09/07/2026
বোবা মানুষেরও শত্রু থাকে: মানুষ নামের পশুদের হাত থেকে রেহাই পাননি বুবি!
ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছিলাম—"বোবা মানুষের কোনো শত্রু নেই।" কিন্তু আমাদের এই নিষ্ঠুর, বাস্তব পৃথিবী আজ সেই পুঁথিগত বিদ্যাকে চরমভাবে মিথ্যা প্রমাণ করে দিল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, লোভ আর হিংস্রতায় মানুষ মাঝে মাঝে পশুর চেয়েও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
নরসিংদীর মেথিকান্দা রেলওয়ে স্টেশনের দীর্ঘ ২৫ বছরের চেনা মুখ, ৭০ বছর বয়সী বাক্প্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী বুবি আর আমাদের মাঝে নেই। স্টেশনের প্ল্যাটফর্ম ঝাড়ু দিয়ে, দোকানদারদের কাছ থেকে পাওয়া যৎসামান্য পারিশ্রমিক আর মানুষের ভালোবাসায় তিল তিল করে জমিয়েছিলেন মাত্র ৪০ হাজার টাকা।
কিন্তু গত শনিবার (৪ জুলাই) গভীর রাতে সেই সামান্য সঞ্চয়টুকুই কেড়ে নিল বুবির প্রাণ। একদল নরপশু তাঁর ঘরে ঢুকে টাকা দাবি করে। কথা বলতে না পারা এই অসহায় বৃদ্ধা নিজের কষ্টার্জিত টাকা দিতে অস্বীকৃতি জানালে, তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয় এবং টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অবশেষে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
যে মানুষটি মুখ ফুটে নিজের কষ্টের কথা বলতে পারতেন না, কারও কোনো ক্ষতি করেননি, জীবনের শেষ বয়সে এসে তাকে এভাবে টাকার জন্য নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো? এর চেয়ে বড় সামাজিক অবক্ষয় আর কী হতে পারে!
এই জঘন্য ও কাপুরুষোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের কাছে আকুল আবেদন, এই নির্মম ঘটনার সাথে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।