24/08/2026
স্ত্রী গরমে ঘেমে অনেক সময় নিয়ে চা-নাশতা বানিয়ে নিয়ে এসেছে।
শ্বশুর, শাশুড়ি সবাই বসে খাচ্ছে।
স্বামী চায়ে চুমুক দিয়ে বিরক্ত হয়ে বলছে—
“নাহ, এখনও তুমি মা’র মতো চা বানাতেই শিখলে না। কতবার বললাম, মা’র কাছ থেকে দেখো—কতখানি লিকার দিতে হয়, শিখো। মা! ওকে দেখিয়ে দিয়েন তো কীভাবে চা বানাতে হয়।”
—এ হচ্ছে “লুমাযাহ”।
এরা সুযোগ পেলেই মানুষের মুখের উপর তার বদনাম করে। কারও কোনো দোষ ধরার সুযোগ পেলে সহজে ছেড়ে দেয় না।
সারাদিন একে ধমকানো, ওকে খোঁচা মারা, একে গালি দেওয়া, ওকে ব্যঙ্গ করা—এগুলো হচ্ছে এদের স্বভাব।
এদের নিজেদের দোষের কোনো শেষ নেই। অথচ নিজের দোষ ঢাকার জন্য এরা সবসময় অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকে।
এদের জিহ্বা হচ্ছে একটি ধারালো অস্ত্র।
এই অস্ত্র দিয়ে সারাদিন এরা একের পর এক মানুষের হৃদয় ক্ষতবিক্ষত করতে থাকে।
রাসূল ﷺ বলেছেন—
“মুসলমান সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।”
📖 [সহিহ বুখারী: ১০, সহিহ মুসলিম: ৪০]
---
আত্মীয় বেড়াতে এসেছে। গল্প করার ফাঁকে জিজ্ঞেস করলো—
“আপনার মেয়ে কেমন আছে? ওর বাচ্চাগুলো ভালো আছে?”
মা উত্তর দিলেন—
“গত সপ্তাহে শুনলাম ওরা অসুস্থ। দেখি শুক্রবারে ফোন করলে বুঝতে পারবো কী অবস্থা?”
আত্মীয় অবাক হয়ে বললেন—
“শুক্রবারে? আপনার মেয়ে প্রতিদিন আপনাকে ফোন করে না? আর আমার মেয়ে প্রতিদিন সকালে ফোন করে সবার আগে আমার খোঁজখবর নেয়। আপনি এত কষ্ট করে মেয়ে বড় করে বিয়ে দিলেন, আর মেয়েটা আপনাকে দিনে একটা ফোনও করতে পারে না!”
মা আমতা আমতা করে বললেন—
“না, না, ব্যাপারটা আসলে সেরকম না। ও ঘর-সংসার, চাকরি নিয়ে অনেক ব্যস্ত থাকে। প্রতিদিন কি আর ফোনে কথা বলা যায়?”
আত্মীয় তার নিজের মেয়ের সাথে আরও কিছু তুলনা করে চলে গেলেন।
তারপর মা সারাদিন বিষণ্ণতায় ভুগলেন এবং বাবার কাছে অভিযোগ করতে থাকলেন—
“দিনে একটা ফোনও করতে পারে না! এই মেয়ের জন্য আমি রক্ত পানি করেছি? কেন একে আমি নয় মাস পেটে ধরেছি! নিজের বাবা-মায়ের থেকে ওর সংসার আজ বেশি বড় হয়ে গেল?”
—হ্যাঁ, সেই আত্মীয় হচ্ছে “হুমাযাহ”।
এরা মানুষে-মানুষে সম্পর্ক বিষিয়ে দিতে পেশাদারি দক্ষতা অর্জন করেছে।
এদের বিষাক্ত জিহ্বার ছোবলে সুখী পরিবারের মধ্যেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যেতে পারে।
আল্লাহ তাআলা বলেন—
“দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে।”
📖 [সূরা আল-হুমাযাহ: ১]
“কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। আর আপনি কি জানেন হুতামা কী? তা আল্লাহর প্রজ্বলিত আগুন।”
📖 [সূরা আল-হুমাযাহ: ৪–৬]
রাসূল ﷺ বলেছেন—
“তোমরা কি জানো গীবত কী?”
সাহাবীরা বললেন, “আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন।”
তিনি ﷺ বললেন—
“তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা, যা সে অপছন্দ করে।”
📖 [সহিহ মুসলিম: ২৫৮৯]
---
হুমাযাতিল লুমাযাহ কারা?
এবার আসুন জেনে নেই হুমাযাতিল লুমাযাহ কারা।
জি, তারা হচ্ছে এমন এক ধরনের মানুষ—
১. যারা অন্যকে তুচ্ছ-তাচ্ছিল্য করে।
২. মানুষের দিকে তাচ্ছিল্যভরে আঙুল দেখায়।
৩. চোখের ইশারা করে ব্যঙ্গ করে।
৪. কারও চরিত্রের কোনো দিক নিয়ে ব্যঙ্গ করে।
৫. কারও মুখের উপর তার বিরুদ্ধে মন্তব্য করে।
৬. কারও পেছনে তার দোষ বলে বেড়ায়।
৭. এর নামে ওর কাছে কথা লাগায়।
এটা তারা একবার-দুইবার করে না।
এমন করতে করতে তা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়।
এরা হচ্ছে হুমাযাতিল লুমাযাহ।
এদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা।
আল্লাহুম্মাগফিরলী।
---
লুমাযাহ শুধু গীবতকারী নয়
মোটকথা, লুমাযাহ হলো—
কর্মক্ষেত্রে, পারিবারিক জীবনে কিংবা বন্ধু মহলে আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা বুক ফুলিয়ে বলেন—
“আমি উচিত কথা বলতে কাউকে ছাড়ি না।”
“আমি উচিত কথা মুখের উপর বলে দেই।”
“আমি অনেক স্ট্রেইট ফরোয়ার্ড!”
“যা মনে আসে তাই বলি।”
সব মহলে ঠোঁটকাটা স্বভাবের হিসেবে আপনি পরিচিত!
সবাইকে একদম সামনেই ধুয়ে দেন এবং এটা নিয়ে আপনি বেশ গর্বও করেন!
কিন্তু মনে রাখবেন—
সত্য কথা বলা আর কাউকে অপমান করা এক বিষয় নয়।
কাউকে সংশোধন করার নামে তাকে ছোট করা, ব্যঙ্গ করা, অপমান করা কিংবা তার দোষ মানুষের সামনে প্রকাশ করা ইসলামের আদর্শ নয়।
ইসলাম আমাদের জিহ্বার হেফাজত, গীবত থেকে বেঁচে থাকা, অন্যকে সম্মান করা এবং নরম ও সুন্দর কথা বলার শিক্ষা দেয়।
আল্লাহ তাআলা সূরা আল-হুমাযাহ-তে এই ধরনের মানুষের জন্য কঠিন সতর্কবাণী দিয়েছেন।
তাই নিজের কথাবার্তা, আচরণ, ইঙ্গিত এবং মানুষের সঙ্গে আমাদের ব্যবহার—সবকিছু নিয়ে আমাদের নিজেদের হিসাব নেওয়া দরকার।
হয়তো আমিও লুমাযাহর অন্তর্ভুক্ত!
হয়তো আমিও কখনো কাউকে ব্যঙ্গ করেছি, কারও দোষ নিয়ে কথা বলেছি, কারও সামনে তাকে ছোট করেছি কিংবা একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দিয়েছি।
তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজেকে সংশোধন করি।
আসুন, আমরা একটু নরম হই।
একটু সহনশীল হই।
অন্যের দোষ খোঁজার আগে নিজের দোষ দেখি।
নিজের অন্তরকে পরিশুদ্ধ করি।
নিজের জিহ্বাকে সংযত করি।
মনে রাখবেন—
আল্লাহ যাকে নম্রতা দিয়েছেন, তিনি দুনিয়ার সেরা নিয়ামতগুলোর একটি পেয়েছেন।
হয়তো আমিও লুমাযাহর অন্তর্ভুক্ত, তবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি।
আল্লাহ আমাদের সবাইকে গীবত, পরনিন্দা, অপমান, ব্যঙ্গ-বিদ্রূপ এবং হুমাযাহ-লুমাযাহর স্বভাব থেকে হেফাজত করুন। আমাদের জিহ্বাকে মানুষের জন্য রহমত বানিয়ে দিন।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন। 🤲
📌 ইসলামী জ্ঞান, কুরআনের শিক্ষা, হাদিস ও আত্মশুদ্ধির নসিহত পেতে পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন।
#হুমাযাহ #লুমাযাহ #হুমাযাতিললুমাযাহ #সূরাহুমাযাহ #গীবত #গীবতথেকেবাঁচুন #পরনিন্দা #জিহ্বারহেফাজত #আত্মশুদ্ধইসলামিকরিমাইন্ডার #দীনিশিক্ষা