03/08/2026
নিজে নিজে কি কুরআন মুখস্থ করা সম্ভব?
কুরআন মুখস্থ করব , এই সিদ্ধান্ত নেওয়ার পর অনেক বড় একটি প্রশ্ন সামনে আসে। তা হলো: কার কাছে মুখস্থ করব? অনেক সময় দেখা যায়, কুরআন মুখস্থ করার জন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও ব্যাপারটি সম্ভব হচ্ছে না, যে কারণেই হোক। তাহলে কি নিজে নিজে মুখস্থ করব?
এক্ষেত্রে প্রথম যা দেখতে হবে তা হচ্ছে, আমাদের নিজেদের তাজউইদের অবস্থা কী। আমরা নিজেরা সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি কিনা। সেটা যদি না পারি, তাহলে কুরআন মুখস্থ করার আগে আমাদেরকে সেটা শিখতে হবে। কারণ, সঠিক উচ্চারণ এবং নিয়ম-কানুন না মেনে কুরআন তিলাওয়াত করলে, আমরা অনেক সময় অজান্তেই অর্থ বদলে দিতে পারি।
⚠️ তাজউইদ শিক্ষা কোনো টিচার ছাড়া সম্ভব নয়।
এই দিকটা যখন ঠিক হয়ে যাবে, তখন আসবে নিজে নিজে মুখস্থ করা সম্ভব কিনা?
হ্যাঁ, সম্ভব। মুখস্থ করা সম্ভব, রিভিশন দেওয়া সম্ভব। নিজে মুখস্থ করে সেটাকে রেকর্ড করে, সেই রেকর্ডিং শুনে নিজেকে শুধরে নেওয়া সম্ভব।
তবে, শেষ পর্যন্ত কাউকে শোনাতেই হবে। সেটা হতে পারে অনেক দূর এগিয়ে যাওয়ার পর, হতে পারে পুরো কুরআন শেষ করার পর, হতে পারে প্রত্যেকটা সূরা শেষ করার পর অথবা প্রতিটি পৃষ্ঠা। সেটা আমরা আমাদের নিজেদের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেব। কিন্তু কাউকে শোনাতেই হবে; না হলে এমন ভুল-ত্রুটি থেকে যেতে পারে যা আমরা কখনো নিজে ধরতে পারব না।
আরেকটি বিষয়: দ্বীনের পথে হোক অথবা কুরআন মুখস্থের ক্ষেত্রে একা থাকাটা কখনো ঠিক না। আমাদের প্রতিনিয়ত খুঁজতে হবে এমন কাউকে, যার সাথে আমাদের দ্বীন শিক্ষা বা কুরআন মুখস্থের সফরটা সহজ হয়ে ওঠে।
আর হ্যাঁ, শিক্ষক বা শিক্ষিকা খোঁজার ক্ষেত্রে মনে রাখতে হবে. সব দিক থেকে ১০০% পারফেক্ট টিচার পাওয়া সম্ভব নয়। কিছু বিষয়ে ছাড় নিজেদের দিতেই হবে। হতে পারে তিনি যেই সময়টা দিচ্ছেন সেটা কষ্টকর, কিংবা পারিশ্রমিক দেওয়া একটু কঠিন, । নিজেদের সাধ্যের বাইরে বোঝা যেমন নেব না, তেমনি একটু কষ্ট স্বীকার করে যা পাওয়া যায়, তাও ছেড়ে দেব না। কুরআন মুখস্থ করা মানেই কিছুটা কষ্ট স্বীকার করা।
তাই সিদ্ধান্ত নিন, আল্লাহর ওপর ভরসা করে শুরু করুন। আল্লাহ সহজ করে দেবেন, ইনশাআল্লাহ। যারা এ বিষয়ে পারদর্শী, তাঁদের উপদেশ নিন, তারপর শুরু করে দিন। অযথা সময় না কাটিয়ে প্রতিদিন একটু একটু করে মুখস্থ করুন। কে জানে, আমাদের ছোট্ট একটা ভালো নিয়তের বিনিময়ে আল্লাহ সামনে হয়তো আরও কত দরজা খুলে দেবেন! ❤️
Online Women Hifz Academy - OWHA
01342-641334