24/10/2024
আবু ত্ব-হা মুহাম্মাদ আদনান ভাইয়ের প্রতি,
আপনার প্রতি আমার বেশ সুধারণা রয়েছে। দ্বীনের দরদ আর ভাতৃত্বের জায়গা থেকেই আপনার জন্য দোয়া আর ভালোবাসা আছে আমার৷ তবে, আপনার আজকের এই লেখাটা নিয়ে আমার মনে কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে। প্রশ্নগুলো হলো—
১. আপনি বলছেন যেকোনো উসিলাতেই হোক, ছাত্রলীগকে আল্লাহ আঞ্চলিক আর বৈশ্বিক যালিমের সহযোগি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন।
আমার প্রশ্ন হলো, আঞ্চলিক আর বৈশ্বিক যালিমের সহযোগি কি ছাত্রলীগ কোনোকালেই ছিল না? আঞ্চলিক যালিম বলতে যদি আপনি পার্শ্ববর্তী দেশটাকে আর বৈশ্বিক যালিম বলতে যদি আমেরিকাকে বোঝান, তাহলে আমাকে বলুন তো—আওয়ামিলীগ আসলে এই পনেরোটা বছর কাদের মদদে, আশ্রয়ে, প্রশ্রয়ে আমাদের মাথার ওপর রাজত্ব করেছে?
২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ঘটানো হলো, এতোগুলো মেধাবি, সৎ আর দেশপ্রেমিক সেনা অফিসারকে মেরে ফেলা হলো, এই কাজটা কি আঞ্চলিক যালিমের মদদ ছাড়া হয়েছে বলে আপনি বিশ্বাস করেন?
২৮ শে অক্টোবরের দিন দুপুরে আওয়ামিলীগের লাঠিয়াল বাহিনী লগি বৈঠা দিয়ে যে এতোগুলো মানুষ মারলো এবং লা-শে র ওপর উঠে নৃত্য করলো, এই কাজ কি আঞ্চলিক যালিমের প্রশ্রয় ছাড়া করেছে?
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে দেশে বিদেশে বিতর্কিত একটি ট্রাইব্যুনাল গঠন করে এতোগুলো মানুষকে যে ফাঁসিতে ঝুলানো হলো, আঞ্চলিক যালিমের ইশারা ছাড়া সেটা সম্ভব ছিল?
৫ ই মে তে শাপলায় যা ঘটলো, আপনার কি ধারণা এতে আঞ্চলিক যালিমের কোনো ইন্ধন বা সম্পৃক্ততা নেই?
২০০৯ থেকে ২০২৪, ১৬ টা বছরে এই যে এতোগুলো গুম, ক্রস ফায়ার, নির্বিচারে এতোগুলো হত্যাযজ্ঞ ঘটানো হয়েছে দেশে, আলিম উলামাদের ওপর যে অকথ্য নির্যাতন নেমে এসেছে দিনের পর দিন, দাড়ি টুপির কারণে, ইসলাম পালনের কারণে দিনের পর দিন যারা একটু মনখুলে কথা পর্যন্ত বলতে পারেনি, যারা ঘরে ঘুমোতে পারেনি, যাদের উপড়ে ফেলা হয়েছিল চোখ, যাদের লাশ পাওয়া গেছে মেঘনা আর শীতলক্ষার পানিতে, যাদের অনেকের এখনো কোনো হদিস নেই, আপনার কি ধারণা এতে আঞ্চলিক আর বৈশ্বিক যালিমের কোনো প্রশ্রয় ছিল না?
আবরারের সাথে হওয়া ঘটনায় আঞ্চলিক যালিম সম্পৃক্ত নয়?
তাহলে, আপনি যে বললেন, আল্লাহ তাদেরকে আঞ্চলিক আর বৈশ্বিক যালিমের সহযোগি হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছে, এই কথাটা কি ইনসাফপূর্ণ? আপনার এই কথা কি আওয়ামিলীগ আর ছাত্রলীগের এতোদিনকার সমস্ত দায় আর অপরাধকে লঘু আর হালকা করে দেয় না?
আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি বলেছেন ‘যেকোনো উসিলাতেই হোক আল্লাহ তাদের বাঁচিয়ে দিচ্ছেন।
ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে জুলাই অভ্যুত্থানের ঘটনাকে কেন্দ্র করে।
এই অভ্যুত্থানে আমরা হারিয়েছি আমাদের দুই হাজারেরও অধিক ভাইবোনকে৷ আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম সহ নাম জানা না অজানা কতো কতো মানুষ।
এই মানুষগুলোর আত্মত্যাগকে আপনার কাছে ‘যেকোনো’ উসিলা বলে মনে হলো? আপনার কথা মতে—এই মানুষগুলোর শাহাদাতের বিনিময়ে, আল্লাহ তাআলা ছাত্রলীগকে বাঁচার সুযোগ করে দিয়েছেন?
আমাদের ঘরানার কারো নাম ধরে সমালোচনা আমি জীবনেও করিনি। কিন্তু, গতকালকের ঘটনাকে কেন্দ্র করে আপনার এই চিন্তাগুলোকে প্রশ্ন না করে থাকতে পারলাম না।
আপনি কি দয়া করে আপনার চিন্তাটাকে একটু রিভাইস করবেন? একটু কি ভাববেন, আমরা আসলে বাইরের যালিমের ভয়ে, দেশীয় যালিমের পক্ষে সম্মতি উৎপাদন করে ফেলছি কি না?
কপি মুহতারাম আরিফ আজাদ