08/17/2026
আধুনিকতা মানে কি?
কোন নির্দিষ্ট পানীয় পান বা খাদ্য ?
কোন বিশেষ রকমের পোশাক?
আমার মায়ের পড়াশোনা ছিল অষ্টম শ্রেণী পর্যন্ত। যখন সচল ছিলেন, অন্তঃপুরে নিজের মতোই থেকেছেন। নিজের জীবনধারা বা চিন্তা দিয়ে কখনোই অন্যের জীবনকে আচ্ছন্ন করার প্রয়াস তার ছিল না। প্রতিবেশী ছিল, বন্ধু ছিল, কেউই পর ছিল না, আবার কেউই তেমন আপনও ছিল না। বই পড়তেন প্রচুর।শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। আটপৌরে বাঙালিয়ানার শাড়ি পড়তেন। কুচি দিয়ে শাড়ি পরতেও লজ্জা পেতেন। এজন্য তাকে নিয়ে আমাদেরও লজ্জা হতো। কারণ তিনি আধুনিক ছিলেন না। একদিন এ নিয়ে কথায় কথায় আধুনিকতা নিয়ে আমাকে একটা কবিতা শুনিয়েছিলেন। রবীন্দ্রনাথের সেই কবিতার অংশ বিশেষ নিচে :
"চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি,
যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে
উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়
অজস্র সহস্রবিধ চরিতার্থতায়--
যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি
বিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,
পৌরুষেরে করে নি শতধা; নিত্য যেথা
তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা--....."
বিদেশ বিভূঁইয়ে এসেও এই কবিতাকে আজও মনে রেখেছি। গা ভাসিয়ে দেই নি। আমি যেমন, আমার যা, তাকে সম্মান জানিয়ে, অন্যের পথকে শ্রদ্ধা করে চলার নামই আধুনিকতা। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি।
যা কিছু মানুষকে এমন ভাবে আচ্ছন্ন করে যে মানুষ তার নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তা সীমিত করাটাই মনে হয় শ্রেয়!