31/05/2026
⚠️ জ্বিলহজ্জ মাসের আইয়্যামে বীজের রোজা রাখবো কবে?
•
শরীয়তের মাসআলা হচ্ছে, বছরে মোট পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ: দুই ঈদের দিন এবং ঈদুল আজহার পরের ৩ দিন। ঈদুল আজহার পরের ৩ দিনকে বলা হয় ‘আইয়্যামে তাশরিক’। এই দিনগুলোতে রোজা না রেখে পানাহার করা এবং আল্লাহকে স্মরণ করার নির্দেশ প্রদান করা হয়েছে।
•
আয়িশা রদিয়াল্লহু আনহা ও আবু সাঈদ খুদরি রদিয়াল্লহু আনহু বলেন, নবিজী ﷺ দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন। তা হলো: ঈদুল ফিতরের দিন ও কুরবানির দিন।
[ইমাম মুসলিম, আস-সহিহ: ২৫৬৪ ও ২৫৬৬]
•
রসূলুল্লহ ﷺ বলেছেন, ‘‘তাশরিকের দিনগুলো হলো পানাহারের দিন।’’
[ইমাম মুসলিম, আস-সহিহ: ২৫৬৭]
•
অন্য একটি হাদিসে এসেছে, রসূলুল্লহ ﷺ বলেন, “তোমরা এই দিনগুলোতে রোজা রেখো না। কেননা, এগুলো পানাহার করা ও আল্লাহকে স্মরণ করার দিন।”
[ইমাম আহমাদ, আল-মুসনাদ: ১০২৮৬; শায়খ আলবানি, সিলসিলা সহিহাহ: ৩৫৭৩; হাদিসটি সহিহ]
•
অতএব, কুরবানির পরের তিন দিন তথা জিলহজ্জ মাসের ১১, ১২ ও ১৩ তারিখ (আইয়্যামে তাশরিকে) রোজা রাখা যাবে না। আমরা যারা প্রতি মাসে আইয়্যামে বীযের (প্রত্যেক আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ) ৩টি সুন্নাহ রোজা রাখি, তারা কী করবো? কেননা, জিলহজ্জের ১৩ তারিখ তো রোজা রাখা নিষিদ্ধ!
•
উত্তর: জিলহজের ১৪ ও ১৫ তারিখ রোজা রাখবো এবং ৩ টি রোজার মধ্যে বাকি আরেকটি রোজা না রাখলেও হবে, কেননা তা রাখলেও নফল হিসেবে গণ্য হবে, আইয়্যামে বীজ হিসেবে গন্য হবেনা। আর নফল সিয়ামের কোন কাযা নেই যে ঐ দিন রাখা হয়নি এজন্যে অন্যদিন রাখতে হবে। ফলস্বরূপ নফল সিয়ামের কাযা না থাকায় পরে অন্যটি রাখা জরুরি না। এজন্যে এ মাসের আইয়্যামে বীজের রোজা মূলত ২ দিন, ৩য় কোন দিন রোজা রাখার আবশ্যকতা নেই। কেউ চাইলে রোজা রাখতে পারে সেটা ভেঙ্গে ভেঙ্গে/পুরো মাস জুড়েও, মূলকথা, না রাখলেও সমস্যা নেই। সুতরাং, আগামী ১লা ও ২রা জুন (সোমবার ও মঙ্গলবার) হলো জিলহজ্জ মাসের ১৪ ও ১৫ তারিখ। এই দুই দিন রোজা রাখবো। এই দুই দিন রোজার সওয়াব আইয়্যামে বীজের ৩ দিনের সওয়াবের মতোই হবে।
•
আবু হুরায়রা রদিয়াল্লহু আনহু বলেন, ‘আমার প্রিয় বন্ধু নবিজি ﷺ আমাকে তিনটি কাজের অসিয়ত করেছেন। সেগুলো হলো: প্রতি মাসে তিনটি রোজা রাখা, দোহার (চাশতের) দুই রাকাত আদায় করা এবং ঘুমানোর আগে বিতর (নামাজ) পড়া।’
[ইমাম বুখারি, আস-সহিহ: ১৯৮১]
•
রসূলুল্লহ্ ﷺ বলেন, “যে ব্যক্তি প্রতি মাসে ৩টি করে (চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখ) রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখে।”
[ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬২; হাদিসটি সহিহ]
•
আবু যার রদিয়াল্লহু আনহুকে নবিজি ﷺ বলেছিলেন, ‘‘হে আবু যার! তুমি যদি প্রতি মাসে ৩ দিন রোজা রাখতে চাও, তবে (আরবি চন্দ্রমাসের) ১৩, ১৪ ও ১৫ তারিখে রাখো।’’
[ইমাম তিরমিযি, আস-সুনান: ৭৬১; হাদিসটি হাসান সহিহ]
উত্তর প্রদানে: মুফতি Affan Bin Sharfuddin