23/08/2026
আগামী ও তার পরিবারের নির্মম হত্যাকাণ্ড আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে।
সদ্য মাস্টার্স সম্পন্ন করেছিল আগামী চক্রবর্তী। একজন মেধাবী শিক্ষার্থী, যিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে নিজের ও পরিবারের স্বপ্নকে আরও বড় করে দেখছিলেন। তার বাবা ছিলেন একজন জেলা স্কুলের সম্মানিত শিক্ষক। একটি শিক্ষিত, ভদ্র ও সম্ভ্রান্ত পরিবার যারা সমাজের জন্য সম্পদ হওয়ার কথা ছিল, মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে গেল।
একবার ভেবে দেখুন, একজন "আগামী" তৈরি হতে কত বছর সময় লাগে। একটি শিশুর জন্ম থেকে শুরু করে তার শিক্ষা, মূল্যবোধ, স্বপ্ন ও সংগ্রাম সবকিছু মিলিয়ে একটি জীবন গড়ে ওঠে। অথচ কিছু নৃশংস মানুষ কয়েক মুহূর্তেই সেই জীবনগুলোকে শেষ করে দিল।
গণমাধ্যমের তথ্যমতে, পরিবারের সদস্যদের মরদেহ বাড়ির বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পাওয়া গেছে কারও মরদেহ ছাদে, কারও সিঁড়িতে, কারও কক্ষে। শেষ মুহূর্তে তারা কী ভয়াবহ আতঙ্ক ও অসহায়তার মধ্য দিয়ে গেছেন, তা কল্পনা করাও কঠিন।
প্রশ্ন হলো, এমন ভয়ংকর অপরাধ সংঘটনের সাহস অপরাধীরা কোথা থেকে পায়? যখন অপরাধের বিচার বিলম্বিত হয়, যখন আইনের শাসন দুর্বল হয়ে পড়ে, তখনই সমাজে এই ধরনের বর্বরতা মাথাচাড়া দিয়ে ওঠে।
আজ এই ঘটনা ঘটেছে আগামী ও তার পরিবারের সঙ্গে। কাল এটি যে কারও সঙ্গে ঘটতে পারে আপনার, আমার বা আমাদের প্রিয়জনদের সঙ্গে। তাই এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের ট্র্যাজেডি নয়; এটি আমাদের রাষ্ট্র, সমাজ ও বিচারব্যবস্থার জন্যও এক কঠিন প্রশ্ন।
ব্যক্তিগতভাবে আমার কাছে বারবার ডাকাতি হয়েছে বলে সামনে আনার বিষয়টি বোধগম্য হয় না। তবে তদন্ত শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে পৌঁছানোও ঠিক নয়। এই ঘটনার নৃশংসতা, হত্যার ধরন এবং বিভিন্ন তথ্য স্বাভাবিকভাবেই মানুষের মনে বহু প্রশ্নের জন্ম দিচ্ছে। তাই প্রয়োজন নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্ত, যাতে প্রকৃত সত্য উদঘাটিত হয় এবং কোনো প্রশ্নের অবকাশ না থাকে।
আমরা আশা করি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে এবং বিচার নিশ্চিত করবে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনের শাসন ও ন্যায়বিচারের সুপ্রতিষ্ঠা ছাড়া কোনো সমাজই নিরাপদ হতে পারে না।
আজ আগামী। কাল হয়তো আমি, আপনি বা আমাদেরই কেউ। তাই ন্যায়বিচারের দাবিতে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।
#আগামীচক্রবর্তী