14/07/2023
কেউ যখন বিবাহ করতে চায়, তখন সে মূলত একটা পরিবার গঠনের দিকে কদম ফেলে। এজন্য বিবাহের পূর্বে তার জন্য আবশ্যক হল পারিবারিক এই সম্পর্কের গঠন ও ধরণ সম্পর্কে সুস্পষ্ট, স্বচ্ছ ও সঠিক ধারণা রাখা। পারিবারিক সম্পর্কের একটি মৌলিক বৈশিষ্ট্য হল, এই সম্পর্ক চিরস্থায়ী এবং এই সম্পর্কের যাত্রা যেমন শুরু হয়েছে জান্নাত থেকে, এর গন্তব্যও জান্নাত।
পারিবারিক সম্পর্ক কখনোই নিঃশেষ হয় না। যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে এবং এই দুনিয়ার সদস্যরা একাকী বা জামাতবদ্ধভাবে দুনিয়া ছেড়ে যাবে। তারা আবার সেই আখেরাতে গিয়ে একত্রিত হবে, যেভাবে তারা দুনিয়াতে ঐক্যবদ্ধ ছিল।
جَنّاتُ عَدنٍ يَدخُلونَها وَمَن صَلَحَ مِن آبائِهِم وَأَزواجِهِم وَذُرِّيّاتِهِم
স্থায়ী জান্নাত,সেখানে তারা ( মুমিনরা) প্রবেশ করবে এবং তাদের পিতা-মাতা, পতি-পত্নী ও সন্তান-সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তারাও। (সুরা রাদ- আয়াত ২৩)
যদি পরিবার মুমিন ও সৎকর্মশীল হয়, তাহলে তারা একে অপরে জান্নাতে মিলিত হবে। আর বিপরীতে যদি উক্ত পরিবারের ভিত্তি কুফুর ও মন্দ আমলের উপর গড়ে উঠে, তাহলে তারা জাহান্নামে একত্রিত হবে।
পারিবারিক সম্পর্কের এই বৈশিষ্ট্যটি মুসলিমদের ভাল করে অনুধাবন করা উচিত। বাস্তবতা হল, আমাদের মুসলিম সমাজ থেকে পারিবারিক সম্পর্কের এই অনুভূতি হারিয়ে গেছে। তারা এই সম্পর্কগুলোকে নিছক স্বার্থ, ভোগ ও প্রবৃত্তির চাহিদার উপর ভিত্তি করে গড়ে নিচ্ছে। ফলে প্রথমত পারিবারিক সম্পর্ক দূর্বল ও ঠুনকো হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত এই সম্পর্ক ভুল দিকে অর্থাৎ আল্লাহর অবাধ্যতার দিকে পরিচালিত হচ্ছে। জাহান্নামকে গন্তব্য বানিয়ে নিচ্ছে।
আপনি একটু কল্পনা করুন। আপনি যখন চিন্তা করবেন, আমার এই সম্পর্ক দুনিয়ার ক্ষণস্থায়ী কোন সম্পর্ক নয় যে, মরে গেলে কিংবা কয়েক প্রজন্ম গেলে শেষ হয়ে যাবে। আমার এই সম্পর্কের গন্তব্য জান্নাত। তখন পারিবারিক সম্পর্কের সাথে জড়িত মানুষগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটাই পালটে যাবে। তাদের প্রতি আপনার সম্মান, ভালবাসা, আবেগ, কল্পনা ও দায়িত্বশীলতা ভিন্ন মাত্রায় পৌঁছে যাবে। এই দৃষ্টিভঙ্গি পরস্পরের অনেক বিভেদ, অনৈক্য, অসন্তুষ্টি, অবহেলা ও ঝগড়াকে অস্তমিত করে দিতে পারে।
পাশাপাশি আপনি যখন গন্তব্য হিসেবে জান্নাতের চিরস্থায়ী মিলনকে সামনে রাখবেন, তখন আপনি আপনার পরিবারকে ইসলামের সীমানার বাইরে যেতে দিবেন না। নিজের অধিনস্থদের আল্লাহর অবাধ্যতা ও দ্বীনহীনতার দিকে ঠেলে দিবেন না। আগত প্রজন্মের সিলসিলাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জন্য আপনি তাদের সেভাবেই গড়ে তুলবেন। আপনি কখনোই তাদেরকে পাপ, অশ্লিলতা, বেপর্দা ও দ্বীনহীনতার দিকে ঠেলে দিবেন না।
এভাবে যেমন আপনার পরিবার উপকৃত হবে, তেমনই মুসলিম উম্মাহও উপকৃত হবে। এভাবে যেমন আপনার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হবে, তেমনি মুসলিম উম্মাহর ভবিষ্যৎও উজ্জ্বল হবে।
© ইফতেখার সিফাত (হাফি.)