01/10/2026
বিশ্বের নানা প্রান্তে সংঘাত ও সংকটের মধ্যে বিশ্বশান্তির জন্য একসঙ্গে রোজারি প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ২২ অক্টোবর, সেন্ট জন পল দ্বিতীয়ের পর্বে বিশ্বের ক্যাথলিকদের জন্য আয়োজন করা হচ্ছে ‘গ্লোবাল রোজারি ফর পিস’।
পোপ লিও চতুর্দশের বিশ্বশান্তির জন্য রোজারি প্রার্থনার আহ্বানের পরিপ্রেক্ষিতে এই আন্তর্জাতিক প্রার্থনা উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার, প্যারিশ, স্কুল, ধর্মীয় সম্প্রদায় এবং ব্যক্তিগতভাবে সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, খবর: EWTN.
‘হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজ’ এই উদ্যোগের আয়োজন করছে। পরিবারে একসঙ্গে প্রার্থনার চর্চা বাড়ানো এবং বিশ্বস্তদের রোজারি প্রার্থনায় উৎসাহিত করা এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজের প্রেসিডেন্ট ফাদার ফ্রেড জেঙ্গা, সিএসসি, বলেন, বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সংকট মানুষকে আরও বেশি প্রার্থনার দিকে আহ্বান করে। গত বছরের আয়োজনের পরও বিশ্বে বিভিন্ন সংকট ও সংঘাত চলমান থাকায় এবারও মানুষকে একসঙ্গে প্রার্থনায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফাদার জেঙ্গা বলেন, পরিবারে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে জীবনের কেন্দ্রে ফিরিয়ে আনা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, পরিবার যখন প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে কেন্দ্রে রাখে, তখন পরিবারে ভালোবাসা ও দয়ার পরিবেশ গড়ে ওঠে।
রোজারি প্রার্থনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোজারির বিভিন্ন রহস্য মানুষের জীবনের নানা সময় ও অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত। আনন্দ, দুঃখ, দায়িত্ব, মিশন এবং গৌরবের মতো জীবনের বিভিন্ন পরিস্থিতির মধ্যেও রোজারি প্রার্থনা করা যায়।
ফাদার জেঙ্গা আরও বলেন, সাধুদের জীবনের দিকে তাকালে খ্রিস্টযাগ ও রোজারির প্রতি গভীর ভালোবাসা তাদের জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়। তিনি মনে করেন, পরিবার ও ব্যক্তিগত জীবনে বিশ্বাস ও আধ্যাত্মিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রেও এই দুইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
হলি ক্রস ফ্যামিলি মিনিস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন ভেনারেবল প্যাট্রিক পেটন, যিনি ‘রোজারি প্রিস্ট’ নামে পরিচিত ছিলেন। তাঁর বিখ্যাত আহ্বান ছিল, ‘যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে, সেই পরিবার একসঙ্গে থাকে।’
ফাদার জেঙ্গা জানান, বর্তমান সময়ে বিশ্বে অনেক সংঘাত চলমান থাকায় বিশ্বশান্তির জন্য বিশেষভাবে প্রার্থনা প্রয়োজন। ইতিহাসের বিভিন্ন সংকটের সময় চার্চ রোজারি প্রার্থনার দিকে মানুষকে আহ্বান করেছে বলেও তিনি উল্লেখ করেন।
‘গ্লোবাল রোজারি ফর পিস’-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে ফাদার জেঙ্গা আশা প্রকাশ করেন, তারা প্রার্থনার শক্তির ওপর নিজেদের বিশ্বাস নতুন করে আবিষ্কার করবেন। একই সঙ্গে এই বৈশ্বিক প্রার্থনা যেন পরিবারে নিয়মিত ও ছোট পরিসরে প্রার্থনার নতুন সূচনা করে এবং বিশ্বের শান্তির জন্য প্রার্থনা অব্যাহত রাখে, সেই প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।
মূল: EWTN News / Catholics worldwide invited to join Global Rosary for Peace