02/07/2026
দ্বীনি প্রতিষ্ঠানের সুরক্ষা, আবাসিক মাদরাসা ব্যবস্থাপনা ও শিক্ষক প্রশিক্ষণ নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত
শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের আহ্বানে রাজধানীর লালবাগে তাঁর প্রতিষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট মাদরাসার পরিচালকদের অংশগ্রহণে একটি দীর্ঘ ও ফলপ্রসূ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় দ্বীনি প্রতিষ্ঠানের সার্বিক সুরক্ষা, আবাসিক মাদরাসার কার্যকর ব্যবস্থাপনা, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার মানোন্নয়ন এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত পরিচালকবৃন্দ এসব বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মাদরাসাকেন্দ্রিক যেসব সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় প্রচারিত হচ্ছে, সেগুলোকে একেবারে উপেক্ষা না করে যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসন, তত্ত্বাবধান, নিরাপত্তা ব্যবস্থা এবং জবাবদিহিতা আরও সুসংগঠিত ও শক্তিশালী করা সময়ের দাবি।
এছাড়াও কয়েক বছর আগের বিভিন্ন ঘটনাকে নতুনভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কারা, কীভাবে এবং কোন উদ্দেশ্যে প্রচার করছে, সেসব বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও মত প্রকাশ করেন যে, বর্তমানে ছোট আকারের নূরানী ও হিফজ মাদরাসাগুলো নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে ভবিষ্যতে বৃহত্তর মাদরাসাগুলোতেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই সময় থাকতেই সকল স্তরের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে আরও সুসংগঠিত, নিরাপদ ও সক্ষম করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
দ্বীনের এই ফুলবাগানগুলো আমাদের সম্মিলিত আমানত। তাই ঝড় আসার অপেক্ষা না করে আগেভাগেই নিরাপত্তা, সুশাসন ও মানোন্নয়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা বিচক্ষণতার পরিচয়। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এ দায়িত্ব পালনে এগিয়ে আসা সময়ের অপরিহার্য দাবি।
আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব ও মাদরাসা উম্মুল কুরা লি-উলূমিল কোরআন বাংলাদেশ-এর মুহতামিম শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল-এর প্রিন্সিপাল শায়েখ ক্বারী নেসার আহমদ আন-নাসেরী, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসা-এর প্রিন্সিপাল মুফতি আবদুল কাইয়ুম মোল্লা, মারকাযুল ফুরকান-এর প্রিন্সিপাল মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ, মাদরাসাতু আহমদ-এর পরিচালক মাওলানা জোবায়ের আহমদ, আল হেরা মাদরাসা-এর পরিচালক মাওলানা জাফর আহমদ মজুমদার, মাদরাসাতুস সাত্তার, শ্রীপুর-এর প্রধান মাওলানা ক্বারী সাইদুল ইসলাম আসাদ, মাদরাসাতুল কোরআন, ঢাকা-এর প্রিন্সিপাল ক্বারী ইলিয়াস লাহোরী, জামিরিয়া ইন্টারন্যাশনাল মাদরাসা, নারায়ণগঞ্জ-এর মুফতি আবু সাঈদ, দারুত তাকওয়া, উত্তরখান-এর প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম, আশরাফুল মাদারিস, উত্তরা-এর প্রিন্সিপাল মাওলানা সালমান রহমান, বায়তুল কোরআন-এর প্রিন্সিপাল মাওলানা আমির হোসাইনসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিশিষ্ট মাদরাসা পরিচালকবৃন্দ।
আল্লাহ তাআলা দেশের সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ রাখুন, তাদের কার্যক্রমে বরকত দান করুন এবং উম্মাহর ভবিষ্যৎ প্রজন্মকে ইলম, আমল ও আখলাক্বের জীবন গড়ে তোলার তাওফীক দান করুন। আমীন।