02/02/2026
------------------- ------------------- -------------------
আমরা ভাবি উপরে উঠতে হলে নিজেকে বড় করতে হয়।
ইসলাম বলে নিচু না হলে উপরে উঠা যায় না।
আমরা উচ্চতা খুঁজি। সম্মান, অবস্থান, গ্রহনযোগ্যতা। আর সেই খোঁজে অনেক সময় ভিতরে ভিতরে ছোট হয়ে যাই।
পৃথিবীর ব্যাকরণ আমাদের শেখায়,উপরে উঠতে হলে সিঁড়ি লাগে, শিখরেপৌঁছাতে হলে মাথা উঁচু রাখতে হয়।
কিন্তু আরশের অধিপতির ব্যাকরণ ভিন্ন। সেখানে উপরে উঠার পথ শুরু হয় কপাল মাটিতে ঠেকানোর মাধ্যমে।
আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে সাফল্য মানে দৃশ্যমান উচ্চতা। কে কত উপরে উঠলো, কে কতটা এগিয়ে গেলো। অথচ এই উর্ধমুখি দৌড়ের ভিতর আমাদের আত্মাগুলো ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। প্রশান্তি হারায়। ভারী হয়ে যায়।
মি'রাজকে আমরা প্রায়ই একটা বিস্ময়কর ভ্রমণ হিসেবেই দেখি। এক রাতে আসমান পাড়ি দেওয়া, সিদরাতুল মুনতাহা, আল্লাহর সান্নিধ্য ইত্যাদি। কিন্তু মি'রাজ আসলে শুধু দেখার ঘটনা নয়, মি'রাজ বোঝার শিক্ষা।
এই মি'রাজের রাতে -ই উম্মতের জন্য ফরজ করা হয় সালাত। ইসলামের আর কোন বিধান এভাবে সরাসরি আসমান থেকে আসেনি। যেন আল্লাহ বলে দিলেন, যে বান্দা প্রতিদিন আমার কাছে উঠতে চায় তার মি'রাজ শুরু হবে সিজদা দিয়ে।
এখানেই এক নিরব সত্য লুকিয়ে আছে। যে ইবাদতে বান্দা সবচেয়ে বেশি নিচু হয়, ঠিক সেই ইবাদত-ই তাকে সবচেয়ে বেশি উঁচুতে তোলে। সালাতে আমরা দাঁড়াই,রুকু করি, তারপর সিজদায় গিয়ে শরীরের সবচেয়ে সম্মানিত অংশ কপাল মাটিতে রাখি। এখানেই বান্দেগির আসল মানে প্রকাশ পায়।
আমরা নামাজকে দায়িত্ব বানিয়েছি। অথচ আল্লাহ এটাকে বানিয়েছেন আসমানের উপহার।
আমাদের কপাল যখন জায়নামাজ ছুঁয়ে থাকে, তখন আমরা যেন আর মাটির পৃথিবীতে থাকিনা। হৃদয় তখন আল্লাহর সাথে এমন এক কথোপকথনে ব্যস্ত হয়ে পড়ে, যেখানে কোন অহংকার টেকে না,অভিনয় থাকে না। রাসূলুল্লাহ (সা :)বলেছেন, "বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় তখনই, যখন সে সিজদারত থাকে। "
এটা নিজেকে ছোট করা নয়, এটা নিজেকে সঠিক জায়গায় রাখা। কারণ আল্লাহর কাছে উচ্চতা অহংকারে নয়, আসে আনুগত্যে, আসে আত্মসমর্পণে।
এই জন্যই সালাতকে বলা হয় মুমিনের মিরাজ। প্রতিটি সিজদায় বান্দা বাহ্যিকভাবে নিচে নামে, কিন্তু আত্মিকভাবে সে উপরে উঠে। এই উর্ধগতি চোখে দেখা যায় না, মানুষ মাপে না, কিন্তু আল্লাহর কাছে তা স্পষ্ট।
মি'রাজে নবীজি (সা:)কে এমন এক উচ্চতায় নেওয়া হয়েছে, যেখানে কোন ফেরেস্তাও পৌঁছাতে পারেনি।তবুও পবিত্র কুরআন এই ঘটনা শুরু করে এক পরিচয়ে, " তাঁর বান্দাকে "। নবুয়ত নয়, রিসালাত নয়, আগে বান্দেগি। এখানেই ইসলামের গভীর দর্শন। মানুষ যত বড় হয়, তত বেশি বান্দা হয়।
আজ আমরা সম্মান খুঁজি অনেক জায়গায়, অথচ প্রকৃত সম্মান লুকিয়ে আছে সেই জায়গায়, যেখানে কপাল মাটিতে থাকে আর হৃদয় আল্লাহর সামনে খালি হয়ে যায়।
মি'রাজ আমাদের শেখায়, উপরে উঠতে চাইলে আগে নিচু হতে হবে। বড় হতে চাইলে আগে বান্দা হতে হবে। কারণ আল্লাহর কাছে নিচু হওয়া-ই সবচেয়ে বড় উঁচু হওয়া।
লিখাটা ইসরা মি'রাজ সিরিজ থেকে নেয়া ---
এই লিখাটা শুধু পড়ার জন্য নয়, একটু থামার জন্য, ভাবার জন্য, নিজের দিকে ফিরে তাকানোর জন্য,,,,,,
জাজাকাল্লাহু খইরান ☘️🌼🌺
------------------- ------------------- ------------