10/08/2026
পৃথিবীতে প্রতি বছর যত গাছ লাগানো হয়, কাটা হয় তার প্রায় তিনগুণ!
আচ্ছা বলুন তো, একটি পূর্ণবয়স্ক গাছ কেটে ফেলতে ঠিক কত সময় লাগতে পারে? এক ঘণ্টা? দুই ঘণ্টা? তিন ঘণ্টা? অথচ সেই শূন্যস্থান পূরণ করতে প্রকৃতির লেগে যায় বছরের পর বছর।
প্রতি বছর পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে প্রায় ১৫ বিলিয়ন গাছ। বিপরীতে নতুন করে লাগানো হচ্ছে মাত্র প্রায় ৫ বিলিয়ন। অর্থাৎ প্রতিবছর পৃথিবী নিট হারাচ্ছে প্রায় ১০ বিলিয়ন গাছ।
এটি শুধু কিছু গাছ হারানোর হিসাব নয়। এর সঙ্গে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণীর আবাসস্থল, কমে যাচ্ছে জীববৈচিত্র্য, বাড়ছে বায়ুমণ্ডলে কার্বনের চাপ এবং আরও অনিশ্চিত হয়ে উঠছে আমাদের ভবিষ্যৎ।
আজ আমরা যে গাছটি কেটে ফেলছি, তার ছায়া থেকে বঞ্চিত হবে হয়তো আগামী প্রজন্ম।
বৃক্ষরোপণ, যা হতে পারে সদকায়ে জারিয়ার একটি মাধ্যম
ইসলাম এই সৃষ্টিসেবাকে শুধু পার্থিব উপকারের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"কোনো মুসলমান যখন কোনো গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায়, আর তা থেকে কোনো পাখি, মানুষ কিংবা চতুষ্পদ জন্তু খায়, তখন তা তার জন্য সদকা হিসেবে বিবেচিত হয়।"
— সহিহ আল-বুখারি, হাদিস: ২৩২০
এমনকি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে রাসূল ﷺ বলেছেন,
"যদি কিয়ামত সংঘটিত হতে শুরু করে এবং তোমাদের কারও হাতে একটি চারাগাছ থাকে, আর সে যদি কিয়ামত সংঘটিত হওয়ার আগেই তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে।"
— মুসনাদ আহমদ, হাদিস: ১২৯০২
একটি গাছ, পৃথিবীর জন্যও; আখিরাতের জন্যও
চারপাশের সবুজ রক্ষা করা কেবল পরিবেশবাদী দায়িত্ব নয়; একজন মুসলিমের জন্য এটি হতে পারে ইবাদত, সদকা এবং সদকায়ে জারিয়ার একটি সুন্দর মাধ্যম।
বর্তমানে চলছে শ্রাবণ মাস। আষাঢ় ও শ্রাবণ —এই দুই মাসকে বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময় ধরা হয়। তাই এই বর্ষায় অন্তত একটি গাছ লাগাই।
আজকে যেই গাছটি আপনি লাগাবেন, হয়তো সেই গাছের ছায়ায় একদিন কোনো পথিক বিশ্রাম নেবে, কোনো পাখি আশ্রয় পাবে, কোনো ক্ষুধার্ত মানুষ ফল খাবে। আর সেই প্রতিটি উপকারের প্রতিদান নীরবে জমা হতে থাকবে আপনার আমলনামায়, ইনশাআল্লাহ।
— লেখা সংগৃহীত