে থাকা। সূর্য কখনো নিজের পথ পরিবর্তন করে না। চন্দ্র নিজের ইচ্ছামতো চলে না। তারা আল্লাহর বিধানের অধীন। কুরআনের ভাষায় এটিই সিজদার গভীর অর্থ।
৭. রুকুকারীদের সাথে রুকু কর।
আল্লাহ বলেন:
"সালাত কায়েম কর, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু কর।" (সূরা বাকারা আয়াত :৪৩)
এখানে শুধু ব্যক্তিগত বিষয় নয়, সামাজিক বিষয়ও আছে। মানুষ একা একা আল্লাহর পথে টিকে থাকা কঠিন মনে করতে পারে। তাই যারা আল্লাহর সামনে নত হয়েছে, তাদের সাথে থাকো। সৎ মানুষের সঙ্গ মানুষের ঈমানকে শক্তিশালী করে।
৮. সালাতুল উস্তা — ভারসাম্যের শিক্ষা
আল্লাহ বলেন:
"তোমরা সালাতসমূহের হেফাজত কর এবং মধ্যবর্তী (উস্তা) সালাতেরও, এবং আল্লাহর জন্য একনিষ্ঠভাবে দাঁড়াও।" (সূরা বাকারা আয়াত :২৩৮)
এখানে "উস্তা" বলতে শুধু মাঝখানে থাকা বোঝায় না।
বরং ভারসাম্যপূর্ণ, ন্যায়ভিত্তিক এই অর্থও বহন করে।
সূরা বাকারা ২:২৩৪-২৪১ পর্যন্ত পড়লে দেখা যায় আলোচনার বিষয়- তালাক, বিধবা, নারীর অধিকার, পারিবারিক ন্যায়বিচার। এর মাঝখানে আল্লাহ বলেন:
"তোমরা সালাতসমূহের হেফাজত কর এবং মধ্যবর্তী সালাতেরও।"
এমন প্রশ্ন আছে কেন?
কারণ যখন সম্পদ, উত্তরাধিকার, বিবাহ, বিচ্ছেদ ইত্যাদির প্রশ্ন আসে, তখন মানুষ সহজেই নিজের স্বার্থের দিকে ঝুঁকে যায়। এবং এসব জায়গায় মানুষ সবচেয়ে বেশি অন্যায় করে।
সেই মুহূর্তে আল্লাহ স্মরণ করিয়ে দেন মের এমবিতোমার আল্লাহকেন্দ্রিক অবস্থান হারিয়ো না। এই জন্য বলা যায় "সালাতুল উস্তা" এমন সালাত, যা মানুষকে ন্যায়, ভারসাম্য ও আল্লাহকেন্দ্রিক অবস্থানে ধরে রাখে।
৯. মুমিনদের জন্য সালাত নির্ধারিত সময়ে ফরজ
আল্লাহ বলেন:
নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে।" (৪:১০৩)
এখানে "মাওকূতা" (নির্ধারিত সময়) শব্দটি এসেছে। তবে কুরআন এই আয়াতে স্পষ্ট করে বলেনি যে এই সময় বলতে দিনের কোন সময় বোঝানো হয়েছে, নাকি জীবনের কোন বিশেষ পরিস্থিতি বোঝানো হয়েছে।
কুরআনের অন্যান্য আয়াত থেকে দেখা যায় যেমন -
"নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে।" (২৯:৪৫)
এবং
"তাদের পরে এমন লোক এল যারা সালাত নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল।" (১৯:৫৯)
এখানে সালাতের বিপরীতে এসেছে প্রবৃত্তির অনুসরণ। অর্থাৎ সালাত মানুষের জীবনকে আল্লাহমুখী রাখে, আর সালাত নষ্ট হলে মানুষ নিজের ইচ্ছা-আকাঙ্ক্ষার অনুসরণে ঝুঁকে পড়ে।
তাই কুরআনের আলোকে বলা যায় - সালাত মুমিনদের জন্য একটি নির্ধারিত কর্তব্য। সালাতের উদ্দেশ্য মানুষকে আল্লাহর স্মরণে ফিরিয়ে আনা। সালাত মানুষকে অন্যায়, অশ্লীলতা ও প্রবৃত্তির অনুসরণ থেকে রক্ষা করে। সালাত মানুষের অন্তরে আল্লাহকেন্দ্রিকতা বজায় রাখতে সাহায্য করে।
তাদাব্বুরের দৃষ্টিতে বলা যায়:
মুমিনের জীবনে যখন দুনিয়ার চাপ, লোভ, রাগ, ভয় বা বিভ্রান্তি আসে, সালাত তাকে আবার আল্লাহর দিকে ফিরিয়ে আনে এবং সঠিক পথে স্থির থাকতে সাহায্য করে।
তবে কুরআনের শিক্ষায় নিশ্চিতভাবে বলা যায় - আল্লাহ সালাতকে মুমিনদের জন্য একটি নির্ধারিত কর্তব্য করেছেন, আর সেই সালাতের ফল হলো মানুষকে প্রবৃত্তি, অন্যায় ও বিভ্রান্তি থেকে রক্ষা করা। (৪:১০৩, ২৯:৪৫, ১৯:৫৯)
যদি আমার এসব বিষয়ের সংক্ষিপ্ত কোন রূপ দেখি তবে আমরা এভাবে বলতে পারি কুরআনের সব আয়াত একত্রে দেখলে সালাতকে এভাবে বোঝা যায়:
সালাত হলো আল্লাহকে স্মরণ করার জন্য নিজের জীবনকে তাঁর সামনে উপস্থিত করা, তাঁর নির্দেশকে নিজের প্রবৃত্তির উপরে স্থান দেওয়া, অন্যায় থেকে দূরে থাকা, ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁর কর্তৃত্ব মেনে নেওয়া।
এই কারণেই কুরআনে সালাতের সাথে:- স্মরণ, তাকওয়া,
ন্যায়বিচার, আত্মসমর্পণ, চরিত্রগঠন, এসব বিষয় বারবার যুক্ত হয়েছে।
সালাত শুধু ঠোঁটের শব্দ নয়। সালাত শুধু শরীরের নড়াচড়াও নয়। কুরআনের গভীর ভাষায় সালাত হলো:
মানুষের হৃদয়, চিন্তা, সিদ্ধান্ত, চরিত্র এবং জীবনকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার একটি ধারাবাহিক প্রক্রিয়া।
এইজন্য আমরা প্রত্যেকদিন আল্লাহর কাছে এই দোয়া করতে পারি -
হে আমাদের রব! আমাদেরকে তোমার আয়াতসমূহ গভীরভাবে বুঝার তাওফিক দাও। আমাদের অন্তরকে তোমার স্মরণে জীবিত রাখো। আমাদেরকে এমন সালাত কায়েমকারী বানাও যা আমাদেরকে অন্যায় থেকে দূরে রাখে, সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখে এবং আমাদের জীবনকে সম্পূর্ণভাবে তোমার সন্তুষ্টির জন্য পরিচালিত করে।
রাব্বানা তাকাব্বাল দোয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।