17/06/2023
একজন মানুষ যখন দ্বীনদার হতে শুরু করেন, তখন তার মাঝে এ পরিবর্তনটা প্রথমে শুরু হয় মনের দিক থেকে। আল্লাহ তাআলা তার অন্তরে একটি অনুভূতির আলো দান করেন, যা তাকে আল্লাহমুখি করে দেয়। এরপর সেই অনুভূতিটুকুর কারণেই ধীরে ধীরে তার বেশভূষা পোশাক আশাক কথা বার্তাতেও পরিবর্তন আসতে থাকে।
আবার যখন এর বিপরীতটা ঘটে। একটি লম্বা সময় দ্বীনের পথে চলার পর যখন কেউ আবার পূর্বের অবস্থাতে ফিরে যায়, তখনও এই পরিবর্তনটা মনের দিক থেকেই প্রথমে শুরু হয়। মন যখন পরিবর্তন হয়ে যায়, এরপর পোশাক আশাকেও পরিবর্তন আসে। পালটে যায় তার কথাবার্তার ধরন, স্বভাব চরিত্রও।
তবে সবচেয়ে আশঙ্কার ব্যাপার হল, এই দ্বিতীয় ক্ষেত্রে অনেক সময় মানুষ ধার্মিকতার লিবাসটা ছাড়তে পারে না। লোকচক্ষুর ভয়ে, সমাজের ভয়ে। দাড়ি পাঞ্জাবি হিজাব নিকাব সব আগের মতই থাকে। পরিবর্তন হয়ে যায় শুধু মনটা। নিজের সাথে এবং নিজের রবের সাথে তখন সে এক ভয়ঙ্কর প্রতারণা করেই যায়, কিন্তু লিবাসটুকু ধরে রাখার কারণে তারপরও সে হয়তো সবার চোখে আগের মতই থাকে।
একজন খাঁটি আল্লাহওয়ালা, দ্বীনের ব্যাপারে অভিজ্ঞ কারো সাথে ঘনিষ্ট সম্পর্ক না থাকলে, নিজের এই অধ:পতনের ব্যাপারে টেরও পায় না বহু মানুষ।। বরং বাহ্যিক বেশভূষা ঠিক থাকার কারনের আত্মতৃপ্তিতেই ভুগতে থাকে আজীবন।
বড়ই দামী একটি দুআ -
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوۡبَنَا بَعۡدَ اِذۡ هَدَیۡتَنَا وَهَبۡ لَنَا مِنۡ لَّدُنۡکَ رَحۡمَۃً ۚ اِنَّکَ اَنۡتَ الۡوَهَّابُ
আল্লাহ! হিদায়েত দান করার পর পুনরায় আমাদের পথভ্রষ্ট করে দিবেন না। আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাযিল করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। - সুরা আলে ইমরান, আয়াত ৮
-----------
(কথাগুলো নিজেকে উদ্দেশ্য করেই লিখা। তবে এর পাশাপাশি যদি এটি কারো চিন্তা-চেতনায় পরিবর্তন আনে, তাহলে সেটা তার ও আমার, উভয়ের জন্য সৌভাগ্যের কারন হবে ইন'শা'আল্লাহ।)
© Rizwan Kabir